ঈদে বাড়ি ফেরা: সঙ্গে যেসব ওষুধ রাখা জরুরি
রাস্তায় ফার্মেসি নাও মিলতে পারে, গভীর রাতে অসুস্থ হলে বিপদ।
ব্যাগে নতুন পোশাক ঢোকানো হয়েছে, শিশুর খেলনা আছে, আত্মীয়দের জন্য উপহারও ভরা। তবে একটা জিনিস অনেকেই ভুলে যান, আর সেটা হল ওষুধ।
লঞ্চে মাঝনদীতে বা বাসে যানজটে আটকে হঠাৎ মাথা ঘুরলে, পেট খারাপ হলে বা শিশু জ্বরে কাঁদতে শুরু করলে পাশে ফার্মেসি থাকে না। গভীর রাতে তো আরও নয়।
তখন একটা প্যারাসিটামল বা ওআরএস, মানে খাবার স্যালাইনের প্যাকেট যে কতটা মূল্যবান হয়ে ওঠে, সেটা একবার যে বিপদে পড়েছে সে বুঝে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “ঈদে দীর্ঘ ভ্রমণে ক্লান্তি, পানিশূন্যতা, গ্যাস্ট্রিক, মাথাব্যথা আর ঠান্ডাজনিত সমস্যা খুব সাধারণ বিষয়। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী কিছু প্রাথমিক ওষুধ সঙ্গে রাখা উচিত। বিশেষ করে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি।”
জ্বর ও ব্যথার ওষুধ, এটা না রাখলেই বিপদ
ভ্রমণের ক্লান্তি, গরম, অনিয়মিত ঘুম- এসব কারণে শরীর সহজেই ভেঙে পড়ে। হঠাৎ জ্বর আসতে পারে, মাথাব্যথা হতে পারে, গায়ে ব্যথাও লাগতে পারে।
প্যারাসিটামল ধরনের ওষুধ সঙ্গে থাকলে এই মুহূর্তগুলো সহজেই সামলানো যায়। বড়দের জন্য আলাদা, শিশুদের জন্য সাসপেনশন বা সিরাপ আলাদা করে রাখা উচিত।
গ্যাস্ট্রিক ও বদহজম, ঈদে এটা প্রায় সবার হয়
কোরবানির মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা; ঈদের খাবারে তেল-মসলার ঘাটতি থাকে না। পথের মধ্যে বাইরের খাবারও খেতে হয়। এই দুইয়ে মিলে পেটে অম্বল, গ্যাস বা বদহজম প্রায় অনিবার্য।
ডা. নয়ন বলেন, “অ্যান্টাসিড ধরনের ওষুধ ব্যাগে থাকলে পথের মধ্যে অস্বস্তি থেকে দ্রুত মুক্তি মেলে। রাস্তায় চা বা ভাজাপোড়া খেয়ে পেট গোলানো অনুভব হলে এটাই সবার আগে কাজ করে।”
ডায়রিয়া ও বমির প্রস্তুতি
ভ্রমণে বেশি হওয়া অসুখগুলোর একটি হল পেটে সমস্যা। বাইরের পানি, রাস্তার খাবার বা শরবত- যে কোনো কিছু থেকে পেট খারাপ হতে পারে।
ওআরএস বা খাবার স্যালাইনের কয়েকটা প্যাকেট সঙ্গে রাখা উপকারী। এটা পানিশূন্যতা ঠেকায় এবং ডায়রিয়ার সময় সবচেয়ে জরুরি। সঙ্গে বমি প্রতিরোধক ওষুধও রাখতে হবে।
বাসে বা লঞ্চে দীর্ঘ যাত্রায় বমিভাব অনেকেরই হয়, বিশেষ করে শিশুদের।
ডা. নয়ন বলেন, “যাত্রাপথে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না, যা শরীরে পানিশূন্যতা তৈরি করে। বিশুদ্ধ পানি পান করা, হালকা খাবার খাওয়া এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ঠান্ডা-কাশির ওষুধ
বাসের এসির ঠান্ডা থেকে নেমে বাইরের গরমে, এই পরিবর্তনেই সর্দি-কাশি শুরু হয়ে যায়। রাস্তার ধুলাও অ্যালার্জি বাড়ায়।
একটা কফ সিরাপ বা অ্যান্টি-অ্যালার্জির ওষুধ থাকলে পথের মধ্যেই সামলানো যায়। নাক বন্ধ হয়ে বা গলা ধরে ঈদের আনন্দ মাটি হওয়াটা কেউ চান না।
নিয়মিত ওষুধ আলাদা করে গুছিয়ে নেওয়া
যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি বা হৃদরোগ আছে, তাদের জন্য এটা জরুরি বিষয়। নিয়মিত ওষুধ বাদ পড়লে মাত্র একদিনেই শরীরের অবস্থা খারাপ হতে পারে।
তাই যাত্রার আগে গুনে দেখতে হবে কতদিনের জন্য যাওয়া হচ্ছে আর সেই অনুযায়ী ওষুধ আছে কি-না।
“যাত্রার আগের রাতেই আলাদা একটি পকেটে বা ছোট কৌটায় সব নিয়মিত ওষুধ গুছিয়ে রাখতে হবে। প্রেসক্রিপশনের কপিও সঙ্গে রাখা উচিত। হঠাৎ বাড়তি ওষুধ দরকার হলে বা অপরিচিত ডাক্তার দেখাতে হলে প্রেসক্রিপশন কাজে আসবে।” পরামর্শ দিলেন ডা. নয়ন।
একটা ছোট মেডিকেল কিট তৈরি করা
ডা. নয়ন বলেন, “বড় ওষুধের বাইরেও একটা ছোট্ট কিট রাখা উপকারী। ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, তুলা ও গজ, থার্মোমিটার, হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক। এগুলো জরুরি মুহূর্তে অনেক কাজে আসে।”
শিশু পড়ে গিয়ে হাঁটু ছিলে ফেললে বা ছোট কাটাছেড়ায়, হাতের কাছে ফার্মেসি না থাকলে এই কিট-ই ভরসা।
ঈদের যাত্রায় একটু সতর্কতা আর এই ছোট্ট প্রস্তুতিটুকুই পারে গোটা যাত্রাকে নিরাপদ ও আনন্দময় রাখতে। অসুস্থতায় যেন প্রিয়জনের কাছে ফেরার আনন্দ ম্লান না হয়।
আরও পড়ুন
