২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর-কিশোরীদের মানসিক চাপে থাকার কারণ

বর্তমানে কিশোর বয়সেই বিপুল তথ্যের সম্মুখিন হতে হয়। অনেক সময় সেসব মানসিক চাপ তৈরি করে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

কিশোর বয়সে নানান পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। যে কারণে অনেক ধরনের মানসিক চাপ কাজ করতে পারে এই বয়সে।

তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে- বর্তমানে কিশোর এবং বিশেষ করে কিশোরীরা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি হতাশা, দুঃখ ও একাকিত্বের অনুভূতি প্রকাশ করছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা’র (সিডিসি)’র ‘ইউথ রিস্ক বিহেভিয়ার সার্ভে ২০২৩’ অনুসারে, মার্কিন উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন- তারা দীর্ঘ সময় ধরে দুঃখ বা আশাহীনতার মধ্যে ছিলেন।

যদিও কোভিড-১৯ মহামারির সময় এটি ৪২ শতাংশে পৌঁছেছিল। তবুও এক দশক আগে তুলনায় এই সংখ্যা প্রায় ১০ শতাংশ বেড়েছে।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’–এর বিজ্ঞান সাংবাদিক ম্যাট রিক্টেল, কিশোর মানসিক স্বাস্থ্য সংকট নিয়ে চার বছর গবেষণা করেছেন। তার ‘হাউ উই গ্রো আপ: আন্ডারস্ট্যান্ডিং অ্যাডোলেসেন্স’ বইতে তিনি তুলে ধরেছেন কেন আজকের কিশোররা এত মানসিক চাপে ভুগছে এবং অভিভাবকদের করণীয় কী হতে পারে।

সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়।

কিশোরদের মানসিক সংকট কেন বাড়ছে?

ম্যাট রিক্টেল বলেন, “কিশোরদের মানসিক স্বাস্থ্য বোঝার জন্য তাদের জীবনের অভিজ্ঞতা বুঝতে হবে। কৈশোরকাল এমন একটি সময়, যখন তাদের মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল থাকে এবং একই সঙ্গে পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। ফলে তারা বিপুল পরিমাণ তথ্যের মুখোমুখি হয়। ফলে অনেক সময় তারা তথ্যের চাপে ভেঙে পড়ে। যা উদ্বেগ, অতিরিক্ত চিন্তা ও মানসিক চাপের রূপ নেয়।”

সামাজিক যোগাযোগমাধ্যম কি মূল কারণ?

অনেকে মনে করেন মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমই সব সমস্যার মূল।

তবে রিক্টেল মনে করেন, আসলে বিষয়টি আরও জটিল।

তিনি উল্লেখ করেন, “শুধু ফোন সরিয়ে নিলেই সমস্যার সমাধান হবে না।”

উদাহরণ দিয়ে কিনি বলেন, “আশির দশকে কিশোররা মদ্যপান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অল্প বয়সে যৌন সম্পর্ক শুরু করার মতো গুরুতর ঝুঁকির মুখোমুখি ছিল। এসব ঝুঁকি এখন অনেকটাই কমে এসেছে। তাই বর্তমান সময়ে কিশোররা যে চাপে ভুগছে, তা আসলে একটি বৃহত্তর সামাজিক ও মানসিক পরিবর্তনের অংশ।”

তবে তিনি স্বীকার করেন- ফোন ব্যবহার সীমিত করা জরুরি। কারণ এটি ঘুম, ব্যায়াম ও সরাসরি মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ কমিয়ে দেয়।

কৈশোরকাল কেন এত জটিল সময়?

রিক্টেল ব্যাখ্যা করেন, “কৈশোর হল পরিচিত ও অপরিচিত বিষয়কে একীভূত করার সময়। বাবা-মা যা শেখান, সেটিই পরিচিত সত্য। তবে পৃথিবী বদলানোর কারণে কিশোররা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়, যা অনেক সময় বাবা-মায়ের কথার সঙ্গে মেলে না।”

এই দ্বন্দ্ব কিশোর বয়সিদের মনের ভেতর এক ধরনের টানাপোড়েন সৃষ্টি করে।

এরসঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিষয়— আগে থেকে দ্রুত বয়ঃসন্ধি শুরু হওয়া। মস্তিষ্ক যখন পুরোপুরি প্রস্তুত নয়, তখনই কিশোররা বিপুল তথ্য পেতে শুরু করে। ফলে তারা অনেক সময় মানসিকভাবে সামলাতে পারে না।

কেন কিশোর-কিশোরীরা বাবা-মায়ের কথা কম শোনে?

অনেক বাবা-মা মনে করেন, কিশোর সন্তানরা ইচ্ছে করেই অবাধ্য হয়। তবে রিক্টেল ব্যাখ্যা করেছেন- এটি আসলে একটি স্বাভাবিক জীববৈজ্ঞানিক প্রক্রিয়া।

“এটি হল এক ধাপ থেকে আরেক ধাপে উত্তরণের অংশ। সন্তানরা নিজেদের যত্ন নিতে শিখছে, ভবিষ্যতে নিজেদের পরিবার গড়ার জন্য প্রস্তুত হচ্ছে।”

তিনি আরও বলেন, “অভিভাবকদের পরামর্শ দেব— এটিকে ব্যক্তিগতভাবে নেবেন না। সন্তান যদি অভদ্র ভঙ্গিতে কিছু বলে, আপনি তাকে থামতে বলুন। তবে এটিকে নিজের প্রতি আক্রমণ হিসেবে ভাববেন না।”

অতিরিক্ত ভাবনায় ডুবে থাকা প্রজন্ম

ম্যাট রিক্টেল কিশোর প্রজন্মকে অতিরিক্ত ভাবনায় ডুবে থাকা ‘প্রজন্ম’ বলে অভিহিত করেছেন।

আগে কিশোররা সাহসী অভিযানের মাধ্যমে বাইরের পৃথিবী অন্বেষণ করত। নদী পার হতো, পাহাড়ে উঠত, ঝুঁকিপূর্ণ খেলা খেলত। এতে অনেক সময় শারীরিক আঘাত লাগত, ভাঙত হাড়।

তবে এখন সেই অনুসন্ধান অনেকটাই অন্তর্মুখি। অতিরিক্ত ভাবনা, পরিচয় নিয়ে প্রশ্ন, নিজের জায়গা খোঁজা- এর ফল হিসেবে মানসিক সমস্যার হার বেড়েছে।

২০ বছরে নতুন কিছু প্রশ্ন সামনে এসেছে, যা আগে খোলাখুলি বলা হত না। যেমন- ছেলে বা মেয়ে পরিচয়ের সংজ্ঞা, ব্যক্তিগত স্বাধীনতা ইত্যাদি।

রিক্টেল বলেন, “মানবজাতির টিকে থাকার জন্যই কিশোররা নিজেদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। এটি তাদের ব্যক্তিগত ও সামাজিক অভিযোজন প্রক্রিয়ারই অংশ।”

অভিভাবকদের করণীয়

মার্কিন বিশেষজ্ঞ রিক্টেলের মতে, “বাবা-মা এখনও সন্তানের জীবনে সবচেয়ে বড় প্রভাবক। যদিও কিশোররা সবসময় তা প্রকাশ করে না, তবুও বাবা-মায়ের সহমর্মিতা, বোঝাপড়া ও ইতিবাচক যোগাযোগ তাদের মানসিক স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আরও পড়ুন

আত্মঘৃণা আর বিষণ্নতা এক নয়

কৈশোরে ঘুমের প্রয়োজনীয়তা

কিশোর বয়সে শারীরিক সৌন্দর্য নিয়ে সচেতন করতে