২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ঘুমের অভাবে হতে পারেন অসুখী

ছাড়া ছাড়া ঘুম অথবা বেশি জেগে থাকা- অপর্যাপ্ত ঘুমে মনে বাজে প্রভাব পড়ে।

ঘুমের অভাবে হতে পারেন অসুখী

ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2023, 12:46 PM

Updated : 24 Dec 2023, 12:46 PM

সব কিছুই ঠিকঠাক চলছে। তারপরও মনে আনন্দ নেই।

সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, এর কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব। এমনকি ঘুম না হওয়ার জন্য উদ্বিগ্ন বোধ হতে পারে সারাক্ষণ।

যুক্তরাষ্ট্রের বোজম্যান’য়ে অবস্থিত ‘মন্টানা স্টেট ইউনিভার্সিটি’র ‘স্লিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব’য়ের পরিচালক, সহকারী অধ্যাপক ও সহ-গবেষক কারা পামার সিএনএন’কে ইমেইল বার্তায় জানান, “আমরা দেখেছি সব ধরনের অপর্যাপ্ত ঘুম- পুরোপুরি ঘুম না হওয়া, অল্প ঘুম হওয়া ও ছাড়া ছাড়া ঘুমের কারণে আবেগের পরিবর্তন হয়। সবচেয়ে জোড়ালে যে প্রভাবটা ঘটে তা হল ইতিবাচক মনোভাব কমে।”

আরও দেখা গেছে, ঘুমের অভাবে উদ্বিগ্ন হওয়ার অনুভুতি বেশি জাগে। আর অংশগ্রহণকারীদের মধ্যে বেশিরভাগই জানিয়েছেন যে, এর ফলে চাপা আবেগ বেশি কাজ করে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্যানুসারে, ১৮ বছরের ওপরে প্রাপ্তবয়স্কদের রাতে অন্তত সাত ঘণ্টা নির্ভেজাল ঘুম প্রয়োজন।

এই গবেষণায় আরও দেখা গেছে- অপর্যাপ্ত ঘুমের কারণে স্থূলতা, হৃদরোগ, স্মৃতিভ্রংশ রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। সেই সাথে হয় মেজাজের ক্ষয়।

গবেষণার আরেক সহ-গবেষক জো বোয়ার বলেন, “সারা বিশ্বে প্রায় প্রত্যেকরই পর্যাপ্ত ঘুম হয় না। আর সেটা সপ্তাহে অন্তত পাঁচ দিন।”

ইংল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাঙলিয়া’র এই প্রভাষক ইমেইলে আরও জানান, “আমাদের পর্যবেক্ষণে দেখা গেছে এই কারণে হওয়া মানসিক স্বাস্থ্যের সম্ভাব্য পরিণতি হিসেবে মানসিক সমস্যা দ্রুত বাড়তে পারে।”

অপর্যাপ্ত ঘুমের ধরন

‘আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন’য়ের সাময়িকী ‘সাইকোলজিক্যাল বুলেটিন’য়ে প্রকাশিত এই পর্যবেক্ষণের জন্য ১৫৪টি গবেষণা থেকে তথ্য সংগ্রহণ করা হয়; যেগুলো গত পাঁচ যুগ ধরে ৫ হাজার মানুষের ওপর করা হয়েছে।

এসব গবেষণার অংশগ্রহণকারীদের অপর্যাপ্ত ঘুমের অভিজ্ঞতার জন্য একের অধিক রাত জাগিয়ে রাখা হয়, ঘুমের মধ্যে মাঝে মাঝে জাগিয়ে দেওয়া হয় আর সাধারণভাবে জেগে ওঠার সময়ে আগেই জাগিয়ে দেওয়া হয়।

এরপর অংশগ্রহণকরীদের উদ্বিগ্ন, মানসিক চাপ, মেজাজের ওপর পরীক্ষা চালানো হয়।

পামার বলেন, “সাধারণভাবে দেখা গেছে আধো ঘুমের সমস্যা বা ছাড়া ছাড়া ঘুমের চাইতে মোট অপর্যাপ্ত ঘুম মন-মেজাজের ওপর বেশি প্রভাব ফেলে।”

তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, অল্প সময়ের অপর্যাপ্ত ঘুমের কারণেও ইতিবাচক মনোভাবে প্রভাব পড়তে দেখা গেছে। সেটা হতে পারে স্বাভাবিক সময়ের চাইতে দুয়েক ঘণ্টা বেশি জেগে থাকা বা কয়েক ঘণ্টা না ঘুমানো।

এই বিষয়ে গবেষণায় অন্তর্ভুক্ত না থেকেও ‘ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া’স কেক স্কুল অফ মেডিসিন’য়ের ক্লিনিকাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. রাজ দাসগুপ্তা বলেন, “এই ‘বিশাল’ মেটা-বিশ্লেষণ জোর দেয় যে, মানসিক স্বাস্থ্যের সাথে ঘুমের জোড়ালো সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, “গবেষণায় যেমন দেখা গেছে অপর্যাপ্ত ও গুনগত ঘুমের অভাবে মানসিক চাপ ও অবস্থা, রাগ, ‍দুঃখ বেশি অনুভূত হয়, তেমনি স্বাভাবিক ঘুমের কারণে এই মানসিক অবস্থার নাটকীয় উন্নতি ঘটে।”

আরও পড়ুন

পুরানো খবর:

মধ্যরাতের আগে না ঘুমিয়ে যে ভুল হচ্ছে

পুরানো খবর:

ঘুমের সমস্যা থেকে মস্তিষ্কে আঘাত

পুরানো খবর:

বিষণ্নতা কাটাতে করণীয়