Published : 12 Oct 2025, 01:13 PM
রান্নাঘর বাড়ির সবচেয়ে বেশি ব্যবহৃত জায়গা। প্রতিদিনের খাবার তৈরির পাশাপাশি এখানে জমে যায় অনেক অপ্রয়োজনীয় জিনিস। যেগুলো হয়ত মাসে একবারও ব্যবহার করা হয় না।
বিশেষ করে কোনো অনুষ্ঠান শেষে রান্নাঘরে চোখ দিলেই দেখা মেলে নানান ধরনের পাত্র, ছুরি, কুকার, বেইকিং প্যান, কাপ, মগ। যেন সবকিছুর ভিড় এখানেই।
যুক্তরাষ্ট্রের ‘রিয়েলসিম্পল’ সাময়িকীর লাইফস্টাইল লেখক ও সম্পাদক লিসা মিলব্র্যান্ড প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “রান্নাঘর গোছানোর সবচেয়ে কার্যকর উপায় হল- মৌসুম অনুযায়ী ব্যবহার না হওয়া জিনিস সরিয়ে রাখা। যেমন- শীতে যেসব জিনিস দরকার হয় না, সেগুলো গ্রীষ্ম পর্যন্ত অন্য জায়গায় রাখা যেতে পারে।”
মৌসুম বদলালে রান্নাঘরও বদলানো
যেভাবে ঋতু পরিবর্তনের সঙ্গে পোশাক বদলানো হয়, ঠিক তেমনি রান্নাঘরের জিনিসপত্রও মৌসুম অনুযায়ী গোছানো উচিত।
লিসা বলেন, “প্রতি মৌসুমের শেষে কয়েক মিনিট সময় নিয়ে রান্নাঘর ঘেঁটে দেখতে হবে। কোন জিনিসগুলো আসলে ব্যবহার করছেন না।”
যেমন- গ্রীষ্মে ব্যবহৃত ঠাণ্ডা পানীয়র গ্লাস বা আইসক্রিম খাওয়ার ছোট বোল কিংবা শীতে ব্যবহৃত বড় রোস্টিং প্যান বা গ্রিল প্যান যা আবার গ্রীষ্মে ব্যবহার করা হয় না। এসব সাময়িকভাবে তুলে রেখে জায়গা খালি করা ভালো কৌশল।
এতে রান্নাঘরের শেলফে নতুন করে শ্বাস নেওয়ার মতো জায়গা তৈরি হবে।
অপ্রয়োজনীয় রান্নার যন্ত্রপাতি সরিয়ে রাখা
এমন যন্ত্র হয়ত কেনা হয়েছে, যেগুলোর ব্যবহার খুবই কম। যেমন- স্যাণ্ডউইচ মেকার, বড় বেইকিং মোল্ড, রুটি মেইকার, কফি মেশিন, চকলেট ফাউন্টেন জুসার/ ব্লেন্ডার (বড়), এয়ার ফ্রায়ার।
এগুলো প্রতিদিনের রান্নায় দরকার হয় না। তাই শেলফের ওপর নয়, বরং ওপরের আলমারি বা স্টোর রুমে রাখা উচিত।
লিসা মিলব্র্যান্ড বলেন, “যেসব যন্ত্র সপ্তাহে একবারও ব্যবহার হয় না, সেগুলো রান্নাঘরের প্রধান জায়গা দখল করার প্রয়োজন নেই। বরং সেগুলো একটু দূরের নিরাপদ জায়গায় রাখাই ভালো।”
অনুষ্ঠানের মগ, প্লেট আর পাত্রগুলো তুলে রাখা
নতুন বছরের জন্য কেনা শখের মগ, প্লেট, বাসন, বড় আকৃতির ডিশ বা যে কোনো উৎসবের জন্য ঘরের সাজসজ্জার জিনিস, উৎসবের থিমযুক্ত রান্নার বিভিন্ন জিনিস গুছিয়ে তুলে রাখতে হবে।
এগুলোকে বড় একটি বাক্সে রেখে ‘উৎসবের সরঞ্জাম’ নাম লিখে রাখা উচিত। বছরের যে কোনো সময়ে যেন আবার ব্যবহার করার সময়ে সহজেই খুঁজে পাওয়া যায়।
বেইকিং সরঞ্জামগুলোও মৌসুম অনুযায়ী রাখা
