Published : 21 Oct 2025, 01:22 PM
লিফট ব্যবহার এখন নিত্যদিনের অংশ। তবে কখনও কখনও লিফটে আটকে পড়া বা যান্ত্রিক ত্রুটির কারণে বিপদের সম্মুখীন হতে হয়।
এমন পরিস্থিতিতে ভয় পাওয়া স্বাভাবিক, তবে আতঙ্কিত না হয়ে শান্তভাবে পদক্ষেপ নেওয়া জরুরি।
রাজধানীর মোহাম্মদপুর এনএইচএ গার্ডেন সিটির লিফট রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গোলাম কিবরিয়ার পরামর্শের ভিত্তিতে লিফটে আটকে পড়লে কী করতে হবে, তা তুলে ধরা হল।
শান্ত থাকুন, অন্যদেরও শান্ত রাখুন: লিফটে আটকে গেলে প্রথমেই নিজেকে শান্ত রাখুন। আতঙ্কিত হলে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হতে পারে বা পরিস্থিতি আরও জটিল হতে পারে। লিফটে অন্য যাত্রীরা থাকলে তাদেরও শান্ত থাকতে উৎসাহ দিন। গল্প করে বা স্বাভাবিকভাবে কথা বলে পরিবেশ হালকা রাখার চেষ্টা করুন।
অ্যালার্ম বা ফোন ব্যবহার করুন: লিফটের অ্যালার্ম বাটন চাপুন এবং সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করুন। অনেক লিফটে জরুরি ফোন বা ‘ইন্টারকম’ থাকে, যার মাধ্যমে দালানের রক্ষণাবেক্ষণের নিয়োজিতদের সঙ্গে যোগাযোগ করা যায়। শান্তভাবে পরিস্থিতি ব্যাখ্যা করুন এবং একজন দায়িত্বশীল ব্যক্তিকে কথা বলতে দিন।
দরজার কাছে দাঁড়াবেন না: লিফটের দরজার কাছে ভিড় করা যাবে না। কেউ দরজা খুলতে এলে তাদের জন্য পর্যাপ্ত জায়গা রাখুন। দরজার পেছনে দাঁড়ালে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে, বিশেষ করে যদি লিফট হঠাৎ চলতে শুরু করে।
লাফালাফি বা অতিরিক্ত নড়াচড়া এড়িয়ে চলুন: আতঙ্কিত হয়ে অনেকে লিফটে লাফানো বা দোলানোর চেষ্টা করেন, যা লিফটের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এতে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। শান্তভাবে দাঁড়িয়ে থাকুন বা বসে থাকুন এবং অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলুন।
নিজে দরজা খোলার চেষ্টা করবেন না: লিফটের দরজা জোর করে খোলার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক। যদি লিফট হঠাৎ চলতে শুরু করে, তাহলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেতে পারেন। পেশাদার সাহায্যের জন্য অপেক্ষা করুন এবং তাদের নির্দেশ মেনে চলুন।
লিফট দ্রুত নিচে নামলে যা করবেন
যদি লিফট হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে, তবে মেঝেতে শুয়ে পড়ুন। মাথা রক্ষা করতে ব্যাগ বা হাত ব্যবহার করুন। ব্যাগ থাকলে তা মাথার নিচে রাখুন, আর না থাকলে হাত দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে আঘাতের ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
কিছু অতিরিক্ত পরামর্শ
জরুরি নম্বর সংরক্ষণ করুন: আপনি যে ভবনে থাকেন বা কাজ করেন, সেখানকার লিফট রক্ষণাবেক্ষণ দল বা বিল্ডিং ম্যানেজমেন্টের জরুরি নম্বর সবসময় ফোনে সংরক্ষণ করে রাখুন।
লিফটের নির্দেশিকা পড়ুন: লিফটে থাকা জরুরি নির্দেশিকা পড়ে রাখুন, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
শিশু ও বয়স্কদের প্রতি খেয়াল রাখুন: লিফটে শিশু বা বয়স্ক ব্যক্তি থাকলে তাদের শান্ত রাখতে বিশেষভাবে সতর্ক থাকুন।
লিফটে আটকে পড়া অপ্রীতিকর হলেও শান্ত থাকা, সঠিক পদক্ষেপ নেওয়া এবং পেশাদারদের সাহায্যের অপেক্ষা করাই নিরাপত্তার মূল চাবিকাঠি।
এই পরামর্শগুলো মেনে চললে নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়।
আরও পড়ুন
মাঝ রাতের পরে ঘুম ভেঙে গেলে, কী করবেন ঘুম না এলে!