মুষলধারে বৃষ্টিতে কাপড় শুকাতে
ভেজা কাপড় ঠিকমতো না শুকালে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
বর্ষার সময়ে সবচেয়ে বড় ঝামেলাগুলোর একটি হল কাপড় শুকানো। টানা বৃষ্টি, আর্দ্র আবহাওয়া আর সূর্যের আলোর অভাবে কাপড় ভেজাই থেকে যায়, অনেক সময় দুর্গন্ধও তৈরি হয়।
ঘরের ভেতরে কাপড় শুকাতে গিয়ে আবার জায়গার অভাব বা বাতাস চলাচলের সমস্যা দেখা দিতে পারে।
তবে পরিকল্পনা করে কাপড় ধোয়া ও শুকানোর পন্থায় বর্ষাকালেও কাপড় পরিষ্কার ও শুকনা রাখা কঠিন নয়।
আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনা
বর্ষাকালে কাপড় ধোয়ার আগে আবহাওয়ার দিকে একটু নজর দেওয়া জরুরি। টানা বৃষ্টি থাকলে একসঙ্গে বেশি কাপড় না ধুয়ে কম কম করে ধোয়াই ভালো। এতে দ্রুত শুকানোর সুযোগ পাওয়া যায়।
একই সঙ্গে এমন সময় বেছে নেওয়া উচিত যখন বৃষ্টি কিছুটা কম থাকে বা বাতাস চলাচল ভালো থাকে। এতে শুকানোর সময়ও কম লাগে।
পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া
কাপড় ধোয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল- পানি ভালোভাবে ঝরিয়ে নেওয়া। কাপড় যত কম ভেজা থাকবে, ততই দ্রুত শুকাবে। হাতে কেচে হলে ভালোভাবে মুচড়ে নিতে হবে, আর যন্ত্রে ধোয়া হলে অতিরিক্ত পানি বের করার ব্যবস্থা ব্যবহার করা উচিত।
“প্রয়োজনে মোটা তোয়ালে দিয়ে কাপড় জড়িয়ে চাপ দিলে অতিরিক্ত পানি বের হয়ে যায়, যা শুকানোর সময় কমিয়ে দেয়” বলেন সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহায়ণ ও গৃহব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক রিনাত ফৌজিয়া।
ঘরের ভেতরে সঠিক জায়গা নির্বাচন
বৃষ্টির দিনে কাপড় শুকানোর জন্য ঘরের ভেতরে এমন জায়গা বেছে নিতে হবে যেখানে বাতাস চলাচল ভালো হয়। জানালার পাশে, বারান্দা বা দরজার কাছাকাছি জায়গা সবচেয়ে ভালো।
এক জায়গায় অনেক কাপড় একসঙ্গে গাদাগাদি করে না রেখে দূরত্ব রেখে ঝুলাতে হবে, যাতে বাতাস সহজে চলাচল করতে পারে। এতে কাপড় দ্রুত শুকায় এবং দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও কমে- পরামর্শ দেন এই অধ্যাপক।
পাখা বা বাতাসের ব্যবহার
যখন বাইরে রোদ নেই, তখন ঘরের ভেতরে বাতাস তৈরি করাই সবচেয়ে কার্যকর উপায়। পাখা চালিয়ে কাপড়ের দিকে বাতাস দিলে শুকানোর গতি অনেক বেড়ে যায়।
একই সঙ্গে জানালা খোলা রাখলে প্রাকৃতিক বাতাসও সাহায্য করে। যাদের ঘরে বাতাস কম ঢোকে, তারা পাখার ব্যবহার বাড়াতে পারেন।
পাতলা ও হালকা কাপড় আলাদা রাখা
সব কাপড় একসঙ্গে না শুকিয়ে আলাদা করে শুকানো ভালো। পাতলা ও হালকা কাপড় আগে শুকানো উচিত, কারণ এগুলো দ্রুত শুকায়।
“ভারী কাপড়, যেমন- জিন্স বা মোটা তোয়ালে শুকাতে বেশি সময় নেয়, তাই এগুলো আলাদা জায়গায় ঝুলিয়ে রাখা উচিত। এতে সব কাপড় একসঙ্গে ভিজে থাকার সমস্যা হয় না”- বলেন এই রিনাত ফৌজিয়া।
দুর্গন্ধ এড়াতে সতর্কতা
বৃষ্টির দিনে কাপড় ভেজা অবস্থায় বেশি সময় থাকলে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই কাপড় ধোয়ার পর দ্রুত শুকানোর ব্যবস্থা করতে হবে।
প্রয়োজনে হালকা সুগন্ধযুক্ত সাবান বা পরিষ্কারক ব্যবহার করা যেতে পারে। যদি কাপড়ে দুর্গন্ধ তৈরি হয়, তাহলে আবার ধুয়ে নেওয়াই ভালো, কারণ ভেজা গন্ধ সহজে দূর হয় না।
অতিরিক্ত তাপের ব্যবহার সতর্কভাবে
অনেকে দ্রুত শুকানোর জন্য অতিরিক্ত তাপ ব্যবহার করেন, যেমন- গরম যন্ত্রের কাছাকাছি কাপড় রাখা। তবে এতে কাপড়ের ক্ষতি হতে পারে, বিশেষ করে নরম বা সংবেদনশীল কাপড়ের ক্ষেত্রে।
রিনাত ফৌজিয়া বলেন, “তাই সরাসরি তাপ না দিয়ে হালকা উষ্ণ পরিবেশ তৈরি করা ভালো। এতে কাপড়ের গুণগত মান ঠিক থাকে।”
রাতের বদলে দিনের সময় বেছে নেওয়া
বর্ষাকালে রাতে বাতাস কম থাকে এবং আর্দ্রতা বেশি হয়। তাই দিনের সময় কাপড় শুকানো বেশি কার্যকর।
সকালে ধুয়ে দিলে দিনের আলো ও বাতাস কাজে লাগানো যায়। এতে শুকানোর সময় কম লাগে এবং কাপড় সতেজ থাকে।
ছোট জায়গার সর্বোচ্চ ব্যবহার
ঘরে জায়গা কম থাকলে উঁচুতে কাপড় ঝুলানোর ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া দেয়ালের পাশে দড়ি বা স্ট্যান্ড ব্যবহার করেও একাধিক স্তরে কাপড় শুকানো যায়। এতে জায়গা বাঁচে এবং সব কাপড় একসঙ্গে শুকানো সম্ভব হয়।
তবে খেয়াল রাখতে হবে যেন কাপড়ের মধ্যে যথেষ্ট ফাঁকা থাকে।
আরও পড়ুন
