বৈশাখের দিনে ঘরে ফিরে ত্বকের যত্ন
রোদেপোড়া ত্বকের যত্নে ব্যবহার করা যায় টক দই, টমেটো আর শসার রস।
কড়া রোদে সারাদিন ঘোরাফেরার পরে ত্বকে দেখা দিতে পারে জ্বলুনি, লালচে ও পোড়াভাব।
তাই বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো মতো সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
রেড বিউটি স্যালনের কর্ণধার ও ‘উজ্জ্বলার’ সহ-প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন বলেন, “রোদে বাইরে যাওয়ার আগে মুখ, হাত, গলাসহ উন্মুক্ত থাকে এমন ত্বকে ভালো মতো সানস্ক্রিন মেখে নিতে হবে। আর রোদে ছাতা, স্কার্ফ বা ওড়না ব্যবহার করতে হবে।“
বাসায় ফিরে প্রথমেই ভালো মতো মুখ পরিষ্কার করে নিতে হবে। মুখে জমে থাকা ময়লা, সানস্ক্রিন ও মেইকআপ তুলতে অবশ্যই ‘ডাবল ক্লেঞ্জিং’ করে নিতে হবে।
ফেইশ ওয়াশ ব্যবহার করতে হবে ত্বকের ধরন বুঝে। ত্বকের পিএইচ’য়ের ভারসাম্য রক্ষায় টোনার দিয়ে মুখ মুছে ত্বকের প্রয়োজন অনুসারে সেরাম এবং শেষে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।
এটা ত্বকের প্রতিদিনকার পরিচর্যার রুটিন। ত্বক সুস্থ রাখতে চাইলে এই রুটিন নিয়মিত অনুসরণ করতে হবে।
বৈশাখে রোদে বাইরে ঘোরাঘুরি করলে বাসায় ফিরে স্বাভাবিক পরিচর্যার পাশাপাশি প্রাকৃতিক কিছু উপকরণ ব্যবহার করলে ত্বক শীতল হবে। রোদের জ্বালা পোড়া ও পোড়াভাব কমবে।
বাসায় ফিরে মুখে প্রচুর ঠাণ্ডা পানির ঝাপ্টা দিতে হবে। সম্ভব হলে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করে নেওয়া ভালো।
আফরোজা পারভীন বলেন, “রোদে পোড়াভাব কমাতে প্রাকৃতিক উপাদান উপকারী। এক্ষেত্রে টক দই চমৎকার কাজ করে।”
বাসায় ফিয়ে ত্বকে টক দই মেখে ১৫ থেকে মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। আরও ভালো ফলাফল পেতে চাইলে এতে সামান্য হলুদ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করা যায়।
অ্যালো ভেরা ত্বক শীতল করে আরাম দেয়। তাজা অ্যালো ভেরা অথবা বাজারে কিনতে পাওয়া যায় এমন অ্যালো ভেরার জেল রেফ্রিজারেইটরে রেখে ব্যবহার করা যেতে পারে।
টমেটো খুব ভালো প্রাকৃতিক ব্লিচিংয়ের কাজ করে। টমেটোর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করা যেতে পারে।
এছাড়াও শসা মিহি কুচি করে এর রস ত্বকে ব্যবহার করা যায়। এছাড়া যে কোনো প্যাক তৈরিতে শসার রস ব্যবহার করেও উপকৃত হওয়া যায়।
পাকা পেঁপে ত্বকের জন্য উপকারী। এর সঙ্গে মধু মিশিয়ে ব্যবহারে আরও ভালো ফলাফল দেয়।
উপরের এই উপকরণগুলো ত্বক ঠাণ্ডা রাখে। রোদে পোড়াভাব কমাতে সহায়তা করে।
বাসায় ফিরে এসব প্যাক ব্যবহারে ত্বকে আরাম হবে। আর টানা কয়েকদিন ব্যবহারে রোদে পোড়া কালচে দাগ দূর হয়ে যাবে জানান এই রূপবিশেষজ্ঞ।
