আরও ছয় কার্গো এলএনজি কিনছে সরকার
জাপান থেকে এলএনজি কেনার প্রস্তাব ভেটিং করে পরবর্তী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।
পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে আরও ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অর্থ মন্ত্রণালয় রোববার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে প্রতি এমএমবিটিইউতে ০.১৭ ডলারে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে।
‘প্রয়োজনে’ উভয় পক্ষের সম্মতিতে অতিরিক্ত কার্গো কেনার প্রস্তাবেও শনিবারের সভায় সায় দেওয়া হয়।
এছাড়া কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান মূল্য থেকে ভিন্ন মূল্যে এক কার্গো এলএনজি কিনবে সরকার।
এছাড়া জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড থেকে এলএনজি কেনা এবং স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানটি থেকে এলএনজি ক্রয়-বিক্রয় চুক্তির নীতিগত অনুমোদনের প্রস্তাব সভায় ওঠে। কমিটি প্রস্তাবটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং গ্রহণ করে পরবর্তী সভায় তোলার সিদ্ধান্ত দেয়।
