২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে জাপানের কোবে

জাপানের শহর কোবের নামে বনানীতে খুলল জাপানি রেস্তোরাঁর দরজা। বিশ্বখ্যাত কোবে বিফও কিন্তু আসে এই শহর থেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন বিশ্বাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 08:12 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

ঢাকার অন্য অনেক জাপানি রেস্তোরাঁর থেকে অবশ্য এর গল্প কিছুটা ‘ভিন্ন’। এই রেস্তোরাঁ জাপান-বাংলাদেশ যৌথ বিনিয়োগের ফসল। তাও আবার যে জাপানি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করল তার যাত্রা শুরু হয়েছিল ২০০ বছর আগে।

আর বাংলাদেশি অংশীদারেরও আছে একটি ‘চমকপ্রদ’ গল্প। সে কথায় পরে আসা যাক।

বাংলাদেশে জাপানি এই যৌথ বিনিয়োগে স্থাপিত কোম্পানির নাম লিও গ্লোবাল লিমিটেড। জাপানের শিশিকুরা নামের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপারে ককি মিজুতানি জানান, এর যাত্রা শুরু ১৭৮৮ সালে। অর্থাৎ ২০০ বছরেরও বেশি সময় ধরে এরা ব্যবসায় আছে।

বাংলাদেশি অংশীদার তারেক রাফি ভূঁইয়া যোগ করেন, শিশিকুরা সাত পুরুষের প্রতিষ্ঠান।

ভেতরটা ছিমছাম, বাইরে তাকালে বনানী ১১ নম্বর রোডের নিয়নের আলো আর মানুষের ঝলমলে সহাবস্থান চোখে পড়বে। চেয়ার, টেবিল ছিমছাম। প্রাকৃতিক রং আর সবুজের উপস্থিতি শহুরে চোখের জন্য ভালো!

খাবারে খাঁটি জাপানি স্বাদের কথা জানতে চাইলে ভূঁইয়া বলেন, “এক মাস আগে এই রেস্তোরাঁ খোলার পর দেখলাম অনেকেই সাগ্রহে ও আনন্দে আসছেন জাপানি খাবার খেতে। তবে এই খাবারে স্বাদের কিছুটা ভিন্নতা আমাদের জিভে সবার জন্য সমানভাবে ঠিক জমছিল না। তাই একেবারে খাঁটি জাপানি স্বাদের পাশাপাশি আমাদের জিভের জন্য কিছুটা ফিউশন খাবারও রাখব বলে ঠিক করেছি।”

তিনি আরও জানান, যারা সাশিমি, টেম্পুরা বা সুশির মতো খাবার খেতে চান তারা পাবেন একেবারে খাঁটি জাপানি স্বাদ।

আর এই কাজ এদের জন্য খুব কঠিন কিছু হবে বলে মনে হল না। কারণ রসুইঘরের পরিচালক নিজেই খোদ জাপানি! তবে শেফ তাইজো সাইতো কোবের নয় টোকিও শহরের বাসিন্দা।

এই রেস্তোরাঁর অংশীদার ভূঁইয়া কিন্তু জাপানি খাবারের স্বাদ হাড়েহাড়েই চেনেন। কারণ তিনি প্রায় প্রতিদিনই ঘরে মায়ের হাতে রান্না করা জাপানি খাবার খান! জ্বি, ভূঁইয়ার বাবা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর মা জাপানের প্রাক্তন ব্যাংকার।

এই ব্যবসায়ির বাবা-মার পরিচয় আর বিবাহ পর্বটাকে বোধ হয় গত বছরে প্রয়াত লেখক গ্যাব্রিয়েল মার্কেসের একটি বইয়ের নামের সঙ্গে কিছুটা মেলানো যায়! ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’, যদিও আসলে তাদের পরিচয়টা হয়েছিল ৭০ সালের প্রলয়ংকরি সাইক্লোনে আর্ত মানুষের সাহায্য করতে গিয়ে।

তো এই শিশিকুরা কোম্পানি জাপানে প্রধানত সুপার মার্কেটের ব্যবসায় জড়িত। কেন এত দেশ থাকতে বাংলাদেশে বিনিয়োগ?

