১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব যত্ন

দেহের ভেতর থেকেও ঠান্ডা রাখতে জানলে ত্বকের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়।

বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখবে যেসব যত্ন
বৈশাখী সাজে নানান বয়স আর শ্রেণি-পেশার হাজারো মানুষ বর্ষবরণের বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 04:31 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

পহেলা বৈশাখের দিনে বা গরমে যে কোনো সময় ঘোরাঘুরি মানেই ত্বকে রোদ, ঘাম আর ধুলাবালির প্রভাব। প্রকৃতির এই রুক্ষ সময়টায় ত্বকই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়— ‘ডিহাইড্রেইশন’ বা পানিশূন্যতা, র‌্যাশ, ব্রণ, রোদে পোড়া ভাব— সব মিলিয়ে ত্বক যেন ক্লান্ত হয়ে পড়ে।

তাই এই সময়ে শুধু সুন্দর মেইকআপ করলেই হবে না, বরং ঠান্ডা ও স্বস্তিতে রাখাও জরুরি।

পরিষ্কার-পরিচ্ছন্নতায় ত্বকের স্বস্তি

“প্রথমেই দরকার ত্বকের সঠিক পরিষ্কার-পরিচ্ছন্নতা। গরমে ঘাম বেশি হওয়াতে ত্বকে ময়লা জমে দ্রুত। দিনে অন্তত দুই থেকে তিনবার হালকা ফেইসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক শ্বাস নিতে পারে” বলেন বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি।

তিনি আরও পরামর্শ দেন, “তবে অতিরিক্ত ধোয়া থেকেও বিরত থাকতে হবে, কারণ এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যেতে পারে। বৈশাখী আয়োজন উদযাপন শেষ রাতে অবশ্যই মুখ পরিষ্কার জরুরি।”

ভেতর থেকে ঠান্ডা রাখার উপায়

“ত্বক ঠান্ডা রাখতে সবচেয়ে কার্যকর উপাদানগুলোর একটি হল পানি। শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও ত্বককে আর্দ্র রাখতে দিনে পর্যাপ্ত পানি পান করতে হবে”- শারমিন কচি।

পাশাপাশি শসা, তরমুজ, ডাবের পানি এসব জলীয় খাবার ত্বককে ভেতর থেকে ঠান্ডা রাখে। বাইরে ঘোরাঘুরিতে সাথে রাখতে হবে পানিধর্মী জলীয় খাবার।

প্রাকৃতিক উপাদানে শীতল যত্ন

গরমে ত্বকে আরাম পেতে প্রাকৃতিক উপাদানের ব্যবহারও বেশ উপকারী।

শারমিন কচি পরামর্শ দেন, “অ্যালোভেরা জেল ত্বকে লাগালে তা ত্বককে শীতল করে এবং রোদে পোড়াভাব কমাতে সাহায্য করে। একইভাবে গোলাপজল ব্যবহার করলে ত্বক সতেজ থাকে এবং অতিরিক্ত তাপ কমাতেও সহায়ক। ফ্রিজে রাখা ঠান্ডা গোলাপজল তুলো দিয়ে মুখে লাগালে সাথে সাথে প্রশান্তি পাওয়া যায়।”

বাইরে ঘুরতে যাওয়ার আগে ব্যাগে শীতলতা দেওয়া এই উপাদানগুলো রাখা জরুরি।

রোদ থেকে সুরক্ষা

রোদে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা বিলাসিতা নয়, বরং প্রয়োজন। বৈশাখের পহেলা দিনের এই সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করে। ফলে ত্বক আসবে কালচেভাব যা মেইকআপেও আড়াল করা সম্ভব না, সাথে জ্বালাপোড়াও অনুভূত হতে পারে।

তাই বাইরে যাওয়ার অন্তত ১৫–২০ মিনিট আগে সানস্ক্রিন লাগানো উচিত এবং দীর্ঘ সময় ঘোরাঘুরিতে বাইরে থাকলে পুনরায় ব্যবহার করতে হবে।

হালকা মেইকআপে ত্বকের স্বস্তি

গরমে ভারী মেইকআপ ত্বকের জন্য বাড়তি চাপ তৈরি করে। তাই যতটা সম্ভব হালকা বা ‘মিনিমাল মেইকআপ’ করার পরামর্শ দেন এই রূপ বিশারদ।

এতে ত্বক শ্বাস নিতে পারে এবং ব্রণের ঝুঁকি কমে।

সঠিক পোশাকে আরামদায়ক অনুভূতি

পোশাকের ক্ষেত্রেও কিছু সচেতনতা দরকার। হালকা, ঢিলেঢালা ও সুতির কাপড় শরীরের পাশাপাশি ত্বককেও স্বস্তি দেয়।

ঘাম কম হয় এবং ত্বকে বাতাস চলাচল সহজ হয়, ফলে ত্বক ঠান্ডা থাকে। সুতির শাড়ি, পাঞ্জাবি, জামা ত্বককে আরাম দেবে।

আরও পড়ুন

দ্রুত রোদপোড়া-ভাব কমাতে প্রাকৃতিক উপাদান

গরমে ত্বকের যত্নে যেসব ভুল করা যাবে না

যেভাবে বুঝবেন ত্বক পরিচর্যায় পরিবর্তন দরকার