প্রতিপক্ষ বাংলাদেশ বলেই ল্যাঙ্গাভেল্টকে নিয়েছে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের সঙ্গে পুরোনো সংযোগের কারণেই স্রেফ এই সিরিজের জন্য শার্ল ল্যাঙ্গাভেল্টকে বোলিং কোচের দায়িত্বে ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা।
নেটে টানা বোলিং করে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, আনরিখ নরকিয়ারা তখন ক্লান্ত। খোঁজ পড়ল নেট বোলারদের। একপাশেই দলবেঁধে বসেছিলেন একগাদা নেট বোলার। তাদের দিকে এগিয়ে গিয়ে শার্ল ল্যাঙ্গাভেল্ট বললেন, “জোরে বল করার মতো কে আছে?” একজনের হাত উঠল। তাকেই বেছে নিয়ে ল্যাঙ্গাভেল্ট বললেন, “ওই পাশের নেটে যাও, তবে প্রথম বলটিই বিমার করে বসো না যেন…!”
চারপাশে হাসির রোল উঠল তার কথা। এর মধ্যেই স্থানীয় এক সংবাদকর্মী তাকে অভিনন্দন জানিয়ে বললেন, “ওয়েলকাম ব্যাক!” সহাস্যে ল্যাঙ্গাভেল্টের উত্তর, “নাথিং নিউ…!”
তা তিনি ঠিক বলেছেন বটে। দক্ষিণ আফ্রিকা দলে কাজ করা তার জন্য নতুন কিছু নয়। আগেও বোলিং কোচ কিংবা পরামর্শক হিসেবে কাজ করেছেন কয়েক দফায়। এবারও ফিরেছেন সেই ভূমিকায়। তবে এবারের প্রত্যাবর্তন একটু আলাদা। এবার তাকে দায়িত্বটি দেওয়া হয়েছে শুধু এই একটি সিরিজের জন্যই এবং সেটি প্রতিপক্ষ বাংলাদেশ বলেই।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে কেন ল্যাঙ্গাভেল্টকে মনে পড়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার, সেটি সংবাদ সম্মেলনে জানালেন প্রধান কোচ শুক্রি কনরাড।
“পুরো সিরিজে জন্যই শার্লকে বোলিং কোচ করে আনা হয়েছে। বাংলাদেশে কোচিং করানোর অভিজ্ঞতা তার আছে। অনেক কিছুই সে জানে। আমাদের দলেও আগে নানা সময়ে কাজ করেছে। আমাদের মনে হয়েছে, এই সিরিজের জন্য সে আদর্শ পছন্দ হতে পারে।”
২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ ছিলেন ল্যাঙ্গাভেল্ট। চুক্তি যদিও ছিল আরও ১০ মাসের, তবে দক্ষিণ আফ্রিকা থেকে প্রস্তাব পাওয়ার পর বিসিবির চুক্তিটি ছেড়ে দিয়েছিলেন তিনি আগেভাগেই। সেটি ছিল তার দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় দফার দায়িত্ব। পরে কাজ করেছেন আরও একাধিক দফায়।
তবে এবার বাংলাদেশের সঙ্গে তার পুরোনো সংযোগটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছে দক্ষিণ আফ্রিকার ম্যানেজমেন্ট। বাংলাদেশের এই দলের অনেকের সম্পর্কেই তিনি ভালো করে জানেন। প্রধান কোচ কনরাড তো সরাসরি বলেই দিলেন, শুধু বোলারদের জন্যই নয, প্রোটিয়া ব্যাটসম্যানদের প্রস্তুতিতেও ভূমিকা রাখবেন ল্যাঙ্গাভেল্ট।
“(বাংলাদেশকে ভালোভাবে জানে বলেই) তো তাকে এই সিরিজে আনা হয়েছে! ওদের বোলারদের সম্পর্কে অনেক ধারণাই আমরা তার কাছ থেকে পেতে পারি। সে শুধু বোলারদের মিটিংয়েই থাকবে না, ব্যাটারদের মিটিংয়েও থাকবে এবং অনেক আইডিয়া ভাগাভাগি করবে। তার মতো সামর্থ্যের একজনকে যখন পাওয়া যায়, সেটা কাজে না লাগানোই হবে বোকামি। আমার ধারণা, এই সিরিজে তার প্রভাব থাকবে প্রচুর।”
