বৃষ্টিতে সাদা কাপড়ে কাদার ছিটা, ওঠানোর উপায় আছে বেশ কটা
কাদার ছিটা লাগার সাথে সাথে ঘষে পরিষ্কার করাটাই মস্ত বড় ভুল।
সকালে বেরোনোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছিল, সাদা পাঞ্জাবি বা সাদা কামিজটা আজ একদম মানিয়েছে। তবে অফিসে পৌঁছানোর আগেই রাস্তায় একটা গাড়ি পাশ দিয়ে যেতেই— ছপাৎ। কাদার ছিটা এসে পড়ল পোশাকের ঠিক সামনে। মুহূর্তের মধ্যে মনটা খারাপ হয়ে গেল।
বৃষ্টির দিনে এই দৃশ্য ঢাকার রাস্তায় নিত্যনৈমিত্তিক। রিকশা থেকে নামতে গিয়ে, ফুটপাতে হাঁটতে গিয়ে, এমনকি দাঁড়িয়ে থাকতে থাকতেও হঠাৎ কাদার ছিটা এসে পড়তে পারে পোশাকে।
সাদা কাপড়ে এই দাগ বিশেষভাবে চোখে পড়ে বলে অনেকেই মনে করেন, পোশাকটা বুঝি আর পরা যাবে না।
তবে সেটা ঠিক নয়। সঠিক নিয়ম জানলে এই দাগ তোলা আসলে মোটেই কঠিন নয়।
প্রথম ভুলটাই সবচেয়ে বড় — ভেজা কাদা ঘষতে যাবেন না
ঢাকার বাবর রোডের ‘মা লন্ড্রি’র কর্ণধার মাজহারুল ইসলাম বছরের পর বছর ধরে মানুষের পোশাকের দাগ তুলে আসছেন।
তাকে জিজ্ঞেস করলে প্রথমেই বলেন, “একটাই কথা, কাদা লাগলে সঙ্গে সঙ্গে ঘষতে যাবেন না। এটাই সবচেয়ে বড় ভুল।”
কারণটা সহজ। ভেজা কাদা যখন কাপড়ে লাগে, তখন সেটা কাপড়ের ভেতরে ঢোকেনি পুরোপুরি। এই সময় ঘষলে কাদার কণাগুলো কাপড়ের সুতার গভীরে চলে যায়, দাগ আরও ছড়িয়ে পড়ে, বড় হয়। তখন তোলা আরও কঠিন হয়ে যায়।
“সঠিক কাজ হল— কাদাটা শুকাতে দেওয়া। শুকিয়ে গেলে হাত দিয়ে বা নরম ব্রাশ দিয়ে হালকা করে ঝেড়ে ফেলুন। দেখবেন কাদার বড় অংশটাই উঠে গেছে, শুধু হালকা দাগটুকু রয়েছে। এরপর পরিষ্কার করা অনেক সহজ”- পরামর্শ দেন মাজহারুল ইসলাম।
ঠাণ্ডা পানিই প্রথম সমাধান
কাদা ঝেড়ে ফেলার পর এবার পানির পালা। তবে এখানেও একটু সাবধান— পানি ঠাণ্ডা হতে হবে, গরম নয়।
কাপড়ের উল্টো দিক থেকে ঠাণ্ডা পানি ঢালুন দাগের জায়গায়। উল্টো দিক থেকে দেওয়া হয় কারণ এতে পানি দাগকে কাপড়ের ভেতর ঠেলে ঢোকানোর বদলে বাইরে বের করে আনে।
মাটির ছোট ছোট কণাগুলো সুতার ফাঁক দিয়ে বেরিয়ে আসে।
গরম পানি এই পর্যায়ে ব্যবহার করলে বিপদ বাড়ে। গরম পানি দাগকে কাপড়ের আঁশে আটকে দেয়, স্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ে। তাই দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত গরম পানি এড়িয়ে চলতে হবে।
তরল ডিটারজেন্ট — অল্প একটু, কিন্তু কাজ বড়
