অর্কিডের যত্নে পানির সঠিক নিয়ম
ঘন ঘন পানি দিলে অর্কিড নষ্ট হয়ে যেতে পারে।
সাদা, বেগুনি, কমলা কিংবা সবুজ যে রংয়েরই হোক, একটি অর্কিড টব জানালার পাশে বা বসার ঘরে রাখলেই আলাদা প্রাণ আসে।
রঙিন অর্কিড ফুল ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। তবে এই সুন্দর ফুল যতটা আকর্ষণীয়, তার যত্ন নেওয়া ততটাই সংবেদনশীল কাজ।
বিশেষ করে পানির ব্যাপারে সামান্য ভুল পুরো গাছ নষ্ট করে দিতে পারে।
অর্কিড প্রকৃতিতে যেভাবে বেঁচে থাকে
অর্কিড মূলত বৃষ্টিবনের গাছে জন্মায়। তারা মাটির ভেতরে না থেকে গাছের গায়ে ভর করে বেড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশে তারা নিয়মিত বৃষ্টির পানিতে ভিজে যায় এবং অতিরিক্ত পানি সঙ্গে সঙ্গে ঝরে পড়ে।
তবে ঘরের ভেতর টবে এই স্বাভাবিক পরিবেশ পাওয়া যায় না। তাই বাড়িতে অর্কিডে রাখার সময় পানি দেওয়ার পদ্ধতিতে বিশেষ সতর্কতা দরকার।
রান্নাঘরের সিঙ্কে ভিজিয়ে দেওয়ার পদ্ধতি
ক্যালিফোর্নিয়া ভিত্তিক ফুলের নকশাবিদ কেলিন হিউইট রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশির এক প্রতিবেদনে বলেন, “অর্কিডে পানি দেওয়ার জনপ্রিয় ও কার্যকর পদ্ধতিগুলোর একটি হল- রান্নাঘরের সিঙ্কে ভিজিয়ে দেওয়া। বিশেষ করে যেসব টবে বাকলের মিশ্রণ ব্যবহার করা হয়, সেখানে এই পদ্ধতি উপযোগী।”
এতে হালকা কুসুম গরম পানি সিঙ্কে নিয়ে টবটিকে এমনভাবে বসাতে হয় যাতে পানির স্তর টবের মুখ পর্যন্ত উঠে আসে, কিন্তু পুরো গাছ ডুবে না যায়। এই অবস্থায় প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখা যথেষ্ট।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্কিড বিশেষজ্ঞ ভার্জিনিয়া হেইস সতর্ক করে বলেন, “পনেরো মিনিটের বেশি ভিজিয়ে রাখলে শিকড় পচে যেতে পারে। তাই সময়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।”
সময় শেষে টব তুলে ভালোভাবে পানি ঝরিয়ে তারপর আবার সাজানো পাত্রে বসাতে হবে। পানি হিসেবে সাধারণ নলকূপ বা কলের পানি ব্যবহার করা যায়, তবে অতিরিক্ত লবণাক্ত বা পাতিত পানি এড়িয়ে চলাই ভালো।
ঢালু পানির কৌটা বা স্প্রে দিয়ে পানি দেওয়া
আরেকটি সহজ উপায় হল- ঢালু পানির কৌটা বা স্প্রে ব্যবহার করা।
কেলিন হিউইট বলেন, “স্প্রে বোতল কখনই একমাত্র পানির উৎস হওয়া উচিত নয়; বরং এটি মাঝের সময় গাছের আর্দ্রতা ধরে রাখতে কাজে লাগে।”
সারা সপ্তাহে কয়েকবার পাতার আশপাশে হালকা পানি ছিটিয়ে দিলে বাতাসের আর্দ্রতা বজায় থাকে। তবে পূর্ণাঙ্গ ভাবে পানির জন্য টবটিকে সাজানো পাত্র থেকে বের করে সরাসরি পানির নিচে প্রায় পনেরো সেকেন্ড রাখতে হবে।
এরপর আরও পনেরো সেকেন্ড সিঙ্কে রেখে অতিরিক্ত পানি ঝরাতে হবে। তারপর আগের পাত্রে বসিয়ে দেওয়া যায়।
এই সময় সাবধান থাকতে হবে যেন ফুলের ওপর সরাসরি পানি না পড়ে। ফুল ভিজে গেলে ছত্রাক জন্মাতে পারে, যা ফুল ঝরিয়ে দিতে বা নষ্ট করে দিতে পারে।
বরফ দিয়ে ধীরে ধীরে পানি দেওয়ার কৌশল
আরেকটি অভিনব পদ্ধতি হল বরফকণা ব্যবহার করা। গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে সীমিত ও পরিমিত পানি ধীরে ধীরে গাছের গোড়ায় পৌঁছে যায়। এতে অতিরিক্ত পানি দেওয়ার ঝুঁকি কমে। বেশি পানি অর্কিডের সবচেয়ে বড় শত্রু।
সাধারণত টবের ওপর মাটির বা বাকলের উপরিভাগে তিনটি বরফকণা রাখা হয়। এগুলো গলে গলে শিকড়ের কাছে পৌঁছে গাছকে প্রয়োজনীয় আর্দ্রতা দেয়।
তবে এই পদ্ধতিতে বরফ যেন সরাসরি ফুল বা পাতায় না লাগে, সেদিকে নজর রাখা জরুরি।
কত দিন পরপর পানি দেবেন?
