২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঘরের মধ্যেই থাকতে পারে ফোনমুক্ত এলাকা

নোটিফিকেইশনের শব্দ বা বেশিরভাগ সময় ফোনের দিকে তাকিয়ে থাকার কারণে মস্তিষ্ক বিশ্রাম পায় না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 03:06 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

স্মার্টফোন যোগাযোগ সহজ করেছে, কাজের গতি বাড়িয়েছে, এমনকি বিনোদনের নতুন সব মাধ্যমও খুলে দিয়েছে। তবে একই সঙ্গে যন্ত্রটি মনে চাপ, অতিরিক্ত উত্তেজনা ও মানসিক ক্লান্তি আনছে।

একের পর এক বার্তা, নীরব সতর্কসংকেত আর বিরামহীনভাবে পর্দা দেখা মনকে সব সময় সতর্ক অবস্থায় রাখে।

এই অবস্থায় ঘরের ভেতরের কিছু জায়গা ফোনমুক্ত এলাকা তৈরি করা, মানসিক বিশ্রামের একটি কার্যকর উপায় হতে পারে।

ধীরে ধীরে এই অভ্যাস মনকে শান্ত করে, মনোযোগ বাড়ায় এবং সব ধরনের সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে।

ফোনমুক্ত এলাকা মানে কী এবং কেন প্রয়োজন?

ফোনমুক্ত এলাকা বলতে ঘরের এমন কিছু জায়গাকে বোঝানো হয়, যেখানে নিজের ইচ্ছায় ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি কোনো শাস্তি বা কঠোর নিয়ম নয়, বরং নিজের মানসিক স্বাস্থ্যের জন্য সচেতনভাবে নেওয়া এক ধরনের যত্ন।

যুক্তরাষ্ট্রের ‘বিহেইভিয়ারাল হেল্থ’য়ের ক্লিনিক্যাল পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মেলিসা লেজেরে রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “আগে বুঝে নেওয়া জরুরি এই জায়গা কোন কাজে ব্যবহার করা উচিত। বিশ্রাম, সম্পর্কের যত্ন, নাকি সৃজনশীল ভাবনা। নিজের উদ্দেশ্য পরিষ্কার হলে সেই অনুযায়ী পরিবেশ সাজানো সহজ হয়।”

সাধারণত পরিবেশগত ইঙ্গিত মানুষকে আচরণ বদলাতে সাহায্য করে। ফলে যেখানে ফোন চোখের সামনেই নেই, সেখানে সেটি ধরার তাগিদও কমে যায়।

বসার ঘর ও শোবার ঘর থেকে শুরু করা

ফোনমুক্ত এলাকা তৈরির জন্য বসার ঘর ও শোবার ঘর সবচেয়ে কার্যকর জায়গা হতে পারে। বসার ঘর যদি পারিবারিক যোগাযোগের কেন্দ্র হয়, তবে সেখানে ডিজিটাল বিভ্রান্তি সরিয়ে রাখা দরকার।

এমন জায়গায় মূলত মনের কথা বলার জনা, পুরানো ছবির অ্যালবাম বই, সাময়িকী রাখা যেতে পারে। এতে মানুষ স্বাভাবিকভাবেই পরস্পরের সঙ্গে কথা বলতে আগ্রহী হয়।

শোবার ঘরের ক্ষেত্রে ফোন দূরে রাখার অর্থ হল- মন ও শরীরকে বিশ্রামের সংকেত দেওয়া। এই অভ্যাস ঘুমের মান উন্নত করারও ভালো উপায়।

খাবার টেবিল ও শোবার ঘরের গুরুত্ব

খাবার টেবিল ও শোবার ঘর হল- এমন দুটি জায়গা, যেখানে ফোনমুক্ত নিয়ম সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।

খাবার টেবিলে ফোন না থাকলে পরিবারের সদস্যদের মধ্যে কথাবার্তা বাড়ে, পারস্পরিক বোঝাপড়াও গভীর হয়।

আর শোবার ঘরে ফোন না থাকলে ঘুমের স্বাস্থ্য ভালো থাকে। এই অভ্যাস শুরুতে অস্বস্তি লাগতেই পারে। তবে নিয়মিত চর্চা করলে নতুন অভ্যাস গড়ে ওঠে।

যে কারণে সময়ের কাঠামো তৈরি করা জরুরি

মুঠোফোনমুক্ত এলাকা কার্যকর করতে হলে সময়ের একটি নির্দিষ্ট কাঠামো খুবই দরকার।

মেলিসা লেজেরে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিটের একটি সময় নির্ধারণ করার পরামর্শ দেন, যা কোনো অবস্থাতেই ভাঙা যাবে না।

