২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোষা বিড়ালের শীতবান্ধব ঘর

পোষা বিড়াল থাকলে শীতকালে যত্ন নেওয়ার জন্য বাড়তি নজর দিতে হয়।

রিফাত পারভীন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

শীতকাল মানুষের মতো পোষা বিড়ালের জন্যও সংবেদনশীল সময়। বাইরের ঠাণ্ডা বাতাস, ভেতরে তাপমাত্রার ওঠানামা সব মিলিয়ে এই সময়ে ঘরে পোষা বিড়ালটি পড়ে যায় অস্বস্তিতে।

ঘরের ভেতরে বড় হলেও বিড়ালের শরীর ঠাণ্ডার প্রভাব পুরোপুরি এড়াতে পারে না। তাই শীতকালে এই আদুরে প্রাণীর জন্য আলাদা করে আরামদায়ক ও নিরাপদ ঘর বা থাকার জায়গা তৈরি করা ভীষণ দরকারি।

যে কারণে শীতে বিড়ালের জন্য আলাদা যত্ন প্রয়োজন

শীতের সময়ে বিড়াল স্বাভাবিকের চেয়ে বেশি ঘুমায়, কম নড়াচড়া করে এবং উষ্ণ জায়গা খোঁজে। ঠাণ্ডা পরিবেশে দীর্ঘ সময় থাকলে তাদের শরীরের তাপমাত্রা কমে যাওয়ায় সম্ভাবনা থাকে, যা শীতের এ সময়ে অসুস্থতার ঝুঁকি বাড়ায়।

বিশেষ করে ছোট বয়সি, বয়স্ক বা কম লোমওয়ালা বিড়াল ঠাণ্ডায় দ্রুত প্রভাবিত হয়। তাই শীতবান্ধব ঘর বিড়ালের আরাম ও সুস্থতার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

ঘরের অবস্থান যেমন হওয়া উচিত

বিড়ালের শীতবান্ধব ঘর এমন জায়গায় হওয়া দরকার, যেখানে সরাসরি ঠাণ্ডা বাতাস ঢোকে না। জানালা বা দরজার একেবারে পাশে ঘর রাখলে ঠাণ্ডা বাতাস ঢুকে বিড়ালের অস্বস্তি বাড়াতে পারে।

“ঘরের ভেতরের অপেক্ষাকৃত উষ্ণ ও শান্ত কোণ বিড়ালের জন্য সবচেয়ে ভালো। মানুষের চলাচল কম এমন জায়গা হলে বিড়াল নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে”- নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন বিড়াল প্রেমী ফারজানা।

দীর্ঘ কয়েক বছর ধরে দেশি ও পার্শিয়ান বিড়াল পোষেন ফারজানা।

তিনি বলেন, “সারা বছর বিড়ালের যে যত্ন দরকার হয় তার প্রায় কয়েক বেশি দরকার হয় শীতে। কারণ শীতে অসুখ খুব দ্রুত ছড়ায়। তাই ভিন্ন আরামদায়ক ঘরের উষ্ণতা বিড়ালের স্বাস্থ্যের জন্যও জরুরি।"

ঘরের আকার ও কাঠামো

বিড়ালের ঘর খুব বড় হওয়া প্রয়োজন নেই। বরং তুলনামূলক ছোট ও ঘেরা ঘর হলে ভেতরের উষ্ণতা ধরে রাখা সহজ হয়।

“এমন ঘর, যেখানে বিড়াল গুটিশুটি মেরে বসতে বা শুতে পারে, শীতে বেশি আরাম দেয়”- এমনটাই বললেন সাভারের বিড়াল ঘরের দোকানি ইমরান হোসেন।

ঘরের ভেতর এমনভাবে জায়গা রাখা উচিত, যাতে বিড়াল নিজের শরীরের তাপ ধরে রাখতে পারে এবং প্রয়োজন হলে ভেতরে ঘুরে শোয়ার ভঙ্গি বদলাতে পারে।

রংয়ের গুরুত্ব

ঘরের রংও বিড়ালের আরামের সঙ্গে জড়িত। শীতবান্ধব ঘরের জন্য উষ্ণ অনুভূতি দেয় এমন রং ভালো কাজ করে।

