২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদা কাপড় উজ্জ্বল রাখতে কেমন হবে পানির তাপমাত্রা?

ধোয়ার ক্ষেত্রে সঠিক তাপমাত্রার পানি ব্যবহার না করলে সাদা পোশাকও মলিন হয়ে যেতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 05:45 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

সাদা রংয়ের পোশাকের আছে আলাদা সৌন্দর্য। পরিষ্কার, ঝকঝকে সাদা পোশাক আত্মবিশ্বাস বাড়ায়। তবে এই পোশাকই আবার ধোয়ার পর হয়ে উঠতে পারে নিস্তেজ বা মলিন। কারণ হতে পারে বেশি গরম পানি।

অনেকেই ভাবেন বেশি গরম পানি মানেই বেশি পরিষ্কার। তবে সঠিক তাপমাত্রা না জানলে কাপড়ের রং ফিকে হয়ে যেতে পারে, আবার কাপড়ও দ্রুত নষ্ট হতে পারে।

তাই সাদা কাপড় ধোয়ার ক্ষেত্রে পানির তাপমাত্রা জানা ও নির্বাচন করা পোশাকের জন্যই ভালো।

যে তাপমাত্রা সবচেয়ে কার্যকর

সাদা কাপড় ধোয়ার জন্য মাঝারি গরম পানি সবচেয়ে উপযোগী মনে করেন 'গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স'-এর সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

তিনি বলেন, “সাধারণভাবে এই তাপমাত্রা এমন হয় যা হাতে সহনীয় উষ্ণ লাগে। এই তাপমাত্রা ডিটারজেন্টকে কার্যকরভাবে সক্রিয় করে এবং কাপড়ে জমে থাকা তেল, ঘাম বা ডিওডোরেন্টের অবশিষ্টাংশ সহজে তুলে দেয়।“

তার মতে, “ঠাণ্ডা পানিতে অনেক সময় ময়লা পুরোপুরি দূর হয় না, আবার অতিরিক্ত গরম পানি কাপড়ের ক্ষতি করতে পারে।”

তাই মাঝামাঝি তাপমাত্রাই সবচেয়ে ভারসাম্যপূর্ণ সমাধান।

কখন গরম পানি ব্যবহার করবেন?

কিছু ক্ষেত্রে গরম পানি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে মোটা ও শক্ত কাপড়, যেমন- তুলার তোয়ালে, বিছানার চাদর বা খুব বেশি ময়লা কাপড়ের জন্য গরম পানি কার্যকর।

তবে এই বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, “সব কাপড়ের জন্য গরম পানি নয়। বারবার গরম পানিতে ধুলে কাপড়ের তন্তু দুর্বল হয়ে যায়, ফলে কাপড় দ্রুত পুরানো হয়ে যেতে পারে। এছাড়া কিছু দাগ, যেমন- রক্তের দাগ গরম পানিতে স্থায়ী হয়ে যেতে পারে, যা পরে আর উঠানো কঠিন হয়ে যায়।“

কোন কাপড়ে গরম পানি এড়িয়ে চলবেন

বিবিয়ানার প্রধান ও ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার বলেন, “সব সাদা কাপড় একরকম নয়। সিল্ক, উল বা লেইসের মতো কোমল কাপড় গরম পানিতে ধুলে সহজেই নষ্ট হয়ে যেতে পারে। এসব কাপড়ের ক্ষেত্রে ঠাণ্ডা বা হালকা উষ্ণ পানি ব্যবহার করাই নিরাপদ।“

এছাড়া যেসব কাপড় সহজে ‘খেপে’ যায় বা আকার পরিবর্তন করে, সেগুলোর জন্যও গরম পানি এড়িয়ে চলা উচিত।

“কারণ তাপমাত্রা বেশি হলে কাপড় সংকুচিত হয়ে যেতে পারে, যা ব্যবহারযোগ্যতা কমিয়ে দেয়” মন্তব্য করেন এই পোশাক নকশাকর।

ঠাণ্ডা পানি যখন উপকারী

যদিও সাদা কাপড়ের জন্য মাঝারি গরম পানি সবচেয়ে ভালো, কিছু ক্ষেত্রে ঠাণ্ডা পানিও কার্যকর হতে পারে। বিশেষ করে হালকা ময়লা কাপড় বা সংবেদনশীল কাপড়ের জন্য ঠাণ্ডা পানি ভালো কাজ করে।

ঠাণ্ডা পানি কাপড়ের রং ও গঠন ঠিক রাখে, ফলে কাপড় দীর্ঘদিন টিকে থাকে। তবে এতে ডিটারজেন্টের কার্যকারিতা কিছুটা কম হতে পারে, তাই খুব বেশি ময়লা কাপড়ের ক্ষেত্রে এটি একা যথেষ্ট নাও হতে পারে।

সাদা কাপড় উজ্জ্বল রাখার অন্যান্য উপায়

শুধু পানির তাপমাত্রা নয়, আরও কিছু বিষয় সাদা কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতেও ভালো কাজ করে। যেমন- সাদা কাপড় সবসময় আলাদা করে ধোয়া উচিত। অন্য রংয়ের কাপড়ের সঙ্গে ধুলে রং ছড়িয়ে সাদা কাপড় মলিন বা রংয়ে মাখামাখি হয়ে যেতে পারে।

একইসঙ্গে কাপড় ধোয়ার সময় মেশিনে বেশি কাপড় না দেওয়াই ভালো। এতে প্রতিটি কাপড় ভালোভাবে পরিষ্কার হওয়ার সুযোগ পায়। অতিরিক্ত কাপড় দিলে পানি ও ডিটারজেন্ট ঠিকভাবে কাজ করতে পারে না।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফ্যাব্রিক সফটনার’ ব্যবহার। কাপড়কে নরম করে ভালো রাখতে এটি ব্যবহার হয়, তবে সাদা কাপড়ের ক্ষেত্রে এটি উজ্জ্বলতা কমিয়ে দিতে পারে।

কারণ এটি কাপড়ের ওপর এক ধরনের আস্তরণ তৈরি করে, যা সময়ের সঙ্গে সঙ্গে কাপড়কে নিস্তেজ করে তোলে।

প্রাকৃতিক উপায়ে উজ্জ্বলতা বাড়ানো

সাদা কাপড় শুকানোর ক্ষেত্রেও কিছু কৌশল আছে। সূর্যালোক কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে; প্রাকৃতিকভাবে কাপড়ে হালকা ব্লিচের মতো কাজ করে, যা দাগ ও মলিনতা কমাতে সহায়তা করে।

আবার খোলা রোদে কাপড় শুকালে তা শুধু পরিষ্কারই হয় না, বরং জীবাণুমুক্তও হয়।

কাপড়ের নির্দেশনা পড়া জরুরি

প্রতিটি কাপড়ের সঙ্গে একটি পরিচর্যা নির্দেশনা দেওয়া থাকে, যা গুরুত্ব দেওয়া উচিত। এই নির্দেশনাই বলে দেয় কোন তাপমাত্রায় কাপড় ধুতে হবে।

আরও পড়ুন

কাপড় ধোয়ার সাধারণ ভুল ও সমাধান

যে কারণে নতুন পোশাক পরার আগে ধোয়া জরুরি

যেভাবে ধুলে কাপড়ের গাঢ় রং হালকা হওয়ার সম্ভাবনা কমে