বাফেলো পার্কের উইকেট নিয়ে ধন্দ ও ষষ্ঠ বোলারের খোঁজ
পাঁচ বোলারের বাড়তি কোনো বোলিং বিকল্প রাখার সুযোগ নেই বাংলাদেশের একাদশে, তাই গুরুত্ব দিয়ে বোলিং অনুশীলন করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
নাজমুল হোসেন শান্তর বল খেলছিলেন ইয়াসির আলি চৌধুরি। বলটা এত বেশি টার্ন করল যে, হতভম্ব হয়ে ঠিকঠাক খেলতে পারলেন না ব্যাটসম্যান। বোলার শান্ত হাসতে হাসতে বললেন, “আমি কিছু করি নাই… আমি কিছু করি নাই…।” সংবাদকর্মীরা দাঁড়িয়ে ছিলেন পাশেই। সেদিকে তাকিয়ে শান্ত হাত ইশারায় দেখিয়ে বললেন, “অ্যাত্ত বড় টার্ন করেছে ভাই…!”
আরেকটি নেটে বোলিং করছিলেন তাসকিন আহমেদ। নিজের একটি কাটারে মুগ্ধ হয়ে অভিজ্ঞ এই পেসার বলে উঠলেন, “এই উইকেটে আমিও মুস্তাফিজ হয়ে গেছি…।”
এই দুটি ঘটনা থেকেই পরিষ্কার, উইকেট মন্থর, বল গ্রিপ করছে, কাটার ধরছে, টার্ন মিলছে। তবে কুগুম্পো সিটির বাফেলো পার্কে রোববারের এই দৃশ্যগুলি নেট সেশনের। মূল মাঠের উইকেট কেমন হবে?
দুদিন পর এখানেই শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। দুই দলেরই ম্যাচ ভেন্যুতে প্রথম অনুশীলন সেশন ছিল রোববার।
বোলিংয়ের পর লম্বা সময় ব্যাটিং অনুশীলন করে ড্রেসিং রুমে ফেরার পথে তাসকিন বলছিলেন, “উইকেট ওইভাবে দেখিনি। অনেক সময় তো নেটের উইকেট ও মাঠের উইকেট আলাদা থাকে। তবে আমার মনে হচ্ছে, উইকেট ধীরগতিরই হবে। দক্ষিণ আফ্রিকায় এই সময়টায় বল অনেক সময় উইকেটে ধরে (গ্রিপ করে)।”
বাংলাদেশের অনুশীলনে শান্তর সঙ্গে ওই একই নেটে লম্বা সময় বোলিং করলেন তাওহিদ হৃদয়ও। টেস্ট সিরিজের আগেও এই দৃশ্য দেখা গিয়েছিল। ওয়ান্ডারার্স ও সেঞ্চুরিয়নের নেটে লম্বা সময় বোলিং করেছিলেন হৃদয় ও মুমিনুল। অনিয়মিত বোলারদের এত সময় ধরে বোলিং অনুশীলনের পেছনে দুটি কারণ থাকতে পারে- উইকেটের প্রয়োজনে আর দলের প্রয়োজনে।
উইকেটের প্রয়োজনের কথা তো বলা হলোই। এমনিতে উইকেটের চরিত্র যেমনই হোক, বাংলাদেশের একাদশে দুজন স্পিনার হয়তো থাকবেনই। মেহেদী হাসান মিরাজের সঙ্গী হবেন রিশাদ হোসেন ও তানভির ইসলামের মধ্যে একজন। তবে উইকেট যদি সত্যিই মন্থর হয়, তখন স্পিনে আরও একটি বিকল্প থাকলে অধিনায়কের একটু স্বস্তির অবকাশ থাকে।
