হাটে গিয়ে মাথা ঠান্ডা না রাখলে পস্তাতে হতে পারে
বাজেট নেই, তাড়া আছে, দালাল পাশে। এই তিনের মিশেলে ভোগান্তি যেন বাড়ে।
কোরবানির ঈদের আগের দিনগুলোতে পশুর হাটের একটা আলাদা আমেজ থাকে। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের স্রোত। কোথাও গরুর দড়ি ধরে টানাটানি, কোথাও দাম নিয়ে তর্ক, কোথাও ছোট ছেলেমেয়ে ছাগলের পেছনে ছুটছে।
পরিবার নিয়ে হাটে যাওয়াটাই অনেকের কাছে ঈদের একটা অংশ।
তবে এই উৎসবের আমেজের মধ্যেই লুকিয়ে থাকে বেশ কিছু ফাঁদ। অসুস্থ পশু কেনা বা ভিড়ের মধ্যে পকেট হাতিয়ে নেওয়ার বিষয়টা নতুন নয়।
এই ঝামেলাগুলো এড়ানো কঠিন নয়, শুধু হাটে ঢোকার আগে একটু প্রস্তুতি দরকার।
হাটে যাওয়ার আগেই বাজেট ঠিক করা
হাটে গিয়ে স্বাস্থ্য ভালো গরু দেখলে মন টলে যায়। বাজেট ছিল এক লাখ, কিন্তু দেড় লাখের গরুটাকে ছেড়ে আসতে মন চায় না। এই মুহূর্তের আবেগেই অনেকের আর্থিক হিসাব এলোমেলো হয়ে যায়।
তাই হাটে যাওয়ার আগেই পরিবারের সামর্থ্য অনুযায়ী একটি বাজেট নির্ধারণ করা উচিত। সেই বাজেটের বাইরে যাওয়া যাবে না। এই সিদ্ধান্ত বাড়িতেই নিতে হবে। হাটের মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।
রাঙামাটি পার্বত্য জেলার ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী বলেন, “পরিকল্পনা ছাড়া হাটে গেলে প্রায়ই ভুল সিদ্ধান্ত হয়। বাজেট আগে থেকে ঠিক থাকলে পশু বাছাই অনেক সহজ হয়ে যায়।”
পশু চেনা
হাটে গিয়ে পশু দেখার সময় অনেকে শুধু আকার দেখেন। কতটা বড়, কতটা ভারী। এটাই ভুল।
ডা. সুচয়ন চৌধুরী পরামর্শ দেন, “প্রথমে চোখের দিকে তাকান। সুস্থ পশুর চোখ উজ্জ্বল ও স্বচ্ছ থাকে। চোখ লাল, ঘোলা বা পানিভেজা হলে সতর্ক হন। নাক দেখুন। ভেজা ও পরিষ্কার থাকলে ভালো। মুখ থেকে অতিরিক্ত লালা পড়ছে কি না, বারবার কাশছে কি না খেয়াল করুন।
এরপর পশুটিকে একটু হাঁটান। সুস্থ পশু স্বাভাবিকভাবে হাঁটে, চঞ্চল থাকে। খুঁড়িয়ে হাঁটলে বা বারবার বসে পড়লে সমস্যা আছে ধরে নিন। শরীরে কোনো ঘা, ক্ষত বা চামড়ার রোগ আছে কি না সেটাও দেখুন।”
দাঁত দেখে বয়স নিশ্চিত হওয়া
কোরবানির পশুর বয়স নির্ধারিত হওয়া ইসলামি শরিয়তের শর্ত। এটা অনেকেই জানেন। তবে বিক্রেতার কথায় ভরসা না রেখে নিজেই যাচাই করে নিতে পারেন।
“গরুর ক্ষেত্রে দুটি স্থায়ী দাঁত উঠলে বয়স প্রায় দুই বছর ধরা হয়, যেটা কোরবানির ন্যূনতম বয়স। ছাগল ও ভেড়ার ক্ষেত্রেও দাঁত দেখে বয়স বোঝা যায়। এই বিষয় সম্পর্কে ধারণা না থাকলে এমন কাউকে সঙ্গে নিন যিনি বোঝেন” পরামর্শ দেন এই পশু চিকিৎসক।
অন্ধ, মারাত্মক অসুস্থ, অতিরিক্ত দুর্বল বা পা ভাঙা পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। এই বিষয়গুলো আগে থেকে জানা থাকলে হাটে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
স্বাস্থ্য ভালো দেখলেই ঝাঁপিয়ে পড়া যাবে না
ডা. সুচয়ন চৌধুরী বলেন, “হাটে সবচেয়ে বড় ফাঁদ হল, কৃত্রিমভাবে মোটাতাজা করা পশু। কিছু অসাধু ব্যবসায়ী স্টেরয়েড বা ক্ষতিকর ওষুধ দিয়ে পশুকে দ্রুত মোটা বানান। বাইরে থেকে দেখতে চমৎকার লাগলেও এই পশুর মাংসের গুণগত মান থাকে না এবং স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে।”
চেনার উপায় হল: শরীরে অস্বাভাবিক ফোলা-ভাব আছে কি না, চামড়া অস্বাভাবিক টানটান কি না, পশুটি হাঁটতে কষ্ট পাচ্ছে কি না।
অনেক সময় বিক্রির আগে পশুকে প্রচুর পানি ও খাবার খাইয়ে সাময়িকভাবে ভারী দেখানো হয়। পেট অস্বাভাবিক বেশি ফোলা থাকলে, সেটা সন্দেহজনক।
দরদামে ধৈর্য ধরা, দালালে ভরসা না করা
বিক্রেতারা সাধারণত শুরুতে বেশি দাম বলেন। এটা হাটের নিয়ম। তাই প্রথম দামেই রাজি হওয়া যাবে না। কয়েকটি পশুর দাম তুলনা করতে হবে। একাধিক হাট ঘুরলে বাজারদর সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
হাটে নানান দালাল ঘোরাঘুরি করেন যারা ‘ভালো পশু’ চিনিয়ে দেওয়ার প্রলোভন দেখান। অপরিচিত কারও কথায় সহজে ভরসা করা যাবে না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিতে হবে।
শিশু ও নিরাপত্তার কথাও ভাবতে হবে
হাটের ভিড়ে শিশুরা সহজেই হারিয়ে যেতে পারে। ছোটদের হাত ধরে রাখতে হবে। প্রয়োজনে শিশুর পকেটে পরিবারের ফোন নম্বর লিখে রাখা ভালো সিদ্ধান্ত।
নগদ টাকা বহনে সতর্ক থাকতে হবে। ভিড়ের মধ্যে পকেটমার সক্রিয় থাকে। সম্ভব হলে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করাই ভালো। অতিরিক্ত টাকা প্রকাশ্যে বের করা থেকে বিরত থাকতে হবে।
কোরবানির পশু কেনা ধর্মীয় দায়িত্বের অংশ। সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হলে, আবেগের চেয়ে একটু বুদ্ধি খাটালে, হাট থেকে ফেরা যায় সন্তুষ্টি নিয়ে।
আরও পড়ুন
