Published : 28 Jun 2026, 12:53 PM
পাকা আমের মৌসুমে ডেজার্ট টেবিলে একটু ভিন্নতা আনতে থাই খাবার ‘ম্যাংগো স্টিকি রাইস’-এর জুড়ি মেলা ভার।
আর সহজে এই ডেজার্ট তৈরি করার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।
উপকরণ
চাল (বিন্নি বা আঠালো চাল হলে ভালো): ২ কাপ
নারিকেলের দুধ: ২ কাপ
চিনি: ২ টেবিল-চামচ
লবণ: সামান্য (স্বাদমতো)
কর্নফ্লাওয়ার: ১ চা-চামচ
পাকা আম (টুকরা করা): ১টি
পানি: পরিমাণ মতো

পদ্ধতি
ধাপ ১: চাল প্রস্তুত ও সিদ্ধ করা
প্রথমে চাল ভালো করে ধুয়ে পরিষ্কার পানিতে অন্তত আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর চুলায় হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চাল সিদ্ধ করে নিন। মনে রাখতে হবে, ভাতটি সাধারণ ভাতের মতো ঝরঝরে হবে না, কিছুটা আঠালো বা ‘স্টিকি’ হবে।
ধাপ ২: নারিকেল দুধের মিশ্রণ তৈরি
অন্য একটি পাত্রে অর্ধেক পরিমাণ নারিকেলের দুধ, চিনি ও সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে হালকা জ্বাল দিয়ে নিন। চিনি গলে মিশ্রণটি ফুটে উঠলে, চুলা থেকে নামিয়ে নিন।
ধাপ ৩: ভাতে মিষ্টি দুধের লেয়ারিং
এবার জ্বাল দেওয়া নারিকেলের দুধের এই মিষ্টি মিশ্রণ, আগে থেকে সিদ্ধ করে রাখা গরম আঠালো ভাতে ঢেলে দিন। হালকা হাতে নেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট রেখে দিন। এর ফলে নারিকেলের দুধ ও মিষ্টি ভাবটা সুন্দরভাবে ভাত শুষে নেবে।
ধাপ ৪: ঘন ক্রিমের সস তৈরি
বাকি অর্ধেক নারিকেলের দুধের সঙ্গে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি চুলায় দিয়ে হালকা আঁচে জ্বাল দিতে থাকুন। নাড়তে নাড়তে মিশ্রণটি ঘন ক্রিমের মতো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন।
পরিবেশন
একটি সুন্দর পরিবেশন পাত্রে বা প্লেটে প্রথমে নারিকেল দুধে ভেজানো আঠালো ভাত (রাইস) দিন। তার ঠিক পাশে আকর্ষণীয় করে কেটে রাখা পাকা আমের টুকরা বা ফালিগুলো সাজিয়ে দিন।
তারপর ওপর থেকে ঘন করে রাখা নারিকেলের দুধের ক্রিম ছড়িয়ে পরিবেশন করুন জিভে জল আনা চমৎকার ‘ম্যাংগো স্টিকি রাইস’।
আরও রেসিপি
বিকেলের আড্ডায় মচমচে নাস্তা: বিফ কিমা পুরি
দই থেকেই তৈরি করে নিন আরেক বাটি দই।