এই সময়টিতে ফোন ছাড়া অন্য কোনো আরামদায়ক কাজ করা যেতে পারে। যেমন- ছাপা বই পড়া, হালকা ব্যায়াম, সংগীত শোনা বা পরিবারের কারও সঙ্গে গল্প করা।

এতে ধীরে ধীরে মস্তিষ্ক এই নিরিবিলি সময়ের জন্য অপেক্ষা করতে শেখে এবং এই বিরতিকে উপভোগ করতে শুরু করে।

মানসিক চাপ ও অতিরিক্ত চিন্তার বোঝা কমে

প্রতিটি সতর্কসংকেত বা কম্পন মস্তিষ্কে অজান্তেই চাপ তৈরি করে।

‘হেল্থ’য়ের থেরাপিস্ট কিয়ানা শেলটনের মতে, “মস্তিষ্ক যখন সব সময় সক্রিয় অবস্থায় থাকে, তখন চাপের হরমোন কর্টিসল বেড়ে যায়। ফোনমুক্ত এলাকা মস্তিষ্ককে এমন সময় দেয়, যখন কোনো অতিরিক্ত উদ্দীপনা নেই।”

এই বিরতি দীর্ঘমেয়াদে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে পরিষ্কার ও শান্ত করে।

ঘুমের মান উন্নত হয়

ফোনের পর্দা থেকে নির্গত নীল আলো শরীরের প্রাকৃতিক ঘুম-জাগরণ চক্রে বাধা সৃষ্টি করে। শোবার ঘরে ফোন না রাখলে মেলাটোনিন হরমোনের নিঃসরণ স্বাভাবিক থাকে, যা ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়।

পাশাপাশি শেষ মুহূর্তের বার্তা বা পর্দায় স্ক্রল করার অভ্যাস উদ্বেগ বাড়ায়।

শোবার ঘরকে ফোনমুক্ত রাখলে মস্তিষ্ক বুঝতে পারে, জায়গাটি শুধুই বিশ্রামের জন্য। ফলে ঘুম হয় গভীর ও আরামদায়ক।

সম্পর্কের গভীরতা ও যোগাযোগের উন্নতি

ফোন পাশে না থাকলে মানসিক ও শারীরিকভাবে সামনে থাকা মানুষের কাছাকাছি আসা যায়। চোখে চোখ রেখে কথা বলা, মুখের ভাব বোঝা, কথোপকথনের সূক্ষ্ম ইঙ্গিত ধরতে পারা এসবই সম্পর্ককে দৃঢ় করে।

ফোনমুক্ত মুহূর্তগুলো মানুষকে অনুভব করায় যে, তার উপস্থিতি মূল্যবান। এই অনুভূতিই সম্পর্কের বন্ধনকে শক্ত করে।

সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকাশ

নিরবচ্ছিন্ন পর্দা দেখা মস্তিষ্ককে দ্রুত উত্তেজনার অভ্যাসে অভ্যস্ত করে তোলে। তবে ফোনমুক্ত এলাকায় সেই চাপ না থাকায় মন একটু ফাঁকা থাকে।

মেলিসা লেজেরে একে ‘উৎপাদনশীল একঘেয়েমি’ বলে উল্লেখ করেন। এই অবস্থায় নতুন ভাবনা, নতুন শখ বা সৃজনশীল কাজের জন্ম হয়।

আঁকাআঁকি, লেখা, সংগীতচর্চা বা হাতে-কলমে কোনো কাজ মস্তিষ্কের ভিন্ন অংশকে সক্রিয় করে, যা নতুন ভাবনা আনতে সাহায্য করে।

মনোযোগ ও বর্তমান মুহূর্তে থাকার ক্ষমতা বাড়ে

ফোন দূরে থাকলে চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ে। তখন ছোট ছোট বিষয় লক্ষ্য করা যায়। ঘরের আলো, শব্দ, গন্ধ— যা বর্তমান মুহূর্তে স্থির থাকতে সাহায্য করে।

এই অভ্যাস ধীরে ধীরে জীবনের অন্য ক্ষেত্রেও মনোযোগী হতে শেখায়।

অভ্যাসটি টিকিয়ে রাখার উপায়

ফোনমুক্ত এলাকা টিকিয়ে রাখতে হলে নিয়মিত চর্চা ও ধৈর্য জরুরি। শুরুতে অস্বস্তি হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে পরিবারে শিশু থাকলে।

তবে নিজেরা এই নিয়ম মানলে, শিশুরাও তা অনুসরণ করতে শেখে। মাঝেমধ্যে নিয়ম ভেঙে গেলে হতাশ না হয়ে আবার চেষ্টা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

অল্প বয়সিদের হাতে স্মার্টফোন দেওয়াতে ক্ষতি

মনোযোগ হারানোর কারণ কি ফোন! না কি আপনি নিজেই?

ক্লান্তির কারণ হতে পারে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম