এবার স্পিনার হৃদয়কে দেখার অপেক্ষা
জোহানেসবার্গ টেস্টে প্রয়োজন হতে পারে তাওহিদ হৃদয় ও মুমিনুল হকের বোলিং, দুজনকেই তাই লম্বা সময় বোলিং অনুশীলন করতে দেখা গেল।
নেটে ততক্ষণে আধ ঘণ্টার বেশি বোলিং করে ফেলেছেন তাওহিদ হৃদয়। এক পর্যায়ে ব্যাটসম্যান মুমিনুল হককে বললেন, “বোলিং কেমন হচ্ছে ভাই?” মুমিনুল ‘থামস-আপ’ দেখিয়ে, মাথা নাড়িয়ে জানালেন, ‘ভালো হচ্ছে।” এবার হৃদযের ঝটপট “তাহলে একটু বলেন যে ভালো হচ্ছে! অ্যাপ্রিশিয়েট করেন… একটু ইনস্পায়ার্ড হই…!”
খুব সিরিয়াস কণ্ঠে বললেও পরক্ষণে হাসিতে হৃদয় বুঝিয়ে দিলেন, মজা করেই বলেছেন তিনি। তবে কতাটায় ভুল নেই। প্রশংসা তার প্রয়োজন বটে। ব্যাটসম্যান যখন বোলার হয়ে ওঠেন, বাড়তি কিছু প্রেরণা তার তো লাগেই!
জোহানেসবার্গের নেটে বাংলাদেশের প্রথম দিনের অনুশীলনে বৃহস্পতিবার সবার আগে যে চারজন নেটে ব্যাটিংয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন হৃদয়। দ্বিতীয় দিনে শুক্রবার দেখা গেল উল্টো চিত্র। নেটে বোলিং শুরু করলেন যারা, তাদের মধ্যে একজন হৃদয়!
ওয়ান্ডারার্স স্টেডিয়ামের চারটি নেটের একটি বরাদ্দ ছিল স্পিনারদের জন্য। সেখানে তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে দেখা গেল হৃদয়কেও। দুই বিশেষজ্ঞ স্পিনারের চেয়ে বেশি বোলিং করলেন এই নয়া স্পিনারই।
এর আগে অবশ্য একটু মজাও হয়ে যায় নেটে। অনুশীলনের শুরুতে মিরাজ বলে বসেন, “আমি আজকে পেস বোলিং করব।’ যেমন বলা, তেমনই কাজ। বেশ কসরত করে পেস বোলিং শুরু করলেন তিনি!
বাংলাদেশের হয়ে টেস্ট ম্যাচেও পেস বোলিং করেছিলেন সাবেক অফ স্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন। তবে মিরাজের সেরকম খায়েশ নেই। মজা করেই আসলে দু-তিনটি পেস ডেলিভারি করে তিনি ফিরে এলেন স্পিনারদের নেটে। তবে সেখানে মূল আকর্ষণ হৃদয়।
স্টাম্পের পেছনে দাঁড়িয়ে গভীর মনোযোগে হৃদয়ের বোলিং দেখলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। প্রায় প্রতি ডেলিভারির পরই কিছু না কিছু পরামর্শ দিলেন তিনি। হৃদয়ের কাঁধের অবস্থান, কনুইয়ের অবস্থান, ডেলিভারি স্ট্রাইডের নানা কিছু দেখিয়ে দিলেন। হৃদয়ও চেষ্টা করলেন শুধরে নিতে।
এক পর্যায়ে হৃদয় চেষ্টা করলেন ভিন্ন কিছু করতে। তাতে বাজে একটি ডেলিভারি হয়ে গেল। মুশতাক সঙ্গে সঙ্গে সতর্ক করে দিলেন, “উহু… কোনো ম্যাজিক ডেলিভারির তো দরকার নেই তোমার! তুমি স্রেফ জায়গায় বল রেখে যাও, বেসিক কাজটা করো…।”
সেই কাজের অভিজ্ঞতা এমনিতে হৃদয়ের খুব একটি নেই। ১২৮ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি হাত ঘুরিয়েছেন স্রেফ দুটি ম্যাচে, করেছেন মোটে তিনটি ডেলিভারি। বয়সভিত্তিক ক্রিকেটে অবশ্য মাঝেমধ্যেই বল হাতে নিতেন। যুব ওয়ানডেতে ৯টি উইকেটও আছে। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ছয়টি উইকেট আছে, এর মধ্যে এক ইনিংসে নিয়েছেন তিনটি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আছে দুটি উইকেট।
তবে টেস্ট ম্যাচে বোলিং করা, সেটিও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, সেটি তো ভিন্ন ব্যাপার!
দলের প্রয়োজনেই আসলে হৃদয় এই চ্যালেঞ্জ নিয়েছেন। এই সিরিজের স্কোয়াডে দুজন বিশেষজ্ঞ স্পিনার রেখেছে বাংলাদেশ। তবে দুজনের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও এই মাঠের সবশেষ টেস্টে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই দুই স্পিনার কেশাভ মহারাজ ও সাইমন হার্মার মিলে ম্যাচে নিয়েছিলেনন আট উইকেট। তার পরও অতি নাটকীয় কিছু না হলে বাংলাদেশ খেলাবে সর্বোচ্চ একজন স্পিনার। অলরাউন্ডার হিসেবে সেই জায়গাটি নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন মিরাজ।
যদিও এই মাঠের সবশেষ টেস্ট ম্যাচটি ছিল সাড়ে তিন বছর আগে। তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে, ওয়ান্ডারার্সের উইকেটে কিছুটা হলেও স্পিনারদের সহায়তা থাকে। এজন্যই মিরাজের সঙ্গে যদি কারও হাত ঘোরানোর প্রয়োজন পড়ে, সেই প্রস্তুতিই নিয়ে রাখছেন হৃদয়।
শুধু হৃদয়ই নয়, ব্যাটিং অনুশীলন মেষে লম্বা সময় বোলিং অনুশীলন করলেন মুমিনুর হকও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি উইকেট আছে তার। অলরাউন্ডার না হলেও একসময় মোটামুটি নিয়মিতই হাত ঘোরাতেন। ইদানিং বোলিংয়ে খুব বেশি দেখা যায় না তাকে। তবে এই টেস্টে প্রয়োজনে কাজ চালানোর জন্য তৈরি হয়ে থাকলেন তিনিও।
কৌতূহল বেশি থাকবে অবশ্য হৃদয়কে নিয়েই। আদৌ কি তিনি বোলিং করবেন? করলে কেমন করবেন? অনেক সময়ই ব্যাটিংয়ে খুব ফর্মে থাকা ব্যাটসম্যান সেই আত্মবিশ্বাস বয়ে নেন বোলিংয়ে। হৃদয়ের ক্ষেত্রেও হয়তো তেমন কিছুই আশা করছে দল।
