Published : 02 Oct 2025, 01:13 PM
ঘরের ভেতর রাখা গাছের যত্ন নেওয়া অনেকটা সম্পর্কের মতো। নিয়মিত পানি দেওয়া, আলো পাওয়া বা সঠিক পরিবেশ— সবকিছুই গাছের জন্য জরুরি।
তবে একটি বিষয় অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না। তা হল গাছকে এক স্থান থেকে অন্য স্থানে সরানো।
মনে হতে পারে, একই ঘরের ভেতর হোক বা নতুন বাসায় নিয়ে যাওয়া, এতে কোনো সমস্যা হবে না।
তবে কিছু গাছ এতটাই সংবেদনশীল যে, সামান্য স্থান পরিবর্তনেই তারা বিরক্তি প্রকাশ করে। আর সেটা প্রকাশ পায় ঝরে পড়া পাতা, শুকিয়ে যাওয়া বা রং পরিবর্তনের মাধ্যমে।
এ প্রসঙ্গে উদ্যানবিদ্যার বিশেষজ্ঞরা জানান, গাছের এই প্রতিক্রিয়া আসলে তাদের পরিবেশগত চাহিদার সঙ্গে জড়িত।
স্থিতিশীলতা হারালে তারা দ্রুত চাপ অনুভব করে। রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে কোন গাছগুলো বেশি সংবেদনশীল। আর প্রয়োজনে তাদের কীভাবে নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করা যায়।
পিস লিলি: নাটুকে কিন্তু নাজুক
পিস লিলি ঘরের ভেতরের জনপ্রিয় শোভাগাছ। তবে একে প্রায়ই বলা হয় 'নাটুকে' গাছ। কারণ সামান্য পানি কম পেলে তারা এমনভাবে পাতা ঝুলিয়ে দেয় যে মনে হয় এখনই মারা যাবে।

একই রকম প্রতিক্রিয়া দেখা যায় যখন এ গাছকে অন্য স্থানে সরানো হয়।
গাছের ক্ষেত্রে ধারাবাহিক পরিবেশের প্রয়োজনীয়তা বিজ্ঞানীরা তুলে ধরেছেন। আলো, তাপমাত্রা ও আর্দ্রতার হঠাৎ পরিবর্তন পিস লিলিকে অস্বস্তিতে ফেলে।
ফিডল লিফ ফিগ: খুঁতখুঁতে স্বভাবের জন্য পরিচিত
ঘর সাজাতে ‘ফিডল লিফ ফিগ’ বা ‘ডুমুর পাতার বেহালা’ অনেকের পছন্দের তালিকায় থাকে। তবে গাছটি পরিচিত খুঁতখুঁতে স্বভাবের জন্য।

সূর্যালোক, আর্দ্রতা ও পানির সামঞ্জস্য এরা একেবারেই বদলাতে চায় না। তাই স্থান পরিবর্তনের পর পাতা বাদামি হওয়া, ঝরে পড়া বা শুকিয়ে যাওয়া অস্বাভাবিক নয়।
গাছের যত্নে কাজ করা বিশেষজ্ঞদের মতে, ফিডল লিফ ফিগ একবার যে পরিবেশে অভ্যস্ত হয়, সেটি পরিবর্তন না করাই উত্তম।
ক্যালাথিয়া: সৌন্দর্যের সঙ্গে সংবেদনশীলতা
ক্যালাথিয়ার বা ‘প্রেয়ার প্ল্যান্ট’ ডোরাকাটা পাতার সৌন্দর্য নজর কাড়ে। তবে এ সৌন্দর্য ধরে রাখতে হলে প্রয়োজন ধারাবাহিক যত্ন। হঠাৎ করে এক স্থান থেকে অন্য স্থানে নিলে এ গাছের পাতা কুঁকড়ে যায় ও শুকিয়ে পড়তে শুরু করে।

এই সংবেদনশীলতা দেখায় যে, গাছ কেবল আলো বা পানি নয় বরং একই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চায়। একবার পরিবেশ বদলালে ক্যালাথিয়া নতুন স্থানে মানিয়ে নিতে সময় নেয়।
ক্রোটন: একবার অভিমান করলে পাতাহীন

ক্রোটন’কে বলা হয় নাটকীয় প্রতিক্রিয়ার গাছ। পরিবেশ যদি উপযুক্ত হয়, তবে এটি অত্যন্ত আকর্ষণীয় ও রঙিন গাছ। তবে একবার স্থান পরিবর্তন করলে এটি প্রায় সব পাতা ঝরিয়ে ফেলে।
ক্রোটনের যত্নে স্থিতিশীল পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামান্য পরিবর্তনেই তারা 'অভিমান' করে বসে এবং তা প্রকাশ করে ঝরে পড়া পাতার মাধ্যমে।
মানি ট্রি: সৌভাগ্যের প্রতীক, তবে সহজে অভিমানী

‘মানি ট্রি’ বা ‘মানি প্ল্যান্ট’ অনেক সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে পরিচিত। সহজ যত্নে এটি টিকে থাকে। তবে হঠাৎ করে স্থান পরিবর্তন করলে এর পাতাগুলো দ্রুত ঝরে যায়।
এটি প্রমাণ করে যে, তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ গাছও পরিবেশ পরিবর্তনে চাপ অনুভব করে। তাই মানি ট্রিকে সরানোর পর দীর্ঘ সময় স্থিতিশীল যত্ন দেওয়া জরুরি।
স্থান পরিবর্তনের পর গাছকে মানিয়ে নিতে সহায়তা করার উপায়
গাছকে সরানোর পর তাদের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য রাখা। বিশেষজ্ঞরা পরামর্শ দেন—
অতিরিক্ত যত্ন নয়: স্থান পরিবর্তনের পর গাছ হয়ত শুকিয়ে যাবে, পাতা ঝরাবে। তবে এ সময় অতিরিক্ত পানি বা সার দেওয়া ঠিক নয়। বরং নিয়মিত ও স্বাভাবিক যত্নই প্রয়োজন।
স্থিতিশীল পরিবেশ দেওয়া: নতুন স্থানে আলো, তাপমাত্রা ও আর্দ্রতা যেন একই রকম থাকে, তা নিশ্চিত করতে হবে।
অতিরিক্ত পরিবর্তন এড়ান: নতুন স্থানে নেওয়ার পরপরই ছাঁটাই বা রিপটিং করা উচিত নয়। গাছকে আগে মানিয়ে নিতে দিতে হবে।
সময় দিন: প্রতিটি গাছের মানিয়ে নেওয়ার আলাদা সময় লাগে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করলেই বেশিরভাগ গাছ নতুন পরিবেশে অভ্যস্ত হয়ে ওঠে।
আরও পড়ুন
ঘরে রাখা যে গাছগুলো দীর্ঘজীবী হয়