যারা বেইকিং ভালোবাসেন, তাদের রান্নাঘরের আলমারিতে নানান আকৃতির কেক মোল্ড, কুকি কাটার, বেইকিং প্যান বা টিন জমে থাকে।
তবে লিসার মতে, “গরম বা শীতের সময় যদি বেইকিং কম করেন, তাহলে ওই সময়ের জন্য এসব সরঞ্জাম তুলে রাখা ভালো।”
এর ফলে শেলফে জায়গা হবে দৈনন্দিন ব্যবহারের হাঁড়ি, কড়াই, বা মসলা রাখার পাত্রের জন্য।
বড় উৎসবের রান্নার জিনিসগুলো আলাদা রাখা
বড় উৎসবে যেমন- রোস্ট বা গ্রেইভি বানানো হয় তখনই ব্যবহার হয় গ্রেইভি পাত্র, বড় রোস্টিং পাত্র। বছরের বাকি সময়ে এগুলো ব্যবহার না করলে ধুলো জমে।
লিসার পরামর্শ, “এই ধরনের জিনিস উৎসবের সাজসজ্জার বাক্সের সঙ্গে রাখা উচিত। প্রয়োজনে আবার নামিয়ে নেওয়া যাবে। তবে প্রতিদিনের রান্নার জায়গা দখল করতে দেওয়া যাবে না।”
বারবিকিউ জিনিস গুছিয়ে রাখা
শীতের সময়ে বাইরে রান্নার ধারা এখন জনপ্রিয়। বারবিকিউ পার্টি, হাঁস পার্টি, গ্রিল পার্টি, শীতের পিঠা পার্টি অনেকেই বাড়ির ছাদে করে থাকেন। এছাড়াও শীতের দিনে বাইরে পিকনিক করতেও পছন্দ করেন অনেকে। তখন বারবিকিউ টুলস, পিকনিক প্লেট, প্লাস্টিক গ্লাসের প্রয়োজন হয়, যা বছরের অন্য সময়ে তেমন দরকার হয় না।
এগুলো গুছিয়ে রাখতে হবে। এতে রান্নাঘরের তাক ও ড্রয়ারে যথেষ্ট জায়গা খালি হবে।
লিসা বলেন, “যে মৌসুমে জিনিস ব্যবহার হয় না, সেগুলো সযত্নে রাখলে পরের বার ব্যবহারের সময় নতুনের মতোই পাওয়া যায়।”
রাখার আগে ভালো করে পরিষ্কার করা
যে কোনো জিনিস সরিয়ে রাখার আগে ভালোভাবে ধুয়ে-মুছে নিতে হবে। যদি কোনো পাত্রে ফাটল, চিপ বা দাগ থাকে, তবে সেটি হয় ঠিক করাতে বা ফেলে দিতে হবে।
অপরিষ্কার অবস্থায় রেখে দিলে তাতে ধুলো, ফাঙ্গাস বা পোকামাকড় জন্মাতে পারে। তাই সংরক্ষণের আগে পাত্রগুলো সম্পূর্ণ শুকিয়ে নেওয়া উচিত।
কম ব্যবহৃত জিনিস রাখুন ‘দ্বিতীয় সারির’ জায়গায়
লিসা মিলব্র্যান্ড নিজের অভিজ্ঞতা থেকে বলেন, “যেসব জিনিস মাঝে মাঝে ব্যবহার করি সেগুলো রান্নাঘরের পাশে থাকা আলমারি বা ডাইনিংয়ের স্টোরেজে রাখি।”
যেসব জিনিস বছরে একবার ব্যবহার হয়, যেমন- উৎসবের সার্ভিং পাত্র সেগুলো আরও দূরের জায়গায় যেমন স্টোররুমে রাখা যায়।
লেবেল লাগানো, যাতে খুঁজে পাওয়া সহজ হয়
সব জিনিস প্যাকেট করার সময় বাক্সের বাইরে স্পষ্টভাবে লেবেল লাগানো উচিত। যেমন- বেইকিং সরঞ্জাম, উৎসবের পাত্র, আউটডোর ডিনার সেট ইত্যাদি। এতে পরের মৌসুমে খুঁজে বের করতে সময় নষ্ট হবে না।
আরও পড়ুন
রান্নাঘরের কেবিনেটে যে ৬ জিনিস রাখা যাবে না