বিড়ালকে ‘পটি ট্রেনিং’ করানোর সহজ উপায়
পোষা বিড়ালকে ‘লিটার বক্স’ ব্যবহারের অভ্যাস করালে ঘর থাকে দুর্গন্ধহীন।
বিড়াল পোষার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম যে বিষয়গুলো মাথায় রাখতে হয়, তার মধ্যে অন্যতম হল ‘পটি’ বা ‘লিটার ট্রেনিং’।
বিড়াল যদি নির্দিষ্ট জায়গায় না করে ঘরের বিভিন্ন কোণে মল-মূত্র ত্যাগ করে, তাহলে ঘর নোংরা হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং মালিকের জন্যও অস্বস্তি তৈরি হয়।
সৌভাগ্যবশত, বিড়াল স্বভাবতই পরিচ্ছন্ন প্রাণী। সঠিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিলে অধিকাংশ বিড়ালই খুব সহজে ‘লিটার বক্স’ ব্যবহার করতে শিখে যায়।
গুলশান পেট ক্লিনিকের প্রাণী চিকিৎসক ডা. অমিতাভ বিশ্বাস ও ডা. মনিকা আক্তার রুনা এই বিষয়ে দিয়েছেন পরামর্শ।
সঠিক লিটার বক্স নির্বাচন ও স্থাপন
লিটার বক্সের আকার বিড়ালের শরীরের দেড় গুণের মতো হওয়া উচিত। খুব ছোট বা অতিরিক্ত বড় বিড়ালের জন্য অস্বস্তিকর।
গভীরতা চার থেকে পাঁচ ইঞ্চি রাখাই যথেষ্ট। বাসায় যতগুলো বিড়াল থাকবে, তার চেয়ে অন্তত একটি বেশি বক্স রাখতে হবে।
উদাহরণ স্বরূপ, একটি বিড়ালের জন্য দুটি এবং দুটি বিড়ালের জন্য তিনটি বক্স। প্রতিটি বক্স আলাদা আলাদা জায়গায় রাখা জরুরি।
বক্স রাখার স্থান নির্বাচনেও সতর্কতা প্রয়োজন। এমন জায়গা বেছে নিতে হবে যেখানে বিড়াল সহজেই পৌঁছাতে পারে, আলো-বাতাস থাকে এবং খুব বেশি শব্দ বা মানুষের যাতায়াত নেই।
একেবারে লুকানো কোণায় বা খোলা জায়গায় রাখা উচিত নয়। বেশিরভাগ বিড়াল খোলা বক্স পছন্দ করে, তাই প্রথমে ঢাকনাবিহীন বক্স দিয়ে শুরু করাই ভালো।
কোন ‘লিটার’ ব্যবহার করবেন?
প্রাকৃতিকভাবে বিড়াল মাটি বা বালুতে ‘পটি’ করে তা ঢেকে দেয়। লিটার এই প্রবৃত্তির আধুনিক বিকল্প।
বাজারে ‘ক্লাম্পিং’ ও ‘নন-ক্লাম্পিং’— দুই ধরনের লিটার পাওয়া যায়। ৮-১০ সপ্তাহের কম বয়সি বিড়ালের জন্য ‘নন-ক্লাম্পিং লিটার’ নিরাপদ।
বড় বিড়ালের ক্ষেত্রে ‘ক্লাম্পিং লিটার’ বেশি সুবিধাজনক, কারণ এটি দলা পাকিয়ে যায় এবং পরিষ্কার করা সহজ হয়।
বক্সে দুতিন ইঞ্চি পুরু করে লিটার বিছিয়ে রাখতে হবে। কাঠের গুঁড়ি বা সাধারণ বালু ব্যবহার করা যায়, তবে এগুলো শোষণক্ষমতা কম এবং ঘরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।
তাই ভালোমানের ‘ক্লাম্পিং লিটার’ই সবচেয়ে উপযোগী।
প্রশিক্ষণের প্রক্রিয়া ধাপে ধাপে
বিড়ালের বয়স চার সপ্তাহ পার হলেই ‘লিটার বক্স’ দেওয়া যায়। প্রথম দিকে বিড়াল নিজে থেকে ‘বক্ষে’ নাও যেতে পারে। তাই খাবার খাওয়া, পানি খাওয়া বা ঘুম থেকে ওঠার পরপরই আলতোভাবে বিড়ালকে বক্সে নিয়ে যান।
তার পা দিয়ে লিটারে খোঁচা দিয়ে দেখান, যেন সে বুঝতে পারে এখানেই ‘পটি’ করতে হবে।
প্রতিবার সঠিক জায়গায় ‘পটি’ করলে শান্ত কণ্ঠে প্রশংসা করুন। অন্য জায়গায় করলে কখনই বকুনি বা শাস্তি দেবেন না। এতে বিড়াল ভয় পেয়ে লিটার বক্স এড়িয়ে চলতে পারে।
বক্স যেন সবসময় পরিষ্কার থাকে, সেদিকে নজর রাখুন। নোংরা হলেই স্কুপ দিয়ে ময়লা তুলে ফেলুন এবং লিটার পূর্ণ করে দিন।
সমস্যা হলে যা করবেন
যদি বারবার অন্য জায়গায় ‘পটি’ করে, তাহলে প্রথমে দেখুন বক্সের অবস্থান, পরিচ্ছন্নতা ও লিটারের ধরন ঠিক আছে কি-না। লিটারের ব্র্যান্ড বা সুগন্ধ পরিবর্তন করেও দেখতে পারেন।
তবু সমস্যা থাকলে অবশ্যই কোনো প্রাণী চিকিৎসকের পরামর্শ নিন। কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা বা চাপের কারণেও এমন হয়।
ধৈর্য ও নিয়মিততাই সফল ‘পটি ট্রেনিং’য়ের মূল চাবিকাঠি। সঠিকভাবে প্রশিক্ষণ দিলে বিড়াল নিজেই লিটার বক্সকে তার নিরাপদ ও পরিচ্ছন্ন জায়গা হিসেবে গ্রহণ করে।
ফলে ঘর পরিষ্কার থাকে এবং বিড়াল ও মালিক— দুজনেই স্বস্তিতে থাকতে পারে।
আরও পড়ুন
