যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকার পন্থা
ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছু বিষয় রপ্ত করা জরুরি।
প্রতিদিনের জীবনযাপনে অতিরিক্ত চাপ বা অশান্ত পরিস্থিতিতে প্রায়ই পড়তে হয়। তবে এমন অবস্থায় কি সব সময় শান্ত থাকা সম্ভব?
শান্ত থাকা ব্যক্তিত্বের একটি দক্ষতা; যা কঠিন সময়ে, ব্যক্তিগত চ্যালেঞ্জে বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে পরিষ্কারভাবে ভাবতে, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
তবে শান্ত থাকা মানেই চাপকে উপেক্ষা করা নয় বরং নিজেকে সঠিক ভাবে পরিচালনা করা।
প্রস্তুতি নেওয়া জরুরি
যুক্তরাষ্ট্রের ‘র্যাপিড রেসপন্স অ্যাকাডেমি’র প্রতিষ্ঠাতা ও একজন অভিজ্ঞ সেবক সারা লরেঞ্জিনি, সিএনএন ডটকম’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “অত্যন্ত চাপের মধ্যে থাকলে শান্ত থাকতে শিখতে হয়।”
প্রায় ১০ বছর ধরে ‘রাপিড রেসপন্স নার্স’ হিসেবে কাজ করছেন তিনি। ‘রাপিড রেসপন্স একাডেমি’র সেবকদের জরুরি অবস্থা তৈরি হলে দ্রুত সারা দেওয়ার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়।
নিজের জীবনের অভিজ্ঞতা থেকে লরেঞ্জিনি শিখেছেন, জরুরি পরিস্থিতি মোকাবেলার আগে প্রস্তুতি নেওয়া জরুরি।
তার মতে, “একজন সফল নার্স হওয়ার জন্য যেমন সঠিক প্রশিক্ষণ প্রয়োজন, তেমনি দৈনন্দিন চাপ মোকাবিলার জন্যও শরীর ও মনকে প্রস্তুত রাখা দরকার।”
স্নায়ুতন্ত্রের সহনশীলতা
‘হার্ভার্ড মেডিকেল স্কুল’য়ের মনোরোগের অধ্যাপক ডা. ইননা খাজান, অশান্ত পরিস্থিতিতে স্নায়ুতন্ত্রের সহনশীলতা তৈরি করার পরামর্শ দেন একই প্রতিবেদনে।
এই পদ্ধতির মাধ্যমে শরীরে তৈরি হওয়া চাপকে ভারসাম্যে রাখা সম্ভব। এক্ষেত্রে, হৃদস্পন্দন পরিবর্তনের প্রশিক্ষণ বা ‘হার্ট রেট ভেরিয়েবিলিটি (এইচআরভি)’ বাড়ানোর কৌশল যেমন ‘রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ব্রিদিং’ কাজে আসে বলেও মতামত দেন ডা. ইননা খাজান।
রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ব্রেথিং চর্চা
এই চর্চার মাধ্যমে শরীরকে চাপের জন্য অনেকটাই প্রস্তুত করা সম্ভব। এ প্রক্রিয়ার মাধ্যমে হৃদস্পন্দন একটানা ওঠানামা করবে; যা স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করবে।
এই চর্চা, চাপ থেকে দ্রুত বের হয়ে পরিস্থিতি মোকাবিলায় মনোযোগী হতে দারুণ ভাবে সহায়তা করে।
‘রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি’ শ্বাসপ্রশ্বাস বা ব্রেথিং মূলত একটি ধীর ‘ডায়াফ্রাগমেটিক’ শ্বাসপ্রশ্বাস, যার মাধ্যমে সাধারণত প্রতি মিনিটে তিন থেকে সাতটি শ্বাস নিতে হয় এবং এটি হৃদস্পন্দনের সঙ্গে সমন্বয় করে করতে হয়।
“ফলে হৃদস্পন্দন ভেরিয়েবিলিটি বৃদ্ধি পায়। যাদের এইচআরভি ভালো তারা সাধারণত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আরও সহজে সিদ্ধান্ত নিতে, মনোযোগ আনতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম”- বলেন খাজান।
এছাড়া, প্রতিদিন সুষম খাদ্য খাওয়া এবং পর্যাপ্ত ঘুমানোকেও চাপ সহ্য করার ক্ষমতা বৃদ্ধির সহায়ক মনে করেন এই চিকিৎসক।
নিদিষ্ট কৌশল মানতে হবে
জরুরি বা অশান্ত পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হিসেবে খাজান যে শ্বাসপ্রশ্বাস নেওয়ার কথা বলেছেন সেটার আছে নির্দিষ্ট কৌশল।
তিনি বলেন, “আস্তে আস্তে শ্বাস নেওয়ার জন্য নিজেকে মনে করিয়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। শ্বাসপ্রশ্বাস নেওয়ার এই কৌশলটি হল- চার সেকেন্ডের জন্য নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেওয়া এবং ছয় সেকেন্ডের জন্য শ্বাস ছাড়া। যেন আপনি একটি মোমবাতি নিভিয়ে দিচ্ছেন।”
অভ্যস্ত হওয়া ও খেয়াল রাখা
শরীরে চাপ অনুভব হলে নিজেকে শান্ত রাখার কৌশল হিসেবে অনুভূতি বা শারীরিক অবস্থা- এক থেকে দশের মধ্যে কতটা- সেটা গননা করতে হবে।
এভাবে শরীরের প্রতিক্রিয়া বুঝতে শেখা যায়। আর যখন পরিস্থিতি চাপ সৃষ্টি করবে, তখন সঠিকভাবে প্রতিক্রিয়াও জানানো যায়।
ইন্দ্রিয়ের ব্যবহার
চাপ নিয়ন্ত্রণে ইন্দ্রিয়ের ব্যবহার করা একটি কার্যকর উপায়।
এ বিষয়ে ‘আমেরিকান রেড ক্রস’য়ের ‘মেন্টাল হেল্থ রেসপন্ডার’ এবং পরামর্শদাতা জুলি উহের্নিক বলেন, “নিজের ইন্দ্রিয় ব্যবহার যেমন- পা মাটিতে অনুভব করা বা চারপাশের পরিস্থিতি এবং অন্যদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার মতো চর্চা নিজেকে থামাতে এবং প্রতিক্রিয়া জানানোর আগে চিন্তা করতে সাহায্য করে।”
তিনি আরও বলেন, “চাপ অনিবার্য, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। একটু চাপ আমাদের জন্য ভালো। এটি আমাদের স্নায়ুতন্ত্রকে এমনভাবে প্রস্তুত রাখে, যাতে যখন প্রয়োজন তখন সাড়া দিতে পারি। আর যখন পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরিবেশে কোনো হুমকি থাকে না, তখন আবার শান্ত অবস্থায় ফিরে আসতে পারি।”
আরও পড়ুন