সাধারণভাবে সপ্তাহে একবার অর্কিডে পানি দেওয়া যথেষ্ট। তবে মৌসুম ও তাপমাত্রা অনুযায়ী এই সময় বদলাতে পারে।
গরম ও শুষ্ক সময়ে পানির প্রয়োজন বাড়ে, শীতে কিছুটা কমে। তবে সব ধরনের অর্কিডের প্রয়োজন এক নয়।
কেলিন হিউইট পরামর্শ দেন, “সিম্বিডিয়াম জাতের অর্কিড সব সময় ভেজা পরিবেশ পছন্দ করে। তাদের মাটি কখনও পুরো শুকাতে দেওয়া উচিত নয়, তবে অতিরিক্ত পানিতে ডুবিয়ে রাখাও ঠিক নয়। ক্রমাগত স্যাঁতসেঁতে অবস্থা বজায় থাকাই তাদের জন্য উপযোগী।”
“ডেনড্রোবিয়াম জাতের অর্কিডে তুলনামূলক কম পানি চায়, তবে নিয়মিত কয়েক দিন পরপর পানি দরকার হয়। আর ফ্যালেনপ্সিস জাতের অর্কিডে গাছের গোড়া প্রায় সব সময় ভেজা থাকা ভালো, বিশেষ করে গরমকালে সপ্তাহে দুবার কিংবা তার বেশি পানি প্রয়োজন হতে পারে”- বলেন তিনি।
শুধু সময়সূচির ওপর ভরসা নয়
গাছ বাঁচাতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ মানতে হবে। তা হল- শুধু নির্দিষ্ট সময় দেখে পানি না দেওয়া এবং গাছের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়া।
এক্ষেত্রে অর্কিডের শিকড়ের রংই সবচেয়ে ভালো নির্দেশক। শিকড় যদি সাদা বা ধূসর দেখায়, তবে বুঝতে হবে পানি দরকার। আর যদি সবুজ থাকে, তবে এখনই পানি দেওয়ার প্রয়োজন নেই।
আবহাওয়া বা ঘরের অবস্থান বদলালে পানির চাহিদাও বদলে যেতে পারে। তাই প্রতি সপ্তাহে স্বয়ংক্রিয়ভাবে পানি না দিয়ে গাছের চাহিদা বুঝে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে নিরাপদ।
বাংলাদেশের আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হওয়ায় অর্কিডের জন্য পরিবেশ তুলনামূলক অনুকূল। তবে বর্ষায় বাড়তি সতর্কতা দরকার। এসময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অতিরিক্ত পানি দিলে শিকড় দ্রুত পচে যেতে পারে।
আবার শীতকালে পানি কম লাগলেও পুরো শুকাতে দেওয়া যাবে না। জানালার পাশে আলো-বাতাস চলাচল আছে এমন জায়গায় টব রাখলে অর্কিডে ভালো থাকে। আর পানি দেওয়ার ধরনে সামান্য যত্ন নিলেই গাছ অনেক দিন সুস্থ থাকে এবং ঘনঘন ফুল দেয়।
আরও পড়ুন
