যেসব কাঁচা পণ্য অনলাইন থেকে কেনা উচিত না
কাঁচা বাজার করা কৌশলের ব্যাপার। আর অনলাইনে পরখ করার উপায়ই থাকে না যে কাঁচা পণ্যটি ভালো না খারাপ।
অনলাইনে অন্যান্য সামগ্রী কেনা নিরাপদ হলেও বাজার সদাইয়ের ক্ষেত্রে সাবধান থাকা উচিত।
কোভিড-১৯ মহামারীর সময় থেকে অনলাইনে কেনাকাটা করার বিষয়টা এখন নিয়মিত হয়ে গিয়েছে। শুধু তাই নয় নিত্য প্রয়োজনীয় বাজারও করা হয়।
তবে নিউ ইয়র্ক’য়ের প্রশিক্ষণপ্রাপ্ত রন্ধনশিল্পী ও খাদ্য-বিষয়ক লেখক লিজি ব্রিসকিন’য়ের মত হচ্ছে কিছু কাঁচা পণ্য অনলাইন থেকে একেবারেই কেনা উচিত না।
‘ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “বাসায় বাজার চলে আসছে, খাটনি কম হচ্ছে; ঠিক। তবে সব সামগ্রী যে ভালো থাকবে সেটার নিশ্চয়তা পাওয়া যাবে না।”
কোন ধরনের কাঁচা বাজার অনলাইন থেকে কেনা উচিত না সেই বিষয়ে পরামর্শও দেন তিনি।
ডিম: দাম বেড়েছে ডিমের, এরমধ্যে দুয়েকটা ডিম যদি অনলাইন থেকে কেনার পর ভাঙা পাওয়া যায় তবে নিশ্চই মেজাজ খারাপ হবে।
দোকান থেকে নিজে কিনলে ভাঙা না, আস্ত, নষ্ট হয়নি এরকম ডিম দেখে নেওয়া যায়।
অ্যাভোকাডো: দেশীয় বাজারে এই ফলের প্রাপ্যতা কম হলেও অনেক সুপারশপে পাওয়া যায়। ডিমের মতো এই ফলও সহজে নষ্ট হতে পারে। আর এটা দামি জিনিস। কিছু দিন রেখে খেতে চাইলে নিজে বেছে কিছুটা কাঁচা অ্যাভোকাডো নেওয়া যাবে দোকানে গিয়ে। কিন্তু অনলাইন থেকে যেটা পাঠাবে সেটা হয়ত একদিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে।
তরমুজ বাঙ্গি ফুটি ধরনের খাবার: এই ধরনের বড় ফল বা সবজি বাজারে গিয়ে দেখেশুনে কেনা উচিত। কারণ ভেতরে কতটা ভালো অবস্থায় আছে সেটা অনলাইনে বসে বোঝার কোনো উপায় নেই। একটু ভারী, নিজে বইতে হবে তবে টাটকা ভালোটা নিয়ে ঘরে ঢুকতে পারবেন।
টাটকা ফুল: খুবই ভালো নির্ভরযোগ্য দোকান না হলে অনলাইনে ফুল অর্ডার করা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ পরিবহনের সময় খুব সহজেই ফুলের মাথা পাঁপড়ি ঝরে যেতে পারে। অন্যদিকে নিজে গিয়ে কিনলে যত্ন করে বাসায় নিয়ে আসা যায়, তাছাড়া পছন্দমতো গন্ধ ও রং বাছাই করা সম্ভব হয়।
দানাদার শাঁসযুক্ত ফল: পিচ, বড়ই, আপেল এই ধরনের ফল যা কিনা মাঝের দানা ঘিরে ফলের শাঁস রয়েছে সেগুলো সহজেই থেঁতলে যায়। বাজার থেকে নিজে কিনে আনলে সে ভয় থাকে না।
লেটুস: লেটুসের কচকচেভাবটাই যদি নষ্ট হয়ে যায়, তবে আর কী থাকলো। পরিবহনের সময় খুব সহজেই লেটুসের টাটকাভাব হারাতে পারে চাপ পড়ে। তাছাড়া গরমে বেশিক্ষণ থাকলে লেটুস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তাই লেটুস নিজে গিয়েই কেনা উচিত।
টমেটো: এই সবজিও খুব সহজে চাপ পড়ে নষ্ট হতে পারে। আর টমেটো একবার থ্যাঁতলালে খাওয়ার উপায় থাকে না। তাই বাজারে গিয়ে নিজে টমেটো কিনে আনুন।
মাছ: সব মাছই বিক্রি করার আগ পর্যন্ত বরফে রাখা হয়। আর রান্না করার ঠিক আগে বরফ গলিয়ে মাছের তরকারি তৈরি করা উচিত।
এখন অনলাইন কেনার মানেই হলে, বরফে রাখা মাছ প্যাকেটজাত করে পাঠানো হচ্ছে। সেটা কতক্ষণ আগে মোড়কে ভরা হয়েছে, কতক্ষণ কক্ষ তাপমাত্রায় ছিল, কতক্ষণ রাস্তায় ছিল নিয়ে আসার সময়- এসব বিষয়গুলো জানার উপায় থাকে না।
তাই বাজার থেকে টাটকা মাছ কেটে ধুয়ে নিজের ফ্রিজে জমিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুন
