২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মক্ষেত্রে ‘গ্রোথ মাইন্ডসেট’- উন্নতির পন্থা

‘আমি পারবো না’ বলার চাইতে, ‘আমি এখনও পারিনি’ বললে নিজের মধ্যেই চেষ্টার ইচ্ছা তৈরি হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

কাজের জায়গায় অনেক সময় নিজেদের আটকে পড়া মনে করি। একই কাজের পুনরাবৃত্তি, নতুন কিছু শেখার অনীহা কিংবা ভুল করার ভয় কর্মজীবনকে ভারী করে তোলে।

তবে মনোভাবের এক সামান্য পরিবর্তনই বদলে দিতে পারে পুরো অভিজ্ঞতা। এই পরিবর্তনের মূল শব্দ হল ‘গ্রোথ মাইন্ডসেট।’

গ্রোথ মাইন্ডসেট কী?

মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েক যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে গিয়ে ‘গ্রোথ মাইন্ডসেট’ ধারণাটি তুলে ধরেন।

কাম ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি বলেন, "গ্রোথ মাইন্ডসেট’ হল এই বিশ্বাস যে- মানুষের দক্ষতা ও মেধা স্থির নয় বরং চেষ্টা, অনুশীলন এবং সঠিক সহায়তার মাধ্যমে তা বাড়ানো সম্ভব। এর বিপরীতে রয়েছে ‘ফিক্সড মাইন্ডসেট’, যেখানে মানুষ ধরে নেয়— সে কোনো কাজে জন্মগতভাবেই ভালো কিংবা খারাপ, উন্নতির সুযোগ নেই।"

কাজের জায়গায় এই মানসিকতা বিশাল প্রভাব ফেলে। একজন কর্মী যদি মনে করেন যে তিনি নতুন কিছু শিখতে পারবেন না, তবে তিনি ঝুঁকি নেবেন না, নতুন দায়িত্ব এড়িয়ে যাবেন।

আবার যার মধ্যে ‘গ্রোথ মাইন্ডসেট’ আছে, তিনি ভুল হলেও শিখতে থাকবেন। চেষ্টা করবেন এবং ক্রমে আরও দক্ষ হয়ে উঠবেন।

কর্মক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট কেন প্রয়োজনীয়?

কর্মক্ষেত্রে প্রযুক্তি, বাজার, এমনকি কাজের ধরনও প্রতিনিয়ত নতুন আকার নিচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হলে শুধু অভিজ্ঞতাই যথেষ্ট নয়, প্রয়োজন অভিযোজন ক্ষমতা।

আর সেটিই সম্ভব ‘গ্রোথ মাইন্ডসেট’এর মাধ্যমে।

কর্মীদের জন্য সুবিধা

দক্ষতা বৃদ্ধি: নতুন কিছু শেখার অনুমতি দিলে ধীরে ধীরে দক্ষতা বাড়ে।

প্রেরণা: সাফল্য মানেই নিখুঁত ফল নয়—এই উপলব্ধি কর্মীদের কাজে উৎসাহী করে।

আত্মবিশ্বাস: চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে আত্মবিশ্বাস বাড়ে।

ভুলের ভয় কমে: ভুলকে শেখার অংশ হিসেবে দেখা হয়।

প্রতিষ্ঠানের জন্য সুবিধা

খাপ খাওয়ানো সহজ হয়: পরিবর্তন ও অনিশ্চয়তা মোকাবিলায় দল আরও প্রস্তুত থাকে।

সহযোগিতা বাড়ে: প্রতিযোগিতার বদলে শেখা ও একসঙ্গে কাজ করার প্রবণতা তৈরি হয়।

কর্মী ধরে রাখা সহজ হয়: কর্মীরা শেখার সুযোগ পেলে প্রতিষ্ঠান ছেড়ে যেতে চান না।

অন্তর্ভুক্তিমূলক পরিবেশ: যোগ্যতা নয়, উন্নতির প্রতি মনোযোগ দেওয়ায় সবাই সমান সুযোগ পান।

কর্মক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট গড়ে তোলার উপায়

‘গ্রোথ মাইন্ডসেট’ গড়ে তোলা একদিনের কাজ নয়। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, চিন্তার ধরন ও কাজের ধরন পাল্টালেই এই পরিবর্তন সম্ভব।

