২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের ৭ উইকেটের পর জয়-মুমিনুলের দৃঢ়তা

দ্বিতীয় দিন শেষ বেলায় ব‍্যাটিংয়ে নেমে ৯ ওভারে সাদমান ইসলামের উইকেট হারিয়ে ৪০ রান করেছে বাংলাদেশ।

29 Jun 2026, 09:16 PM

লাইভ ব্লগের সমাপ্তি

হারারে টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

29 Jun 2026, 09:16 PM

শেষ বেলায় ১ উইকেট হারাল বাংলাদেশ

৯ ওভার নিরপদে কাটিয়ে দিতে পারল না বাংলাদেশ। পঞ্চম ওভারে ফিরে গেলেন সাদমান ইসলাম। তবে বাকি সময়টা ঠিকঠাক কাটিয়ে দিলেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক।

১ উইকেটে ৪০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। ১৭ বলে ১ চারে ৯ রান করেছেন মুমিনুল হক। ২৬ বলে দুই চারে ২১ রানে খেলছেন জয়।

এখনও ২৩০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন বড় সংগ্রহের লক্ষ‍্যে নামবে সফরকারীরা।

দ্বিতীয় দিন ১৩৮ রানে ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস আরও বড় হতে দেননি তাইজুল ইসলাম। জিম্বাবুয়ে আরও বড় সংগ্রহের আশা জাগিয়ে থামে ৪১০ রানে। নেয় ২৭০ রানের লিড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০

বাংলাদেশ ২য় ইনিংস: ৯ ওভারে ৪০/১ (জয় ২১*, সাদমান ৯, মুমিনুল ৯*; এনগারাভা ৩-০-১৪-১, মুজারাবানি ৪-০-২১-০, ইভান্স ২-১-৫-০)

29 Jun 2026, 08:44 PM

সাদমানের বিদায়ে ভাঙল শুরুর জুটি

পঞ্চম ওভারে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ধরা পড়লেন সাদমান ইসলাম।

অফ স্টাম্পের একটু বাইরে থেকে ভেতরে ঢোকা ডেলিভারি খেলতেই হতো বাঁহাতি ওপেনারের। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। ঠিকঠাক লাইনে যেতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় তৃতীয় স্লিপে। ডাইভ দিয়ে মুঠোয় জমান বেন কারান।

১১ বলে এক চারে ৯ রান করেন সাদমান।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৩। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

29 Jun 2026, 08:14 PM

তাইজুলের ৭ উইকেটের পরও জিম্বাবুয়ের বড় লিড

ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরি, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাভেলের ফিফটিতে বড় সংগ্রহ গড়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ১৪০ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকরা প্রথম ইনিংসে করেছে ৪১০ রান।

প্রথম ইনিংস ২৭০ রানের বড় লিড পেয়েছে জিম্বাবুয়ে। তাদের লিড আরও হয়নি তাইজুল ইসলামের জন‍্য। ৭ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশনে স্বাগতিকদের ইনিংসের ইতি টেনেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

ব্লেসিং মুজারানিকে এলবিডব্লিউ করে নিজের সপ্তম উইকেট নেন তাইজুল। ১০৮ বলে আট চারে ৭৭ রানে অপরাজিত থাকেন মাধেভেরে।

ইনিংস ব‍্যবধান হার এড়ানোর কঠিন লড়াই সফরকারীদের সামনে। প্রথম চ‍্যালেঞ্জ অবশ‍্য দ্বিতীয় দিনে শেষ বেলা নিরাপদে কাটিয়ে দেওয়া।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০

জিম্বাবুয়ে ১ম ইনিংস: (আগের দিন ১৩৬/১) ১০৭.২ ওভারে ৪১০ (কাইয়া ১৪০, টেইলর ১৭, বেনেট ৫৯, আরভিন ৬০, সিগা ১, মাধেভেরে ৭৭*, ইভান্স ৪, নিয়ামুরি ০, এনগারাভা ৩, মুজারাবানি ০; হাসান ২৫-২-১০২-০, খালেদ ২২-৩-৬৮-২, ইবাদত ২০-১-৯৬-০, তাইজুল ৪০.২-১-১৩৮-৭)

