২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে কম্বল ড্রাইওয়াশ করানো উচিত

শুধু পরিষ্কার নয়, রোগ জীবাণুর আক্রমণ থেকে দূরে থাকতেও কম্বল ড্রাইওয়াশ জরুরি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 02:04 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

শীত এলেই কম্বল বের হয়। দিনের পর দিন গায়ে জড়িয়ে, মুখের খুব কাছে রেখে ব্যবহার করা এই কম্বলই অনেক সময় অজান্তে স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হয়ে ওঠে।

বাইরে থেকে দেখতে পরিষ্কার মনে হলেও কম্বলের ভেতরে জমে থাকে ধুলা, ঘাম, মৃত ত্বককণা ও জীবাণু।

তাই শীতের মৌসুমে কম্বল ড্রাইওয়াশ করানো শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি সরাসরি স্বাস্থ্যের সঙ্গে জড়িত।

স্বাস্থ্যের জন্য ড্রাইওয়াশ যে কারণে জরুরি

কম্বল সাধারণ কাপড়ের মতো নিয়মিত ধোয়া হয় না। দীর্ঘদিন ব্যবহার করলে এর ভেতরে অ্যালার্জি সৃষ্টিকারী কণা ও জীবাণু জমে।

ড্রাইওয়াশ পদ্ধতিতে বিশেষভাবে এই ময়লা ও জীবাণু দূর করা হয়, যা ঘরে সাধারণ ধোয়াতে পুরোপুরি সম্ভব নয়।

“পরিষ্কার কম্বল ব্যবহার করলে সর্দি-কাশি, হাঁচি, নাক দিয়ে পানি পড়া বা অকারণে শরীর চুলকানোর মতো সমস্যা কমে আসে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি বেশি গুরুত্বপূর্ণ”- বলেন ‘হেল্থ এইড’ হাসপাতালের মেডিকেল অফিসার আফিফ বাসার।

শ্বাসের সমস্যা থাকলে আরও বেশি দরকার

যাদের হাঁপানি, অ্যালার্জি বা দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের জন্য ময়লা কম্বল বড় ঝুঁকি।

কম্বলের ভেতরের ধুলা ও জীবাণু শ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকে শ্বাস নিতে কষ্ট বাড়াতে পারে।

রাতে কম্বল গায়ে দিলে এসব কণা সরাসরি নাক-মুখের কাছাকাছি থাকে। ফলে সমস্যা আরও বেড়ে যেতে পারে বলেও জানান, এই চিকিৎসক।

ড্রাইওয়াশ করা কম্বল এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় এবং ঘুমও হয় স্বস্তিদায়ক।

ময়লা কম্বল যেভাবে ত্বকের সমস্যা তৈরি করে

ত্বক সরাসরি কম্বলের সংস্পর্শে থাকে। অপরিষ্কার কম্বলে জমে থাকা ঘাম ও জীবাণু ত্বকে চুলকানি, লালচে ভাব, ফুসকুড়ি এমনকি সংক্রমণও ঘটাতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে সমস্যা দ্রুত দেখা দেয়।

ড্রাইওয়াশ করলে কম্বলের ভেতরের ক্ষতিকর উপাদান দূর হয়, ফলে ত্বক থাকে নিরাপদ ও আরামদায়ক।

কম্বলের দীর্ঘ স্থায়িত্বের জন্য প্রয়োজন

অনেকে মনে করেন কম্বল যত কম ধোয়া হবে তত ভালো। বাস্তবে উল্টোটা ঘটে।

“ময়লা ও ঘাম জমে কম্বলের তন্তু দুর্বল হয়ে যায়, রং মলিন হয় এবং গন্ধ ধরে। ড্রাইওয়াশ পদ্ধতিতে কম্বলের গঠন ও নরমভাব অক্ষুণ্ন রেখে পরিষ্কার করা হয়। এতে কম্বল দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে এবং আগের মতো আরাম দেয়” বলেন ব্যান্ড বক্স সাভার শাখার ব্যবস্থাপক রিপন মিয়া।

দুর্গন্ধ ও অস্বস্তি দূর করতে

শীতের শেষে অনেক সময় কম্বল গুটিয়ে রাখার পর খুললে বাজে গন্ধ পাওয়া যায়। এই গন্ধ মূলত জমে থাকা আর্দ্রতা ও জীবাণুর কারণে।

ড্রাইওয়াশ করা কম্বল পরিষ্কার ও সতেজ থাকে, ব্যবহার করার সময় কোনো অস্বস্তি হয় না।

পরিবারের সবার জন্য নিরাপদ

একটি কম্বল অনেক সময় পরিবারের একাধিক সদস্য ব্যবহার করে। এতে জীবাণু একজন থেকে আরেক জনের শরীরে ছড়ানোর সম্ভাবনা থাকে। ড্রাইওয়াশ করানো হলে এই ঝুঁকি কমে এবং পুরো পরিবারের জন্য কম্বল হয় নিরাপদ।

ব্যবহারের আগেই ড্রাই ওয়াশ

বাজার থেকে নতুন কিনে আনাই হোক বা ঘরে থাকা আগের কম্বল- শীত মৌসুমে ব্যবহার শুরু আগেই ড্রাইওয়াশ করালে মৌসুমজুড়ে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এতে অসুস্থতা বা অস্বস্তি দেখা দেওয়ার আশঙ্কা কমে।

পাশাপাশি শীত শেষে সংরক্ষণের আগেও একবার পরিষ্কার করালে কম্বল ভালো থাকে।

ব্যান্ড বক্স, বেস্ট ক্লিন লিমিটেড, টপ ক্লিন ছাড়াও যেকোন ড্রাই-ক্লিনিং প্রতিষ্ঠানে কম্বল ড্রাই ওয়াশ করা যায়।

কম্বলের আকার ও ধরণ ভেদে খরচ পড়তে পারে ৩শ’ থেকে ৬শ’ টাকা। এছাড়া ড্রাই ওয়াশে দিলে দুতিন দিনেই কম্বল ফেরত পাওয়া যায়।

আরও পড়ুন

জিন্স বছরের পর বছর যেভাবে নতুন রাখা যায়

যে কারণে নতুন পোশাক পরার আগে ধোয়া জরুরি

যেসব জিনিস বাসন ধোয়ার সাবান দিয়ে পরিষ্কার করা ঠিক না