২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাটে যাওয়ার জন্য জুতা কেমন হবে?

কাদা-মাটি লেগে যাবে এমন স্যান্ডেল পরে হাটে যাওয়া অস্বাস্থ্যকর।

হাটে যাওয়ার জন্য জুতা কেমন হবে?
খালি পায়ে হাটে যাওয়া মোটেই স্বাস্থ্যকর নয়। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 03:49 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কোরবানির ঈদ সামনে রেখে গরুর হাটে যাওয়া শুরু হয়ে গেছে। কেউ বন্ধুদের সঙ্গে হাটে যাচ্ছেন, কেউ পরিবারের জন্য পছন্দের গরু দেখতে বের হচ্ছেন। তবে হাটের যাওয়ার প্রস্তুতি আগেই নেওয়া ভালো।

গরুর হাটে যাওয়ার সময় পোশাকের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক জুতা নির্বাচন। কারণ হাটের পরিবেশ সাধারণ বাজারের মতো নয়।

কাদা, পানি, পশুর বর্জ্য, ভিড় আর দীর্ঘ সময় হাঁটার বিষয় থাকে। তাই শুধু দেখতে ভালো হলেই হবে না, জুতা হতে হবে আরামদায়ক, নিরাপদ ও ব্যবহারিক।

ধানমন্ডি ২৭ নম্বরের অ্যাপেক্স বিক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, “কোরবানির ঈদে হাটের যাওয়ার জন্য আসলে প্রয়োজন হয় বিশেষ ধরনের জুতা, যাতে পায়ের ক্ষতি না হয়। এমন কিছু স্লাইস জুতা রয়েছে যা সামনের অংশে আটকা আর জুতাগুলো বেশ নরম। আর কাদা, মাটি ও পানিতে পিছলে যায় না।”

পিছলে যাবে না এমন জুতা সবচেয়ে গুরুত্বপূর্ণ

গরুর হাটে সাধারণত মাটি ভেজা থাকে। কোথাও পানি, কোথাও কাদা, আবার কোথাও পশুর খাবার পড়ে থাকে। তাই জুতার তলা ভালোভাবে গ্রিপ ধরে কি না, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শক্ত গ্রিপযুক্ত রাবারের সোলের জুতা হাটের জন্য নিরাপদ। এতে হাঁটার সময় পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে ভিড়ের মধ্যে অনেকক্ষণ হাঁটতে হলে বা পশু ধরাধরি করার জন্য এই ধরনের জুতা বেশি উপযোগী।

সহজে ধোয়া যায় এমন উপাদান ভালো

অনেক সময় হাট থেকে ফিরে জুতা পরিষ্কার করাই ঝামেলা হয়ে দাঁড়ায়। তাই

“কাপড়ের বা খুব বেশি শোষণক্ষম জুতার বদলে এমন জুতা বেছে নেওয়া ভালো, যা সহজে পানি দিয়ে ধুয়ে ফেলা যায়”, বলেন গরুর হাট থেকে ফেরা আরাফাত সালেক।

এই ক্রেতা আরও বলেন, “রাবার, কৃত্রিম চামড়া বা পানিরোধী উপাদানের স্যান্ডেল ও জুতা এক্ষেত্রে সুবিধাজনক। এতে কাদা লাগলেও দ্রুত পরিষ্কার করা যায়।”

অন্যদিকে সাদা বা খুব হালকা কাপড়ের জুতা এড়িয়ে চলাই ভালো। কারণ এগুলো দ্রুত নোংরা হয়ে যায়।

স্যান্ডেল নাকি বন্ধ জুতা

অনেকের প্রশ্ন থাকে হাটে স্যান্ডেল ভালো, নাকি বন্ধ জুতা? এটি নির্ভর করে হাটের পরিবেশ ও ব্যক্তিগত স্বস্তির ওপর।

যদি হাটে বেশি কাদা বা পানি থাকে, তাহলে বন্ধ জুতা কিছুটা সুরক্ষা দেয়। তবে সেটি খুব ভারী না হওয়াই শ্রেয়।

আবার সহজে পরিষ্কার করা যায় এমন কিছু চাইলে স্ট্র্যাপযুক্ত স্যান্ডেল বেছে নেওয়া যায়। তবে খুব খোলা স্যান্ডেল পরা যাবে না।

কারণ এতে পায়ে ময়লা লাগতে পারে বা ভিড়ে আঘাত লাগার আশঙ্কা থাকে।

হাটে যাওয়ার ক্ষেত্রে স্পোর্টস স্যান্ডেলও ভালো সমাধান। এগুলো আরামদায়ক, পা ভালোভাবে ধরে রাখে এবং সহজে ধোয়া যায়।

সরকারি কর্মচারী হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কামরুল হাসানের পরামর্শ, “আগে থেকে ব্যবহার করা আরামদায়ক জুতা পরাই ভালো। এতে পা ব্যথা বা ফোসকা হওয়ার ঝুঁকি কম থাকে। বিশেষ করে যারা এক হাট থেকে আরেক হাটে ঘোরেন, তাদের জন্য আরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

মোজা ব্যবহারের দিকেও খেয়াল রাখা দরকার

বন্ধ বুটের মতো জুতা পরলে পাতলা সুতি মোজা ব্যবহার করা ভালো। এতে ঘাম কম জমে এবং দীর্ঘ সময় পা আরামদায়ক থাকে।

তবে ভেজা মোজা পরে বেশি সময় থাকা ঠিক নয়। তাই প্রয়োজন হলে অতিরিক্ত এক জোড়া মোজা সঙ্গে রাখা যেতে পারে।

স্বাস্থ্য রক্ষা গুরুত্বপূর্ণ

“গরুর হাটে অনেক ধরনের জীবাণু ও ময়লা থাকতে পারে। খুব পাতলা স্যান্ডেল পরে যাওয়া ঠিক নয়। বিশেষ করে পায়ে কাটা বা ক্ষত থাকলে বাড়তি সতর্ক থাকা দরকার”, বলেন এই চিকিৎসক।

হাট থেকে ফিরে জুতা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে রাখার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, “একই সঙ্গে পা সাবান দিয়ে পরিষ্কার করাও জরুরি। এতে সংক্রমণের ঝুঁকি কমে”

আরও পড়ুন

ঈদের আগেই যেসব কাজ গোছানো জরুরি

ঈদে শিশুর নিরাপত্তা

কোরবানির পশু রাখার স্থান প্রস্তুত করার পন্থা