রান্নাঘরের দেয়ালে চটচটে তেলের দাগ তোলার ঘরোয়া কৌশল
ঘষাঘষি ছাড়াই দাগ তোলার ৪টি সহজ উপায়।
রান্নাঘরে নিয়মিত ভাজাপোড়া বা রান্নাবান্নার কাজে চলা তেল বাতাসে উড়ে চুলার চারপাশের দেওয়ালে জমতে শুরু করে। প্রথম দিকে খেয়াল না করলেও, সময়ের সঙ্গে সঙ্গে এই জমে থাকা তেল ধুলোবালি শুষে নিয়ে দেওয়ালে এক ধরনের কালচে ও চটচটে আঠালো প্রলেপ তৈরি করে।
অনেকেই এই জেদি দাগ দূর করতে তারের মাজনি দিয়ে অতিরিক্ত ঘষাঘষি করেন।
তবে পরিচ্ছন্নতা বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ঘষলে তেলের দাগ তো ওঠেই না, উল্টো দেওয়ালের রং স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়।
জীবনযাপন ও গৃহস্থালি বিষয়ক ওয়েবসাইট রিয়েলসিম্পল ডটকমে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে, পরিচ্ছন্নতা বিষয়ের পেশাদার কর্মীরা জানিয়েছেন, গায়ের জোর খাটানোর বদলে সঠিক উপাদান ব্যবহার করলে দেওয়ালের ক্ষতি ছাড়াই মাত্র কয়েক মিনিটে এই চটচটে ভাব দূর করা সম্ভব।
কুসুম গরম পানির তাৎক্ষণিক ব্যবহার
তাজা তেলের দাগ তোলার জন্য সহজ সমাধান হল কুসুম গরম পানি।
নিয়ম: যুক্তরাষ্ট্রের হোমঅ্যাগ্লোর-এর পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ সারা অ্যাঁপারাসিও বলেন, “রান্নাবান্না শেষ করার পরপরই যদি দেওয়ালে তেল ছিটকে পড়ার দাগ চোখে পড়ে, তবে একটি সুতি কাপড় কুসুম গরম পানিতে ভিজিয়ে আলতো করে মুছে ফেলা উচিত। এতে তেল শুকিয়ে দেওয়ালে বসার সুযোগ পায় না এবং ভারী কোনো পরিষ্কারক ছাড়াই দেওয়াল নতুনের মতো পরিষ্কার থাকে।”
তরল সাবানের জাদু
যেহেতু থালাবাসন ধোয়ার তরল সাবান বা ডিশ সোপ, চর্বি ও তেল কাটানোর জন্য তৈরি করা হয়। তাই দেওয়ালে জমে থাকা চটচটে আঠার জন্য এটি হতে পারে জাদুকরী সমাধান।
নিয়ম: মার্কিন প্রতিষ্ঠান ‘এএমআর কমার্শিয়াল ক্লিনিং’-এর অংশিদার ও বিশেষজ্ঞ টেইলর রাইলি পরামর্শ দেন যে, এক বাটি কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা তরল সাবান মিশিয়ে, একটি নরম মাইক্রোফাইবার কাপড় সেই পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে নিয়ে দেওয়ালে আলতো করে বুলাতে হবে।
সাবানের ফেনা চর্বি ভেঙে ফেলার পর, অন্য একটি পরিষ্কার ভেজা কাপড় দিয়ে দেওয়ালটি মুছে সাবানের আঠালো ভাব দূর করতে হবে।
দেওয়ালের রংয়ের ক্ষেত্রে সতর্কতা: টেইলর রাইলি সতর্ক করে বলেন, “দেওয়ালের রং যদি ‘সেমি-গ্লস’ বা ‘স্যাটিন’ ফিনিশড হয়, তবে হালকা ঘষাঘষি সহ্য করতে পারে। আর দেওয়াল ‘ম্যাট’ বা ‘ফ্ল্যাট’ রংয়ের হলে, সেখানে ঘষা যাবে না; কেবল কাপড় দিয়ে আলতো করে চেপে চেপে দাগ তুলতে হবে।”
না হলে রংয়ের আস্তর উঠে সেখানে স্থায়ী চকচকে ছোপ পড়ে যাবে।
কমার্শিয়াল ডিগ্রিজার ব্যবহার
যদি থালাবাসন ধোয়ার তরল সাবান দিয়েও দীর্ঘদিনের পুরানো চটচটে দাগ না ওঠে, তবে বাজারে প্রচলিত ‘ডেডিকেটেড ডিগ্রিজার’ ব্যবহার করা উপকারী হবে।
নিয়ম: আমেরিকান কমার্শিয়াল ক্লিনিংয়ের প্রতিষ্ঠাতা ক্রিশ্চিয়ান মোরালেস জানান, ডিগ্রিজার স্প্রে কখনোই সরাসরি দেওয়ালের ওপর ছিটানো উচিত নয়। প্রথমে এটি একটি মাইক্রোফাইবার কাপড়ে স্প্রে করে নিতে হবে এবং দেওয়ালের ওপর এক মিনিট চেপে ধরে রাখতে হবে।
এরপর ওপর থেকে নিচের দিকে এক টানে মুছে দাগ তুলে ফেলতে হবে।
শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেমিক্যালের অবশিষ্টাংশ দূর করা জরুরি। না হলে সেই কেমিক্যাল পরে আরও বেশি ধুলোবালি আকর্ষণ করবে।
বেইকিং সোডা এবং ভিনেগারের ঘরোয়া পেস্ট
দামি কেমিক্যাল কিনতে না চাইলে রান্নাঘরের বেইকিং সোডা ও সাদা ভিনেগার সাশ্রয়ী এবং কার্যকর বিকল্প হিসেবে কাজ করে।
নিয়ম: বেইকিং সোডা এবং সামান্য পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে অতিরিক্ত জেদি ও শক্ত তেলের দাগের ওপর লেপে দিতে হবে। ১০ মিনিট পর পেস্টটি চর্বি নরম করে ফেললে নরম স্পঞ্জ দিয়ে মুছে ধুয়ে ফেলতে হবে।
ভিনেগার ব্যবহারের ক্ষেত্রে সারা অ্যাঁপারাসিও পরামর্শ দেন যে, “পানিতে মিশিয়ে ভিনেগার পাতলা করে নেওয়া উচিত। আর ব্যবহারের আগে দেওয়ালের কোনো আড়ালে থাকা অংশে সামান্য ‘প্যাচ টেস্ট’ করে নেওয়া নিরাপদ, যেন রংয়ের কোনো ক্ষতি না হয়।”
রান্নাঘরের দেওয়াল ভালো রাখার চাবিকাঠি হল সচেতনতা। রান্না করার সময় চর্বি যেন দেওয়ালে স্থায়ীভাবে বসতে না পারে, সেজন্য সপ্তাহে অন্তত একবার হালকা সাবান-পানি দিয়ে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাই দেওয়ালের আয়ু বাড়ানোর কার্যকর কৌশল।
আরও পড়ুন