জানতে চাইলে মিজুতানি বলেন, “বাংলাদেশের অর্থনীতি অনেক বছর ধরেই উর্ধমূখী, আর তাই এখানে বাজার রয়েছে ভালো। জাপানি মান ধরে রেখে এদেশের মূল্যে ব্যবসা করার উদ্দেশ্য আমাদের। রেস্তোরাঁ কেবল শুরুর গল্প।”

আরও জানান, আগামীতে মানসম্পন্ন বেকারি ও সুপার মার্কেট বাণিজ্যে প্রবেশের চিন্তা রয়েছে তাদের।

তবে আবারও জোর দিয়ে বলেন, “মূল্যমান থাকবে এদেশের মধ্যবিত্তের নাগালে।”

ফিরে আসা যাক রেস্তোরাঁ প্রসঙ্গে। বনানী ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির পাঁচ তলায় এর অবস্থান।

জাপানি কিছু খাবারে যে ধরনের উপকরণ ব্যবহার করা হয় (যেমন টুনা বা স্যামন মাছ) তাতে চাইলেও অনেক সময় ‘সস্তা’য় খাওয়া  কঠিন হয়ে ওঠে। আর তাই বলে রাখা ভালো মেনুতে দুই-তিনটি খাবারের উচ্চমূল্য দেখে ঘাবড়ে যাওয়ার কোন কারণ নেই!

এই রেস্তোরাঁয় যেকোন একটি মেইন ডিশ অর্ডার করলেই, সালাদ বারের প্রায় ২০-২৫টি খাবার মিলবে বিনামূল্যে। সঙ্গে কয়েকটি মিঠাই পদও আছে।

তাই ১ হাজার ১৮০ টাকার একটি খাবার অর্ডার দিলেও, বেশ কয়েকটি জাপানি পদ খেয়ে ঘরে ফেরা যাবে!    

স্টেক, পশ্চিমা ঘরানার খাবার হলেও এখন সারাবিশ্বেই মোটামুটি পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটিতে। এখানেও এই খাবারের বিভিন্ন পদ মিলবে। রয়েছে বাংলাদেশি, অস্ট্রেলিয়ান এবং জাপানি কোবে বিফের স্টেক।

বার্গার ‍স্টাইলের স্টেক বোধ করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সংস্কৃতিতে আমেরিকার প্রভাব হলে অবাক হওয়ার কিছু নেই! সে যাক, খেতে কিন্তু বেশ!!!

তবে সি বাস’টি খেতে বেশ খাসা। সবচাইতে কম মসলা দিয়ে বানানো এই মাছের পদ স্টেকের মতোই ফ্যাটের অংশ দিয়ে শুরু করলে ভেতরে গলে যাওয়া ভাবটি স্বর্গীয় ছাড়া আর কী বলা যাবে!

আর মাছের আসল অংশটুকুতেও নেই কোনও ‘এলিয়েন জাপানি’ স্বাদ। সঙ্গে আসবে আলু, গাজর, মটরশুঁটির মতো সবজি।

আর খাবার পরিবেশনেও জাপানি ভাবটা বেশ পরিষ্কার! দেখলেও জিভে জলের বান ঠেকাতে কষ্ট করতে হতে পারে।

একটি মজার পানীয় এখানে পাবেন। ‘গ্রিন টি লাত্তে’ চুমুক দিলে প্রথমে আসে দুধের স্বাদ (ইতালীয় ভাষায় লাত্তের মানে দুধ) আর ঠিক কয়েক সেকেন্ড পরেই মুখ ভরে যাবে গ্রিন টির স্বাদে আর গন্ধে! এই স্বাদের ‘হাইড অ্যান্ড সিক’ ভালো না লাগাটি কঠিন হবে।

কোবে বিফের স্টেক খেতে হলে দিতে হবে সাড়ে ৭ হাজার টাকা, আর ওজন হবে ২০০ গ্রাম।  

ছবি: হাসান বিপুল।

রুটির স্বাদে হারিয়ে যেতে

উত্তরার জর্জ’স ক্যাফে

সাত মসজিদ রোডের খাবারের আয়োজন

তাড়কা নয়, 'তাড়্কা'!

আটতলার খাবারপাড়া

দায় জাং গুম