29 Jun 2026, 08:02 PM

এনগারাভাকে বোল্ড করে তাইজুলের ৬

স্টাম্পে থাকা ডেলিভারিতে স্লগ সুইপ করে ছয় মারতে চাইলেন রিচার্ড এনগারাভা। কিন্তু বলের লাইনেই যেতে পারলেন না বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। তাইজুলের চমৎকার ডেলিভারিতে হয়ে গেলেন বোল্ড।

জিম্বাবুয়ে অধিনায়ককে ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ উইকেট নিলেন তাইজুল। ১১ বলে এনগারাভা করলেন ৩ রান।

১০৬ ওভারে জিম্বাবুয়ের রান ৯ উইকেটে ৪০৪। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী ব্লেসিং মুজারাবানি।

29 Jun 2026, 07:52 PM

সাকিবের পাশে তাইজুল

এক প্রান্তে টানা বোলিং করে যাওয়া তাইজুল ইসলাম পেলেন আরেকটি উইকেট। দ্বিতীয় স্লিপে দারুণ ক‍্যাচ নিয়ে এতে ভূমিকা রাখলেন তাওহিদ হৃদয়। নিউম‍্যান নিয়ামুরিকে ফিরিয়ে সাকিব আল হাসানের কীর্তি স্পর্শ করলেন তাইজুল ইসলাম।

অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন নিয়ামুরি। ঠিকঠাক পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে। চমৎকার রিফ্লেক্সে ক‍্যাচ নেন হৃদয়।

১১ বল খেলে শূন‍্য রানে ফেরেন নিয়ামুরি। তিনি তাইজুলের পঞ্চম শিকার।

টেস্টে এ নিয়ে ১৯বার পাঁচ উইকেট নিলেন তাইজুল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৯বার পাঁচ উইকেট নিয়ে এতোদিন চূড়ায় একা ছিলেন সাকিব আল হাসান।

১০৪ ওভারে জিম্বাবুয়ের রান ৮ উইকেটে ৩৯৭। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী রিচার্ড এনগারাভা।

29 Jun 2026, 07:43 PM

ইভান্সকে দ্রুত ফেরালেন তাইজুল

টার্নের আশায় খেলেছিলেন ব্র‍্যাড ইভান্স। কিন্তু পিচ করে প্রায় সোজাই গেল বল। বলের লাইন মিস করে এলবিডব্লিউ হলেন ব‍্যাটসম‍্যান।

তাইজুল ইসলাম বেশ পরীক্ষায় ফেলছিলেন ইভান্সকে। বাঁহাতি স্পিনারের বলেই আউট হলেন তিনি।

ব‍্যাটসম‍্যান লেগ স্টাম্পে দাঁড়িয়ে থাকায় বল স্টাম্পের বাইরে দিয়েও যাওয়ার যথেষ্ট সুযোগ ছিল। ডিআরএস না থাকায় রিভিউ নিতে পারেননি ব‍্যাটসম‍্যান। হতাশা নিয়ে ফেরেন তিনি।

১০ বলে ইভান্স করেন ৪ রান।

ইবাদত হোসেনের করা পরের ওভারে ক‍্যাচ দেন ওয়েসলি মাধেভেরে। কিন্তু সীমানায় বল মুঠোয় নিতে পারেননি খালেদ আহমেদ। পরে অবশ‍্য দেখা যায় ক‍্যাচ নিলেও কাজ হতো না। ওভার স্টেপের জন‍্য ‘নো’ বল হতো!