ভেতরের কথোপকথন খেয়াল করা: নিজেকে বলছেন, ‘আমি পারব না’— এটি ‘ফিক্সড মাইন্ডসেট’। এর বদলে বলুন- ‘আমি এখনও পারিনি’। এই একটি ‘এখনও’ শব্দই শেখার দরজা খুলে দেয়।

ভুলকে শিক্ষার সুযোগ ভাবা: ভুল করলে আফসোস না করে জিজ্ঞেস করতে হবে— ‘এখান থেকে কী শিখলাম?’ এভাবে অনুশোচনা নয়, শিক্ষা বয়ে আনে অভিজ্ঞতা।

নতুনভাবে শুরু করতে ভয় না পাওয়া: অজানা কাজে প্রথমে ব্যর্থ হওয়া স্বাভাবিক। তবে চেষ্টা ও সহায়তার মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব।

প্রশ্ন করতে লজ্জা না পাওয়া: প্রশ্ন জিজ্ঞেস করা শেখার অংশ। এমনকি সহজ প্রশ্নও হতে পারে উন্নতির চাবিকাঠি।

প্রতিক্রিয়াকে স্বাগত জানানো: কেউ মতামত দিলে তা এড়িয়ে যাবেন না। মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে নোট নিন এবং উন্নতির পথ খুঁজুন।

শুধু ফল নয়, চেষ্টাকেও গুরুত্ব দেওয়া: ফলাফল ভালো না হলেও চেষ্টার স্বীকৃতি দিন। এতে কর্মীরা আরও সাহসী হয়ে নতুন কিছু চেষ্টা করবেন।

প্রতিদিন আত্মসমালোচনা করা: নিজেকে প্রশ্ন করা— ‘আজ কী শিখলাম?’ ‘কী চ্যালেঞ্জ সামলেছি?’ ‘কী এড়িয়ে গেছি?’ এই প্রতিফলন উন্নতিতে সাহায্য করে।

শক্তি বা দুর্বলতার সঙ্গে আঁকড়ে ধরবেন না: আপনি কিছুতে ভালো, কিছুতে দুর্বল— দুটিই স্বাভাবিক। তবে শেখার সুযোগ উভয় দিকেই আছে।

শেখার মানসিকতা সম্পন্ন মানুষদের সঙ্গে সময় কাটানো: যারা ভুলকে হাসিমুখে নেয়, নতুন কিছু চেষ্টা করে, তাদের সঙ্গে থাকুন। এতে নিজের মানসিকতাও পরিবর্তিত হবে।

কর্মীদের মধ্যে গ্রোথ মাইন্ডসেট তৈরি করার উপায়

ভাষার পরিবর্তন

সাফল্যকে জন্মগত প্রতিভা নয়, বরং প্রচেষ্টা ও উন্নতির সঙ্গে যুক্ত করা।

পরীক্ষামূলক সুযোগ

ঝুঁকিহীন ছোট প্রকল্প দিন, যাতে কর্মীরা নতুন কিছু চেষ্টা করতে পারেন।

শেখাকে উদযাপন

শুধু বড় সাফল্য নয়, শেখার প্রচেষ্টাকেও স্বীকৃতি দিন।

দুই দিকের প্রতিক্রিয়া উৎসাহিত করা

শুধু কর্মী নয়, নেতার দিকেও প্রতিক্রিয়া আসুক। এতে বিশ্বাস বাড়ে।

প্রশিক্ষণকে বাস্তবের সঙ্গে যুক্ত

শেখার সুযোগ বর্তমান কাজের সঙ্গে সম্পর্কিত হলে কর্মীরা বেশি আগ্রহী হন।

বিশ্রামের সুযোগ

অতিরিক্ত চাপের মধ্যে শেখা সম্ভব নয়। তাই কাজের ফাঁকে বিশ্রামকে মূল্য দিন।

আরও পড়ুন

চাকরির অনিশ্চয়তা বোঝার উপায়

যোগ্যতার তুলনা ছোট চাকরির সমস্যা

সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ার উপায়

অফিস শেষেও কাজের মেজাজে? বের হয়ে আসার আছে উপায়