বাংলাদেশ কোচের কণ্ঠে ‘ওয়ানা ব্রেক ফ্রি’, ভাবনায় সংশয়ের জাল
আগের টেস্টের মতো এবারও টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা, কিন্তু বাংলাদেশ দল যেন এখনও নিশ্চিত নয় অনেক কিছু নিয়েই।
সংবাদ সম্মেলন কক্ষে ক্যামেরা ও মাইক্রোফোন ঠিকঠাক করার কাজ চলছিল শেষ মুহূর্তে। ফিল সিমন্স পাশে দাঁড়িয়ে গুনগুন করছিলেন, “আই জাস্ট ওয়ানা বি ফ্রি…।“ একটু পরে সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হলো সেই গান নিয়ে। বাংলাদেশ কোচ বললেন, “ওহ, না, ওটা (ব্রেক ফ্রি) ত্রিনিদাদের সর্বকালের সেরা ক্যালিপ্সো শিল্পীর একটি গান, যিনি সম্প্রতি মারা গেছেন। বাস থেকে নামার পর এটাই ছিল আমার শোনা শেষ গান। সেটিই গুনগুন করছিলাম। এর মধ্যে অন্য কোনো ব্যাপার কিছু নেই।”
গানের মধ্যে অন্য কোনো ব্যাপার থাকার কারণ নেই। গান তো গানই। গত সেপ্টেম্বরে মারা যাওয়া বিখ্যাত শিল্পী মাইটি স্প্যারোর গানটি আদতেই দারুণ। কিন্তু কোচের কণ্ঠে গানের কথাগুলোই আলাদা করে নজর কাড়ল। গানের কথায় যদিও ‘মুক্ত’ হওয়ার তাগিদ, কিন্তু আদতে ‘ফ্রি’ হতে পারছেন কতটা!
তার ঘণ্টা দেড়েক আগেই সংবাদ সম্মেলনে একাদশ ঘোষণা করে গেছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। কিন্তু বাংলাদেশ যথারীতি সেই আগের মতোই রহস্যের জাল বিছিয়ে রাখল। কোচ বললেন, “আমরা এখনও সেটা চূড়ান্ত করিনি। আমরা মাঠে নেমে উইকেট দেখার পর চূড়ান্ত করব একাদশ।”
একাদশের সম্ভাব্য যে ছবি কোচ মেলে ধরলেন, সেখানেও মুক্ত চিন্তার প্রকাশ তেমন একটা নেই। তার কথা শুনে মনে হলো, আগের মতোই সংশয়ের বেড়াজালে বন্দি বাংলাদেশ।
সেঞ্চুরিয়নের উইকেটে ঘাসের ছোঁয়া চোখে পড়ছে অনেক দূর থেকেও। গতি ও বাউন্স তো এখানকার উইকেটে সবসময়ই থাকে। দক্ষিণ আফ্রিকা এখানে সবসময়ই সাধারণত চার পেসার নিয়ে একাদশ সাজায়। প্রতিপক্ষ দলগুলিও ব্যতিক্রম নয়। এমনকি উপমহাদেশের দল ভারত ও পাকিস্তানও এখানে সবশেষ টেস্টগুলিতে খেলেছে চার পেসার নিয়ে। ভারত তো ব্যাটসম্যান একজন কমিয়ে চার পেসারের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার রাভিচান্দ্রান অশ্বিনকে নিয়ে দারুণ আক্রমণাত্মক একাদশ সাজিয়েছিল।
মুশফিকুর রহিমের চোট বাংলাদেশের সামনেও সেই সুযোগটি করে দিয়েছে। তার জায়গায় একজন পেসার নিলেই হয়ে যায়! কিন্তু ওই প্রশ্নের উত্তরে কোচ যা বললেন, তাতে চার পেসার খেলানোর আভাস নেই।
“উইকেট দেখার পর আমরা সেটা ঠিক করব (চার পেসার খেলানো হবে কি না)। অন্যান্য দল এখানে এসে চারজন পেসার নিয়ে খেলেছে, কিন্তু সেটা তাদের দলের গঠন এবং সেই ভারসাম্য তাদের সাহায্য করেছিল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই টেস্ট ম্যাচে বাংলাদেশ দলকে সাহায্য করবে এমন ভারসাম্যের দিকেই আমাদের নজর দিতে হবে।”
‘মুক্ত’ চিন্তার আরেকটি প্রকাশ থাকতে পারত মুমিনুল হকের ক্ষেত্রেও। মুশফিকুর রহিম না থাকায় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার তিনি। তবে পারফরম্যান্সে সেই অভিজ্ঞতার প্রতিফলন পড়ছে না। সবশেষ ১০ ইনিংসে তার ফিফটি নেই। দেশের বাইরে তার পারফরম্যান্স বরাবরই প্রশ্নবিদ্ধ। সেটি আরও নাজুক দক্ষিণ আফ্রিকায়। এখানে ১০ ইনিংস খেলে তার গড় ১০.৬০।
তাকে নিয়েও প্রশ্ন হয়েছিল সরাসরি। তাকে এই টেস্টে বিরতি দিয়ে অন্য কাউকে পরখ করা যায় কি না। কিন্তু কোচ জানালেন, সিনিয়র ক্রিকেটারদের দুঃসময়ে একটু বেশি সময় সুযোগ দিতে চান তারা।
“আমরা মাঝে মাঝে বলি যে সিনিয়র ক্রিকেটার ও সেই ক্রিকেটারদের... আপনি বললেন, ১৩টি টেস্ট শতক আছে তার (মুমিনুল), তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে জানে যে, সে কী করছে। হ্যাঁ, সে বেশ কিছুদিন ধরে ধুঁকছে। কিন্তু সে কঠোর পরিশ্রম করছে, আগের অবস্থায় ফেরার চেষ্টা করছে এবং কখনও কখনও ক্রিকেটারদের একটি বেশি সময় পাশে থাকতে হয়।
“এই ক্ষেত্রে, আমরা তার ওপর আস্থা রাখছি। যেমনটা আমি বলেছি, আজ আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব, আগামীকালের একাদশ কেমন হবে।”
সাধারণত, নিজেদের ধরন যাদের ভাবনায় সংশয় থাকে না, পরিকল্পনায় স্বচ্ছ থাকেন যারা, তাদের কথা ও কাজেই তা ফুটে ওঠে। দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে যা স্পষ্টই বোঝা যাচ্ছে। বাংলাদেশের কোচের কথায় সেই স্বচ্ছতার ছাপ খুঁজে পাওয়া কঠিন।