১০৩ ওভারে জিম্বাবুয়ের রান ৭ উইকেটে ৩৯৫।

29 Jun 2026, 07:18 PM

শতরানের জুটি ভাঙলেন তাইজুল

ক্রেইগ আরভিনকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।

ওভারের প্রথম বলে ওয়েসলি মাধেভেরের দুই রানে জুটির রান স্পর্শ করে একশ, ১৫৫ বলে। ওভারের শেষ বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন আরভিন।

হাসানের ক‍্যাচে ভাঙল ১৫৯ বল স্থায়ী ১০২ রানের জুটি।

১০০ বলে এক ছয় ও ছয় চারে ৬০ রান করেন আরভিন।

৯৮ ওভারে জিম্বাবুয়ের রান ৬ উইকেটে ৩৮২। ক্রিজে ওয়েসলি মাধেভেরের সঙ্গী ব্র‍্যা ইভান্স।

29 Jun 2026, 07:05 PM

৭৬ বলে মাধেভেরের পঞ্চাশ

নড়বড়ে শুরুর পর দাঁড়িয়ে গেছেন ওয়েসলি মাধেভেরে। ৭৬ বলে ছুঁয়েছেন তিনি পঞ্চাশ। ক্রেইগ আরভিনের সঙ্গে তিনি গড়েছেন চমৎকার এক জুটি।

দ্বিতীয় নতুন বলে ১৫ ওভার করেও এই জুটি ভাঙতে পারেনি বাংলাদেশ।

৯৫ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৩৭৪। ৭৭ বলে ৫০ রানে খেলছেন মাধেভেরে। ৯২ বলে ৫৯ রানে ব‍্যাট করছেন আরভিন।

স্বাগতিকরা এগিয়ে ২৩৪ রানে।

29 Jun 2026, 06:47 PM

৭৪ বলে আরভিনের পঞ্চাশ

তৃতীয় সেশনের শুরুতেই পঞ্চাশ স্পর্শ করলেন ক্রেইগ আরভিন, ৭৪ বলে। তাইজুল ইসলামের বলে তিন রান নিয়ে পঞ্চাশে যান বাঁহাতি এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

আরভিন ও ওয়েসলি মাধেভেরের দৃঢ়তায় দ্বিতীয় নতুন বল ভালোভাবেই সামাল দিচ্ছে জিম্বাবুয়ে।

৯০ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৩৫৯। ২১৯ রানে এগিয়ে স্বাগতিকরা।

৬৪ বলে ৪২ রানে খেলছেন মাধেভেরে। ৭৫ বলে ৫২ রানে ব‍্যাট করছেন আরভিন।

29 Jun 2026, 06:20 PM

আরেকটি শতরানের সেশন

দ্বিতীয় নতুন ওভারে ৮ ওভার বোলিং করেও কোনো সাফল‍্য পায়নি বাংলাদেশ।

দ্বিতীয় দিন চা-বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৩৫০। স্বাগতিকদের লিড এখন ২১০ রান।

এলবিডব্লিউর অনেকগুলো জোরাল আবেদনে এই সেশনে সাড়া দেননি আম্পায়াররা। ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০১ রান যোগ করেছে জিম্বাবুয়ে।

৭১ বলে ৪৯ রানে খেলছেন ক্রেইগ আরভিন। ৫৬ বলে ৩৬ রানে ব‍্যাট করছেন ওয়েসলি মাধেভেরে। তাদের জুটিতে ৭০ রান এসেছে ৯৯ বলে।

29 Jun 2026, 05:46 PM

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ। প্রথম ওভারে জোরাল একটি আবেদনও হল। যথারীতি তাতে সাড়া দিলেন না আম্পায়াররা।

৮২ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ৩২৫।

29 Jun 2026, 05:08 PM

তাইজুলের দারুণ ওভার

লাঞ্চের পর দারুণ বোলিং করছে বাংলাদেশ। বেশ কয়েকটি জোরাল আবেদন করেছে। কিন্তু সেগুলোতে সাড়া দেননি আম্পায়ার। ডিআরএস না থাকায় রিভিউও নিতে পারেনি সফরকারীরা।

দারুণ বোলিংয়ের পুরস্কার ঠিকই পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের বলে আগেভাগেই শট খেলে সিলি মিডি অফে ধরা পড়েন ইনোসেন্ট কাইয়া।

