২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিল কমাতে রাতে এসি ছাড়াই ঘুমানোর উপায়

ভালো ঘুমের জন্য চাই শীতল পরিবেশ। আর এসি ছাড়াও ঘর দেহ ঠান্ডা করার রয়েছে উপায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 06:17 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

গরম ছাড়াও সারা বছর এসি ছেড়ে ঘুমানোর অভ্যাস আছে অনেকেরই। আর অভ্যাসের কারণে দিনের ক্লান্তি থাকলেও এসি ছাড়া রাত হয়ে যায় ঘুমহীন। ফলে সহজেই শরীরের বিশ্রাম নষ্ট করে।

এক্ষেত্রে মানসিক চাপ বা দুশ্চিন্তাকেই মূল কারণ মনে হলেও, শরীরের অভ্যস্ত হওয়া তাপমাত্রার থেকে অতিরিক্ত তাপমাত্রাও আরেকটি কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন’-এর নির্দেশিকা অনুসারে, প্রতিদিনের পরিচিত তাপমাত্রার থেকে বেশি গরম পরিবেশে ঘুমালে, ঘুমের মান কমে যায়। আর রাতের মধ্যে বারবার ঘুম ভাঙার প্রবণতা বাড়তে পারে।

তাই ভালো ঘুমের জন্য শরীর ও ঘর, দুটোকেই যতটা সম্ভব ঠান্ডা রাখা জরুরি। এছাড়া মাসের বিদ্যৎ বিল কমাতেও এই উপায় কাজে আসতে পারে।

যদিও সবার শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ব্যবহার করার সুযোগ থাকে না। তবে নিয়মিত এসিতে ঘুমানোর অভ্যাস থেকেও বের হওয়া সম্ভব।

ঘুমের আগে থেকেই ঘর ঠান্ডা করার প্রস্তুতি

শোয়ার ঠিক আগে ঘরে ঢুকে ঘুমানোর চেষ্টা করা যাবে না। কারণ সারাদিন ধরে জমে থাকা তাপ ঘরের ভেতর রয়ে যায়।

তাই শোয়ার অন্তত এক থেকে দুই ঘণ্টা আগে থেকেই ঘর ঠান্ডা করার চেষ্টা করা উচিত।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও অন্ট্রোপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বলেন, “সন্ধ্যার রান্না একটু আগে শেষ করা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা এবং জানালা খুলে বাতাস চলাচলের সুযোগ করে দিলে ঘরের তাপমাত্রা কিছুটা কমে আসে।”

যদি দিনের বেলা অন্য ঘরে সময় কাটানো সম্ভব হয়, তাহলে শোয়ার ঘরটি যতটা সম্ভব কম ব্যবহার করাও উপকারী। এতে ঘরে অতিরিক্ত তাপ জমে না।

দিনের রোদ ঘরে ঢুকতে বাধা

অনেক সময় বাইরের তাপের চেয়ে জানালা দিয়ে ঢোকা রোদই ঘরকে বেশি গরম করে তোলে। দিনের বেলায় পর্দা, ব্লাইন্ড বা জানালার শেইড টেনে রাখলে ঘরে তাপ কম ঢোকে।

তাসমিয়া জান্নাত বলেন, “সূর্যের আলো সরাসরি ঘরে ঢুকলে দুপুরের পর থেকেই ঘরের ভেতর তাপ আটকে যেতে শুরু করে। তাই সকাল থেকেই রোদ আটকানোর ব্যবস্থা করলে সন্ধ্যায় ঘর তুলনামূলক ঠান্ডা থাকে।”

পাখা ব্যবহার

পাখা ঘরের তাপমাত্রা কমায় না, তবে শরীরের চারপাশে বাতাসের প্রবাহ তৈরি করে গরমের অনুভূতি অনেকটাই কমিয়ে দেয়।

আর টেবিল বা স্ট্যান্ড পাখা ব্যবহার করলে সেটি সরাসরি বিছানার দিকে না রেখে এমনভাবে রাখতে হবে, যাতে বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এই অধ্যাপক আরও বলেন, “খালি ঘরে সারাক্ষণ পাখা চালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এতে শুধু বিদ্যুতের অপচয় হয়, ঘর ঠান্ডা হয় না।”

পাখার সঙ্গে বরফ ব্যবহার

এসি ছাড়া গরম বেশি মনে হলে ও অস্বস্তি বেশি হলে সহজ উপায় হল টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে বেশি করে বরফ রাখা। এতে বাতাস কিছুটা ঠান্ডা অনুভূত হয়।

তাসমিয়া জান্নাত বলেন, “যদিও এটি স্থায়ী সমাধান নয়, তবে এসি ছাড়া রাতে শরীরকে দ্রুত আরাম দিতে পারে এই ব্যবস্থা। বিশেষ করে ছোট ঘরে এই কৌশল বেশ কার্যকর হতে পারে।”

শরীরের তাপ কমান, শুধু ঘরের নয়

ঘর ঠান্ডা করা সম্ভব না হলেও শরীরের তাপমাত্রা কমানো যায়। হাত, পা এবং মাথা শরীরের এমন অংশ, যেখান দিয়ে দ্রুত তাপ বের হয়। তাই ঠান্ডা পানিতে হাত-মুখ ধোয়া, ভেজা তোয়ালে দিয়ে মাথা মুছে নেওয়া বা পায়ের পাতায় ঠান্ডা পানি দেওয়া শরীরকে দ্রুত স্বস্তি দিতে পারে, পরামর্শ দেন তাসমিয়া জান্নাত।

শোয়ার আগে গোসল

গোসলের পর শরীরের রক্তনালি কিছুটা প্রসারিত হয়। গোসল শেষে শরীর থেকে তাপ দ্রুত বের হয়ে যায়, ফলে শরীরের ভিতরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে।

রাতের যে ভুলগুলো এড়িয়ে চলতে হবে

রাতে ভারী খাবার খাওয়া, শোয়ার আগে ওভেন বা চুলায় দীর্ঘ সময় রান্না করা, অপ্রয়োজনীয় আলো জ্বালিয়ে রাখা বা মোবাইল চার্জে লাগিয়ে বিছানায় ব্যবহার করা, এসবই ঘরের তাপ বাড়ায় এবং শরীরকে সজাগ রাখে।

এছাড়া সাধারণ বৈদ্যুতিক যন্ত্রও ধীরে ধীরে তাপ উৎপন্ন করে। তাই ঘুমানোর আগে অপ্রয়োজনীয় আলো ও যন্ত্র বন্ধ করে দিলে ঘর কিছুটা হলেও আরামদায়ক হয়।

আরও পড়ুন

যেভাবে এসি ব্যবহার করলে বিল কমবে

যে কারণে এসির মধ্যে থেকেও ত্বক ও চুল মলিন লাগে

অন্ধকারে ঘুম যে কারণে শরীরের জন্য ভালো