গাঢ় বা মোলায়েম রং চোখে আরাম দেয় এবং বিড়ালকে নিরাপদ অনুভূতি দেয়। খুব উজ্জ্বল বা ঝলমলে রং অনেক সময় বিড়ালকে অস্থির করে তুলতে পারে।

তাই শান্ত ও নরম রংই বেছে নেওয়ার পরামর্শ দেন- ফারজানা।

কাপড় ও বিছানার উপকরণ

শীতে বিড়ালের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল বিছানা। কাপড় এমন হওয়া উচিত যা নরম, উষ্ণ এবং শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে।

তুলা বা ফ্লিস ধরনের কাপড় শীতে বেশ আরামদায়ক। খুব পাতলা বা মসৃণ কাপড় শীতে যথেষ্ট উষ্ণতা দেয় না বলে জানান ইমরান হোসেন।

বিছানায় অতিরিক্ত একটি কম্বল বা কাপড় রাখলে বিড়াল প্রয়োজন অনুযায়ী নিজেকে ঢেকে নিতে পারে।

বাতাস ও আলো চলাচলের ভারসাম্য

শীতকালে ঘর একেবারে বন্ধ করে রাখাও ঠিক নয়। পর্যাপ্ত বাতাস চলাচল না থাকলে ঘর স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে, যা বিড়ালের জন্য অস্বাস্থ্যকর।

তাই ঠাণ্ডা হাওয়া সরাসরি ঢুকবে না, কিন্তু হালকা বাতাস চলাচল থাকবে এমন ব্যবস্থা রাখা দরকার।

দিনের বেলায় সামান্য সূর্যের আলো ঢুকতে পারলে ঘর উষ্ণ থাকে এবং বিড়ালও আরাম বোধ করে।

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়

শীতের সময় বিড়াল বেশি সময় বিছানায় থাকে, তাই ঘর পরিষ্কার রাখা খুব জরুরি। নিয়মিত বিছানার কাপড় পরিষ্কার না করলে সেখানে লোম, ধুলা বা আর্দ্রতা জমে অস্বস্তি তৈরি হতে পারে।

পরিষ্কার ও শুকনা পরিবেশ বিড়ালের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শব্দ ও নিরাপত্তা

বিড়াল সাধারণত শান্ত পরিবেশ পছন্দ করে। শীতে তারা আরও বেশি নিশ্চুপ জায়গা খোঁজে। তাই ঘরটি যেন অতিরিক্ত শব্দ থেকে দূরে থাকে, সেদিকে খেয়াল রাখা দরকার।

একই সঙ্গে ঘরের ভেতরে কোনো ধারালো বা বিপজ্জনক বস্তু না থাকাই ভালো, যাতে বিড়াল নিরাপদে চলাফেরা করতে পারে।

পরিচিত গন্ধ ও অনুভূতি

বিড়াল নিজের পরিচিত গন্ধে আরাম পায়। শীতবান্ধব ঘরে বিড়ালের ব্যবহৃত কোনো পুরানো কাপড় বা খেলনা রাখলে সে জায়গাটিকে নিজের বলে মনে করে।

এতে মানসিক নিরাপত্তা বাড়ে এবং শীতে তার ঘুম ও বিশ্রাম আরও ভালো হয়।

শীতবান্ধব বিড়ালের ঘর মানে শুধু উষ্ণ জায়গা নয়, বরং এমন একটি নিরাপদ আশ্রয়, যেখানে সে নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারে।

দাম ও যেখানে মিলবে বিড়াল ঘর

পোষ্য প্রাণীদের জন্য বিশেষ দোকান, অনলাইন, বিভিন্ন দেশীয় বিক্রয়কেন্দ্রে বিড়ালের জন্য ঘর কিনতে পাওয়া যায়।

৫শ’ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত রকমভেদে বিড়ালের ঘর রয়েছে।

আরও পড়ুন

পোষা বিড়াল বা কুকুর হারিয়ে গেলে যা করবেন

পোষা প্রাণীকে বিদেশে নিয়ে যেতে চাইলে

বিড়াল-কুকুরের আঁচড় বা কামড়ে জলাতঙ্কের ঝুঁকি: কখন টিকা নেবেন