২২৭ বলে ১৭ চারে ১৪০ রান করেন এই ওপেনার। যে রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ।

এক বল পর হাতে ধরা দেয় আরেকটি উইকেট। অসম্ভব একটি দুই রান নিতে গিয়ে রান আউট হয়ে যান নতুন বাটসম‍্যান টাফাডজাওয়া সিগা। ২ বলে তিনি করেন ১ রান।

পঞ্চম বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

৭২ ওভারে জিম্বাবুয়ের রান ৫ উইকেটে ২৮১। ক্রিজে ক্রেইগ আরভিনের সঙ্গী ওয়েসলি মাধেভেরে।

29 Jun 2026, 04:24 PM

লাঞ্চের পর তাইজুলের আঘাত

মধ‍্যাহ্ন বিরতির পর প্রথম ওভারেই আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের দারুণ ফিরতে ক‍্যাচ ফিরে গেছেন ব্রায়ান বেনেট।

পেসারদের জন‍্য সহায়তা উইকেটে বাংলাদেশের সেরা বোলার তাইজুল। তিনিই ভাঙলেন ১৪৩ বল স্থায়ী ১০৭ রানের জুটি।

আগের বলে টার্নে পরাস্ত হন বেনেট। পরের বলে বেরিয়ে এসে চড়াও হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শট নিচে রাখতে পারেননি। গতিময় শটে রিফ্লেক্সের বেশি সময় পাননি তাইজুল। কিন্তু দারুণ দক্ষতায় বল মুঠোয় নেন।

৬৭ বলে নয় চারে ৫৯ রান করেন বেনেট।

৬২ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ২৫০। ক্রিজে ইনোসেন্ট কাইয়ার সঙ্গী ক্রেইগ আরভিন।

29 Jun 2026, 03:45 PM

প্রথম সেশনে জিম্বাবুয়ের আধিপত্য

দিনের শুরুতে খালেদ আহমেদ দলকে সাফল্য এনে দিলেও, সেই চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অভিজ্ঞ ব্রেন্ডান টেইলরকে হারানোর পর প্রথম সেশনের বাকি সময়টা অনায়াসে পার করে দেন ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট।

হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে স্রেফ একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ২ উইকেটে ২৪৯ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে জিম্বাবুয়ে। ১০৯ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।

টেস্টে প্রথম সেঞ্চুরিতে ১৫ চারে ১২৭ রানে খেলছেন কাইয়া। এই ওপেনারের সঙ্গে ক্রিজে আছেন বেনেট। চাড়া নামা ব্যাটসম্যান অপরাজিত আছেন ৯ চারে ৫৯ রান করে।

তাদের দুইজনের অবিচ্ছিন্ন জুটি পেরিয়ে গেছে শতরান (১০৬)।

29 Jun 2026, 03:26 PM

বেনেটের পঞ্চাশ, জুটির একশ

বাংলাদেশের ধারহীন এলোমেরো বোলিংয়ের সুবিধা কাজে লাগাচ্ছেন ব্রায়ান বেনেট। হাসান মাহমুদকে বাউন্ডারি মেরে ৫৪ বলে এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ছুঁয়েছেন পঞ্চাশ।

পরে খালেদ আহমেদকে তার বাউন্ডারিতে জুটির রান ছুঁয়েছে একশ, ১২০ বলে।

বোলারদের কেউই তেমন একটা প্রভাব রাখতে পারছেন না। দ্রুত বাড়ছে স্বাগতিকদের লিড।

৫৯ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ২৪৬। লিড এখন ১০৬ রান।

১৯১ বলে ১৫ চারে ১২৫ রানে ব‍্যাট করছেন ইনোসেন্ট কাইয়া। ৫৮ বলে নয় চারে বেনেটের রান ৫৮।

