ফুড স্ট্রিট
বনানী ১৫ নম্বর রাস্তায় খেলার মাঠের পাশে পরপর দাঁড়িয়ে থাকে কাচঘেরা চারটি ঠেলাগাড়ি। প্রতিদিন সন্ধ্যায় এখানেই শুরু হয় খাবার বিক্রির আয়োজন।
ফুড স্ট্রিট নামে পরিচিত এই চারটি ‘ফুডকার্ট’য়ে বিক্রি হয় চারধরনের খাবার।
এক সন্ধ্যায় গিয়ে দেখা গেল একটি ঠেলা গাড়িতে চলছে মুরগির মাংস পোড়ানো, অন্য আরেকটিতে লেবুর শরবৎ!
এখানকার অন্যতম কর্ণধার আদনান আল রাজীব আদতে একজন নাট্য নির্মাতা। জানান এইরকম ‘মোবাইল’ রেস্তোরাঁ শুরুর ইচ্ছা জেগেছে পাশ্ববর্তী দেশের বেশ কিছু শহর ঘুরে। আমাদের দেশের মতোই শহর সেগুলো। তবে রাস্তার খাবারের ব্যাপারে বেশ আয়োজন তাদের। এমনকি পর্যটনের সঙ্গেও মেলানো হয়েছে। ব্যাংকক অথবা কুয়ালালামপুর তো রীতিমতো স্ট্রিট ফুডের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
স্পিইসি মোমো, র্যাপ ফ্যাক্টরি, ওয়াটার লেমন ও স্লাইডার স্টেইশন- এই হল চার নামের দোকান। মোমো খাবারটি তিব্বত-নেপাল-ভারতে জনপ্রিয়, মাংসের কুলিপিঠা বলা যায়! এখানে পাঁচ টুকরার জন্য দিতে হবে ১৫০ টাকা। সঙ্গে থাকে দুতিন রকমের সস।
রাজীব কথার ফাঁকে জানান, ছোটবেলায় লেখাপড়া করেছেন দার্জিলিংয়ে যেখানে মোমো অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। তাই তার দাবি এখানকার মোমোর স্বাদ ‘আসল’। খাবার পর তার দাবিকে খুব বেশি অমূলক বলা যাবেনা!
এখানে ফ্রাইড রাইস ও নুডুলসও পাওয়া যায়।
রাস্তার খাবার মোটেই স্বাস্থ্যসম্মত নয়, এক কথা মোটামুটি সবাই জানেন। রাজীব এই ব্যাপারে জানান, ঠিক রাস্তার উল্টোদিকেই তাদের অফিস, যেখানে আছে রান্নাঘর। আর এই রান্নাঘরে বসেই চলে খাবার প্রস্তুতের সব কর্মকাণ্ড। মেরিনেইট বা খাবার সংরক্ষণ সবই করা হয় এখানেই।
পরে আধা প্রস্তুত খাবারকে বাইরে নিয়ে এসে তৈরি করে বিক্রি করা হয়।
বিকাল ৩টা থেকে প্রায় রাত ১২টা পর্যন্ত খোলা থাকে এই ফুড স্ট্রিট।
স্লাইডার স্টেইশনে মিলবে স্লাইডার যাকে মিনি বার্গার বলা যায়। বিফ ও চিকেনের এই মিনি বার্গার এক সঙ্গে তিনটি বিক্রি করা হয়। ১৭৫ টাকা থেকে ৩শ’ টাকা পড়বে এর দাম।
সবশেষে, রাজীব আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি খানিকটা এগিয়ে আসেন তাহলে রাস্তার এই ফুডকার্টগুলো আরও সুন্দর পরিবেশে ব্যবসা চালিয়ে যেতে পারে আর তখন অনেকেই খাবার খেতে এই দোকানগুলোতে ভীড় জমাবেন।
ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ফুড স্ট্রিটের ফেইসবুক থেকে।