তবে অনুশীলনে হৃদয় ও শান্তর লম্বা সময় হাত ঘোরানোর পেছনে আসলে দলের প্রয়োজনটাই বড় হওয়ার কথা। আগের স্কোয়াড থেকে সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেনরা বাদ পড়ায় দলের ভারসাম্রে চোট লেগেছে কিছুটা। এই স্কোয়াডে এখন আর এমন ব্যাটসম্যান নেই, যারা কাজ চালানোর মতো বোলিং করতে পারেন।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশের যে দু-তিনটি ছবি দাঁড় করানো যায়, কোনোটিতেই আসরে মুর পাঁচ বোলারের বাইরে বাড়তি বিকল্প রাখার সুযোগ নেই। ওয়ানডেতে যে কোনো দলের জন্যই তা বড় ঘাটতি। হৃদয় ও শান্তকে বোলার বানানোর চেষ্টা হয়তো সেই কারণেই।
বোলিং নিয়ে দুজনকে বেশ সিরিয়াসও দেখা গেল অনুশীলনে। নেটে বোলিং হলেও ব্যাটসম্যানদের জন্য কল্পিত মাঠ সাজিয়ে বিভিন্ন পজিশনে ফিল্ডার রেখেই বল করছিলেন দুজন। টেস্ট সিরিজের আগে থেকেই নেটে হৃদয়ের সঙ্গে নিবিড়ভাবে প্রচুর কাজ করতে দেখা যাচ্ছে যাকে, সেই স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ যথারীতি এ দিনও ছিলেন সক্রিয়।
নেটে খুব কাছ থেকে হৃদয়ের বোলিংয়ের ভিডিও করছিলেন দলের পারফরম্যান্স অ্যানালিস্ট অনিক নিয়োগী। তিনি হৃদয়কে পরামর্শ দিচ্ছিলেন কখনও জোরে, কখনও ধীরে, বিভিন্ন গতিতে বোলিং করতে। সেই ভিডিও দেখে হৃদয়কে নানারকম পরামর্শ দিচ্ছিলেন মুশতাক। হৃদয়ও কখনো জোরে বোলিং করে বলছিলেন, ‘এটা ৯০ কিলোমিটারের মতো হবে”, কখনও বল ভাসিয়ে দিয়ে বলছিলেন, “এটা ৭৯-৮০ কিলোমিটার হতে পারে।”
ওয়ানডে ক্যারিয়ারে ৫৮ বল খেলে এখনও পর্যন্ত কেবল একটি বল করেছেন হৃদয়। তবে কদিন আগে সেঞ্চুরিয়ন টেস্টে ১২ ওভার বোলিং করে সেঞ্চুরিয়ান ভিয়ান মুল্ডারের উইকেট নেওয়ার পর তার আত্মবিশ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি থাকার কথা। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুটি উইকেট তার আছে।
বোলার হিসেবে আপাতত একটু এগিয়ে রাখা যায় শান্তকে। ওয়ানডে ক্রিকেটেই দুটি উইকেট তার আছে। অনুশীলনে নানা কিছু চেষ্টা করছিলেন তিনি। একটা পর্যায়ে স্পিন বোলিং কোচকে বললেন, “অ্যাকশন রিপিটেবল হচ্ছে না মনে হয়। আরেকটু রিপিটেবল করার চেষ্টা করছি…।” তাকে কিছু পরামর্শ দিলেন মুশতাক।
মূল দুই স্পিনার রিশাদ ও তানভিরকেও নানারকম পরামর্শ দিলেন মুশতাক। তনভিরের বলের গতিটা নিয়ে কাজ করছিলেন তিনি। এক পর্যায়ে বললেন, “৮০-৮১ কিলোমিটার রাখতে পারলেই তোমার সুইং হচ্ছে, টার্নও হচ্ছে…।”
এসব অনুশীলন আসলে প্রক্রিয়ারই অংশ। মূল কাজটি করতে হবে মাঠেই। তাসকিন যেমন বলে গেলেন, “পরশু মাঠে নামার পরই বোঝা যাবে উইকেটের ব্যবহারটা কেমন হবে আসরে… উইকেটের দাবী যেমন, সেভাবেই বল করতে হবে।”