পানি দিয়ে প্রাথমিক ধোয়ার পর এবার তরল ডিটারজেন্টের পালা। দাগের জায়গায় অল্প একটু ডিটারজেন্ট লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে। তাড়াহুড়ো করা যাবে না।
এই অপেক্ষার সময়টুকুতে ডিটারজেন্ট কাপড়ের সুতার ভেতরে ঢুকে দাগের কণাগুলো ভাঙতে শুরু করে।
এরপর নরম টুথব্রাশ বা আঙুল দিয়ে হালকা হাতে গোলাকারভাবে ঘষতে হবে। জোরে ঘষার দরকার নেই, বরং ধীরে ধীরে ঘষলেই ডিটারজেন্ট আরও ভালো কাজ করে।
সাদা কাপড়ের জন্য সাদা বা স্বচ্ছ তরল ডিটারজেন্ট বেছে নিন। রঙিন ডিটারজেন্ট থেকে সাদা কাপড়ে আলাদা দাগ পড়ার ঝুঁকি থাকে।
বেইকিং সোডা — রান্নাঘরেই আছে দাগের মহৌষধ
দাগটা একটু পুরানো হয়ে গেলে বা তখন বের করুন বেকিং সোডা। এটি প্রায় সব রান্নাঘরেই থাকে।
সামান্য পানির সঙ্গে বেইকিং সোডা মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট দাগের ওপর লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
বেইকিং সোডার ক্ষারীয় গুণ দাগের কণাগুলো ভেঙে দেয়, কাপড় থেকে আলগা করে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
এই পদ্ধতিতে শুধু কাদার দাগ নয়, ঘাসের দাগ বা অনেক পুরানো হালকা দাগও উঠে আসে।
অক্সিজেন ব্লিচ, তবে সাবধানে
উপরের সব পদ্ধতিতে দাগ না উঠলে তখন ব্যবহার করা যায় অক্সিজেন ব্লিচ। তবে ব্যবহারের আগে কাপড়ের গায়ে লাগানো লেবেলটা একবার দেখে নিতে হবে— কাপড়টি ব্লিচ সহ্য করতে পারবে কি-না, সেটা সেখানে লেখা থাকে।
সাদা সুতার কাপড়ে অক্সিজেন ব্লিচ সাধারণত নিরাপদ। তবে ক্লোরিন ব্লিচ থেকে সাবধান — এটি সাদা কাপড়েও কাপড়ের সুতা নষ্ট করে দিতে পারে।
রোদে দেওয়ার আগে একবার দেখুন
ধোয়া শেষে রোদে দেওয়ার আগে ভালো করে দেখুন দাগ উঠেছে কি-না। অনেকে এই ধাপটা এড়িয়ে যান। এটাই পরে আফসোসের কারণ হয়।
কারণ ভেজা কাপড়ে দাগ চোখে না পড়লেও রোদে শুকানোর পর সেটা স্পষ্ট হয়ে যায়। আর একবার রোদে বসে গেলে দাগ তোলা অনেক বেশি কঠিন হয়ে পড়ে।
তাই দাগ আছে মনে হলে আরেকবার পরিষ্কার করে নিন, তারপর শুকাতে দিন।
বর্ষায় সাদা কাপড়, ভয় নেই
সাদা কাপড় দেখলে মনে হয় যেন সবচেয়ে নাজুক জিনিস, একটু লাগলেই শেষ। আসলে বিষয়টা তেমন নয়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বেশিরভাগ দাগই উঠে যায়। দরকার শুধু একটু ধৈর্য আর সঠিক নিয়মটুকু জানা।
মাজহারুল ইসলামের কথায়, “মানুষ চিন্তায় পড়ে যায় দাগ দেখলেই। আসলে কাদার দাগ এমন কিছু না, ঠিকঠাক পরিষ্কার করলে সাদা কাপড় আবার সাদাই হয়।"
তাই বর্ষায় প্রিয় সাদা পোশাকটা তুলে রাখবেন না আলমারির কোণে।
আরও পড়ুন