29 Jun 2026, 02:45 PM

কাইয়া-বেনেটের জুটিতে পঞ্চাশ

উইকেট অনুযায়ী বোলিং করতে পারছেন না বাংলাদেশের বোলাররা। যথেষ্ট সহায়তা থাকলেও লাইন ও লেন্থে একদমই ধারাবাহিক নন তারা। প্রচুর বাজে বল উপহার দিচ্ছেন। সেটা কাজে লাগিয়ে দ্রুত দলকে এগিয়ে নিচ্ছেন ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট।

তৃতীয় উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ রান এসেছে কেবল ৬১ বলে।

মাঝে মাঝে দুয়েকটা বলে ব‍্যাটসম‍্যানের একটু ভোগাচ্ছেন বোলাররা। এর বাইরে তাদের বোলিং পুরোপুরি নির্বিষ।

৪৯ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৯৫। স্বাগতিকরা ৫৫ রানে এগিয়ে।

29 Jun 2026, 02:38 PM

কাইয়ার প্রথম সেঞ্চুরি

আগের বলে কট বিহাইন্ডের জোরাল আবেদন থেকে বেঁচে গেলেন ইনোসেন্ট কাইয়া। ডিআরএস না থাকায় রিভিউ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।

পরের বলে বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করলেন জিম্বাবুয়ের ওপেনার। ১৫৩ বলে এলো কাইয়ার প্রথম সেঞ্চুরি। তার ব‍্যাটে বাড়ছে স্বাগতিকদের লিড।

৪৭ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৮৬। ১৫৩ বলে ১৩ চারে ১০৩ রানে ব‍্যাট করছেন কাইয়া। ২৪ বলে ২০ রানে খেলছেন ব্রায়ান বেনেট।

29 Jun 2026, 02:00 PM

খালেদের দ্বিতীয় শিকার টেইলর

আগের দিন জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙা খালেদ আহমেদ নতুন দিনের শুরুতেও দলকে এনে দিলেন সাফল্য। দিনের পঞ্চম ওভারের প্রথম বলে অভিজ্ঞ ব্রেন্ডান টেইলরকে ফেরালেন এই পেসার।

লেংথ থেকে হুট করে লাফিয়ে ওঠা বল থেকে শেষ মুহূর্তে ব্যাট সরিয়ে নিতে চেয়েছিলেন টেইলর। কিন্তু সফল হননি তিনি। তার ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে কিপারের গ্লাভসে।

১৭ রান নিয়ে আগের দিন শেষ করা টেইলর, দ্বিতীয় দিনে যোগ করতে পারেননি কোনো রান।

সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন ইনোসেন্ট কাইয়া। ৮১ রানে খেলছেন তিনি। ক্রিজে তার নতুন সঙ্গী ব্রায়ান বেনেট।

৩৮ ওভার শেষে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১৪৪।

29 Jun 2026, 01:18 PM

নতুন দিনে ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ

দুঃস্বপ্নের ব‍্যাটিংয়ের পর ধারহীন এলোমেলো বোলিংয়ে প্রথম দিনটি ভীষণ বাজে কেটেছে বাংলাদেশের। হারারেতে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। প্রাথমিক লক্ষ‍্য যত দ্রুত সম্ভব জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়া।

১ উইকেটে ১৩৬ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা কেবল ৪ রানে পিছিয়ে।

১০৮ বলে নয় চারে ক‍্যারিয়ার সেরা ৭৬ রানে খেলছেন ওপেনার ইনোসেন্ট কাইয়া। একবার জীবন পাওয়া ব্রেন্ডন টেইলর ৪৫ বলে ব‍্যাট করছেন ১৭ রানে। 

একমাত্র উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ। পেসারদের জন‍্য সহায়ক উইকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০ 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৪ ওভারে ১৩৬/১ (কাইয়া ৭৬*, কারান ৪২, টেইলর ১৭*; হাসান ১০-০-৪৬-০, খালেদ ৮-১-৩৩-১, ইবাদত ৬-০-৩৭-০, তাইজুল ৭১-০-১৯-০)

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।