Published : 24 Sep 2025, 06:32 PM
প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে নতুন গাছের অভিভাবক – সবার জন্য ভিন্ন রকমের উপহারের ধারণা
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাছ মানে শুধু টবের মধ্যে সবুজ পাতার সমাহার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, যত্ন আর ভালোবাসা। যারা গাছ ভালোবাসেন, তাদের জন্য উপহার বেছে নেওয়া সবসময় সহজ নয়।
সাধারণত আমরা একটি নতুন গাছ কিনে দেওয়ার কথাই ভাবি।
তবে যুক্তরাষ্ট্রের ‘ফেমাস ইন ওরেগন’-এর প্রতিষ্ঠাতা ও উদ্যান বিশেষজ্ঞ ট্যানার মিচেল মনে করেন, “উপহার হিসেবে গাছ দেওয়া যেমন সুন্দর, তেমনই আছে আরও অসংখ্য সৃজনশীল বিকল্প।”
রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে একই মত প্রকাশ করেছেন ‘প্ল্যান্ট.সিপ.ভাইব’-এর প্রতিষ্ঠাতা ব্রিট পেরিশ।
তার মতে, "গাছপ্রেমীরা কেবল নতুন গাছেই আনন্দ পান না, বরং এমন সব উপকরণও তাদের খুশি করে যা গাছের যত্ন নেওয়াকে আরও সহজ করে তোলে।"
ঘর সাজানোর উপহার
গাছ যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি গাছ-অনুপ্রাণিত সাজসজ্জার জিনিসও বাড়িকে করে তোলে আরও প্রাণবন্ত। ছোট শোপিস, ঝুলন্ত হ্যাঙ্গার, কিংবা মজার আকৃতির সজ্জাসামগ্রী— সবই হতে পারে অনন্য উপহার।
এগুলো শুধু ঘরের শোভাই বাড়ায় না, বরং প্রিয় গাছকে নিরাপদ রাখতেও সাহায্য করে।
গাছের পানি দেওয়ার সরঞ্জাম: একটি সুন্দর পানির পাত্র বা ঝরঝরে স্প্রে বোতল হতে পারে নিখুঁত উপহার। এতে পানি দেওয়া যেমন সহজ হয়, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। অনেকে নান্দনিকতার জন্য কাচ বা ধাতব নকশার পাত্র পছন্দ করেন। এমন উপহার ব্যবহারিক ও আকর্ষণীয় দুই দিক থেকেই প্রশংসনীয়।
আলো মাপার যন্ত্র: গাছ বাঁচিয়ে রাখার জন্য আলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ট্যানার মিশেল বলেন, “আমার প্রতি বছর এক হাজারের বেশি পরামর্শ সেশন হয়, যার মধ্যে প্রায় ৯শ’ ৫০টি সমস্যাই হয় গাছ যথেষ্ট আলো না পাওয়ার কারণে।”
তাই নতুন গাছপ্রেমীদের জন্য আলো মাপার যন্ত্র হতে পারে দারুণ একটি উপহার। এটি ব্যবহার করে সহজেই বোঝা যায় কোন জায়গায় কতটা আলো পৌঁছাচ্ছে।
মাটির আর্দ্রতা পরিমাপের যন্ত্র: অনেক নতুন গাছের মালিকই পানির সঠিক পরিমাণ নির্ধারণে সমস্যায় পড়েন। কেউ বেশি পানি দেন, আবার কেউ দেন কম। এ সমস্যার সমাধান হতে পারে আর্দ্রতা মাপার যন্ত্র।
ব্রিট পেরিশ বলেন, “মাটির ভেতরের পানির মাত্রা বুঝতে পারলে সহজেই জানা যায় কখন পানি দিতে হবে। এতে গাছ সুস্থ থাকে এবং গোঁড়া পচে যাওয়ার আশঙ্কাও কমে।”
গাছ সম্পর্কিত বই: যারা নতুন শিখছেন কিংবা গাছ নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের জন্য গাছ সম্পর্কিত বই হতে পারে দারুণ উপহার। এতে একদিকে যেমন যত্নের টিপস পাওয়া যায়, অন্যদিকে বইটি হতে পারে ড্রইংরুমের আকর্ষণীয় সাজসজ্জার অংশ।
ব্রিট পেরিশ মনে করেন, “গাছপ্রেমীদের জন্য ‘কফি টেবিল বই’ একটি আদর্শ উপহার— এটি একইসঙ্গে তথ্যবহুল ও নান্দনিক।”
ঘরোয়া ছোট বাগান কিট: যাদের আঙিনা নেই, তারা চাইলেও বাইরে বাগান করতে পারেন না। তবে ছোট্ট ঘরোয়া বাগান কিট থাকলে বারান্দা কিংবা জানালার পাশে তৈরি করা যায় ক্ষুদ্র সবজি বা ভেষজ বাগান।
এতে নিজের হাতে উৎপাদিত টাটকা শাকসবজি রান্নাঘরে ব্যবহার করার আনন্দই আলাদা।
গাছপ্রেমীকে ঘিরে মজার উপহার
গাছের নকশা করা ব্যাগ, গাছ-আকৃতির সজ্জাসামগ্রী কিংবা প্রিয় প্রাণীর নকশা করা টব— এসব উপহার যেমন মজার তেমনি ব্যক্তিত্বও ফুটিয়ে তোলে।
বিশেষ করে যারা ঘরের ভেতর জঙ্গলসদৃশ পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য এমন উপহার হতে পারে নিখুঁত পছন্দ।
গাছের যত্নে সামগ্রী: নতুনদের জন্য যত্ন নেওয়ার পূর্ণাঙ্গ সামগ্রী হতে পারে সেরা উপহার। এতে থাকে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি, মাটি সমৃদ্ধ করার গুঁড়া ও প্রতিরক্ষামূলক স্প্রে।
মিশেল বলেন, “এটি নবীন থেকে অভিজ্ঞ— সব ধরনের গাছপ্রেমীর জন্য উপযুক্ত, কারণ এতে গাছের জন্য যা যা দরকার সবকিছুই থাকে।”
গাছ সাজানোর ছোটখাটো সরঞ্জাম: ঝোলানো স্ট্যান্ড, ছোট টব, কিংবা স্তরে স্তরে সাজানোর পাত্রও হতে পারে উপহার। এগুলো শুধু জায়গা বাঁচায় না, বরং ঘরের ভেতরে গাছ সাজাতে নতুনত্ব আনে।
ব্যক্তিগত পছন্দের উপহার: অনেকে গাছ ভালোবাসলেও সবসময় যত্ন নেওয়ার সময় পান না। সেক্ষেত্রে কম যত্নের গাছ অথবা গাছ সাজানোর সামগ্রী হতে পারে সবচেয়ে উপযোগী উপহার।
অন্যদিকে কেউ যদি শখ হিসেবে গাছের যত্ন নেন, তবে তাদের জন্য নিয়মিত যত্নের প্রয়োজন হয় এমন গাছই উপযুক্ত।
মিশেল পরামর্শ দেন, “উপহার কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রাপক কোথায় গাছ রাখবেন আর কতটা সময় দেবেন।”
উপহারের ক্ষেত্রে বিবেচনার বিষয়
আরও পড়ুন
ফিটনেস-প্রেমী বন্ধুর জন্য সেরা উপহার