ইন্টারনেট বন্ধ রাখলে সত্যিই কি মানসিক চাপ কমে?
অবিরাম স্ক্রল করা, লাইক ও মন্তব্যের অপেক্ষায় থাকা- মস্তিষ্কে সাময়িক আনন্দ দিলেও মানসিক ক্লান্তি বাড়ায়।
মোবাইল ফোন হয়ে উঠেছে অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ, বিনোদন সবকিছুই হাতের মুঠোয় নিয়ে এসেছে এই যন্ত্রটি।
তবে সব সময় সংযুক্ত থাকার সুবিধার পাশাপাশি এতে তৈরি হয়েছে নতুন ধরনের মানসিক চাপও।
বিভিন্ন প্রতিবেদন বলছে- একজন মানুষ দিনে গড়ে দুই শতাধিক বার নিজের ফোন হাতে তুলে নেয় এবং সপ্তাহে প্রায় পঁয়ত্রিশ ঘণ্টা সময় কাটায় পর্দার দিকে তাকিয়ে।
অবিরাম বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেইশন, খেলাধুলা, নিউজ, হেল্থ অ্যাপ— সব মিলিয়ে মন ও মস্তিষ্ক কখনই পুরোপুরি বিশ্রাম পায় না।
তাই এখন অনেকেই ফোনের ব্যবহার কমাতে চান, যদিও বাস্তবে তা করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
গবেষণার নতুন পদ্ধতি: ইন্টারনেট বন্ধ রাখার পরীক্ষা
সম্প্রতি কানাডার ‘ইউনিভার্সিটি অফ আলবের্টা’, যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অফ জর্জটাউন’, ‘ইউনিভার্সিটি অফ টেক্সাস’-এর মিলিত গবেষণায় খুব সাধারণ কিন্তু কার্যকর একটি পদ্ধতি পরীক্ষা করা হয়। আর তা হল- ফোনের ইন্টারনেট বন্ধ রাখা।
গবেষকেরা জানতে চেয়েছিলেন, যদি সব সময় ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকে তাহলে মনোযোগ, আবেগ এবং মানসিক স্বাস্থ্যে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কি-না।
গবেষণায় ৪৬৭ জন অংশগ্রহণকারীকে দুই সপ্তাহের জন্য একটি অ্যাপের মাধ্যমে ফোনের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়।
তবে সব অংশগ্রহণকারী পুরো সময় নিয়ম মেনে চলতে পারেননি। মাত্র প্রায় এক-চতুর্থাংশ অংশগ্রহণকারী পুরো সময় ইন্টারনেট বন্ধ রাখতে পেরেছিলেন। পুরোপুরি নিয়ম মানতে না পারলেও গবেষকরা কিছু ইতিবাচক পরিবর্তন পেয়েছেন।
অপ্রত্যাশিত ইতিবাচক ফলাফল
গবেষণার ফলাফলে দেখা যায়- মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৯১ শতাংশের অন্তত একটি ইতিবাচক পরিবর্তন লক্ষ করা গেছে।
কারও মনোযোগ বেড়েছে, কারও মানসিক চাপ কমেছে, আবার কেউ ঘুমের মান উন্নত হয়েছে।
রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে, এই গবেষণার উদ্ধৃতি দিয়ে আরও জানানো হয়- এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সাময়িক দূরে থাকার প্রভাব নিয়ে গবেষণা হয়েছে।
২০২৫ সালের নভেম্বর মাসে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা যায়, মাত্র এক সপ্তাহ সামাজিক মাধ্যম থেকে বিরতি নিলে উদ্বেগের উপসর্গ কমে প্রায় ১৬ শতাংশ, বিষণ্নতার লক্ষণ কমে প্রায় ২৫ শতাংশ এবং ঘুমের সমস্যা কমে প্রায় ১৫ শতাংশ।
সমস্যার মূল কোথায়
গবেষকেরা বলছেন, সমস্যার মূল ফোন নয়, বরং ফোনের ইন্টারনেট নির্ভর ব্যবহার। ফোনে কথা বলা বা পরিবারের সঙ্গে বার্তা আদানপ্রদান সাধারণত মানসিক চাপ বাড়ায় না। বরং সমস্যা তৈরি করে অবিরাম স্ক্রল করা, খেলায় ডুবে থাকা, কিংবা লাইক ও মন্তব্যের অপেক্ষায় থাকা- এগুলো মস্তিষ্কে সাময়িক আনন্দ তৈরি করলেও দীর্ঘমেয়াদে মনোযোগ কমিয়ে দেয় এবং মানসিক ক্লান্তি বাড়ায়।
ইন্টারনেট বন্ধ রাখলে এসব অ্যাপের ব্যবহার নিজে থেকেই কমে যায়। তবে ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ হয় না। ফলে প্রয়োজনীয় যোগাযোগ চালু থাকে, অথচ বিভ্রান্তিকর অংশগুলো দূরে রাখা যায়।
ডিজিটাল বিরতি যেভাবে শুরু করা যায়
এই পদ্ধতি অনুসরণ করতে কোনো বিশেষ যন্ত্র বা গবেষণাগারের দরকার নেই। যে কেউ চাইলে নিজের মতো করে শুরু করতে পারেন। কেউ এক দিনের জন্য ইন্টারনেট বন্ধ রাখতে পারেন, কেউ সপ্তাহে একদিন, আবার কেউ এক মাসের জন্যও চেষ্টা করতে পারেন।
গবেষণার ফলাফল বলছে, শতভাগ সফল না হলেও আংশিক বিরতিতেও উপকার পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সেরেনিয়াম থেরাপি অ্যান্ড ওয়েলনেস’ প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল পরিচালক অ্যালিসন ডেভলিন একই প্রতিবেদনে বলেন, “প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সীমা নির্ধারণ করলে মানসিক ও আবেগগত অবস্থার উন্নতি হয়।“
বাস্তব জীবনের যোগাযোগ
সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জেনিফার কেলম্যান বলেন, “ডিজিটাল সংযোগ কমলে বাস্তব জীবনের যোগাযোগ বাড়ে। এতে উদ্বেগ ও বিষণ্নতা কমে এবং ঘুমের মানও ভালো হয়।”
তিনি আরও বলেন, “নিজের জন্য সময়সীমা নির্ধারণ করাও কার্যকর পদ্ধতি হতে পারে। যেমন- কেউ ঠিক করতে পারেন, দিনে নির্দিষ্ট সময়েই শুধু সামাজিক মাধ্যম ব্যবহার করবেন। আবার কেউ সপ্তাহ শেষে ফোন ব্যবহার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে পারেন।”
আরও পড়ুন
