২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে পোষা প্রাণী গ্রামের বাড়ি নেবেন যেভাবে

ভিন্ন পরিবেশে নেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

ঈদের ছুটিতে পোষা প্রাণী গ্রামের বাড়ি নেবেন যেভাবে
ঈদযাত্রায় সঙ্গী হয়েছে পোষা প্রাণীও। মঙ্গলবার সকালে রাজধানীর দোলাইরপাড় মোড়ে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 06:09 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

ঈদের সময়ে ট্রেন, বাস, গাড়ি বা লঞ্চে অনেকেই পোষা প্রাণীটিকে সাথে নিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্যের মতোই গুরুত্বপূর্ণ আদরের প্রাণীটির জন্যও থাকে নানান আয়োজন।

তবে যাত্রা পথে বা নতুন স্থানে শিশুদের মতো একই ভাবে প্রাণীরও আলাদা যত্ন ও ব্যবস্থা থাকা প্রয়োজন। মানে শহরের পরিচিত পরিবেশ থেকে হঠাৎ ভিন্ন পরিবেশে নেওয়ার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। এতে পোষা প্রাণীটিরও ঈদ যাত্রা নিরাপদ, সুস্থ এবং স্বস্তির হবে। 

যাত্রার আগে প্রস্তুতি নেওয়া

“পোষা প্রাণী নিয়ে দূরে কোথাও যাওয়ার আগে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। হঠাৎ করে নিয়ে গেলে প্রাণীটি ভয় পেতে পারে বা অস্বস্তিতে পড়তে পারে। তাই আগে থেকেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া উচিত” বলেন পাখিপ্রেমী নামির সাইম।

“খাবার, পানির পাত্র, পরিচিত খেলনা, শোয়ার বিছানা কিংবা কম্বল— এই ধরনের জিনিস সঙ্গে রাখলে প্রাণীটি নতুন জায়গায়ও কিছুটা পরিচিত অনুভব করবে। কারণ পরিচিত গন্ধ ও জিনিস তাদের মানসিকভাবে স্বস্তি দেয়”- মন্তব্য করেন সাইম।

নিরাপদ যাতায়াত নিশ্চিত করা

শহর থেকে গ্রামের পথে সাধারণত দীর্ঘ সময় ভ্রমণ করতে হয়। তাই যাত্রার সময় প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

গাড়িতে নেওয়ার সময় খাঁচা বা নিরাপদ বাক্স ব্যবহার করা ভালো। এতে প্রাণীটি হঠাৎ লাফিয়ে বা উড়ে বের হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে।

আবার গাড়ির জানালা খোলা থাকলে তারা মাথা বের করে দিতে পারে, যা বিপজ্জনক হতে পারে।

“তাই ভ্রমণের সময় তাদের নিয়ন্ত্রণে নজর দিতে হবে। বিড়ালের জন্য এখন বিশেষ বক্স পাওয়া যায় যা প্রাণীর জন্য আরামের” বলেন কাটাবনের প্রাণী বিক্রেতা মোরশেদ আলম।

তাই যাত্রাপথে সম্ভব হলে মাঝে মাঝে বিরতি দিয়ে প্রাণীটিকে একটু হাঁটানো বা পানি পান করানোর সুযোগ দেওয়া ভালো। এতে তারা ক্লান্ত বা অস্থির হয়ে পড়বে না।

খাবারের ব্যবস্থা যেভাবে করবেন

“পোষা প্রাণীর খাবারের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন করা ঠিক নয়। গ্রামের বাড়িতে গিয়ে নতুন খাবার দিলে অনেক সময় তাদের হজমের সমস্যা হতে পারে” বলেন এই প্রাণী বিক্রেতা।

তাই শহরে যে খাবার তারা নিয়মিত খায়, সেই খাবারই সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। শুকনা খাবার হলে তা সহজ হয়। পাশাপাশি পর্যাপ্ত পানির ব্যবস্থাও রাখা প্রয়োজন।

মোরশেদ আলম বলেন, “নতুন জায়গায় প্রথম কয়েক দিন খাবারের পরিমাণও স্বাভাবিক রাখার চেষ্টা করা উচিত। এতে তাদের শরীরের ওপর চাপ পড়ে না।”

আরামের দিকে নজর দেওয়া

পোষা প্রাণী নতুন জায়গায় গেলে অনেক সময় অস্বস্তি অনুভব করে। কারণ তারা পরিচিত পরিবেশ থেকে দূরে থাকে।

যদি সম্ভব হয়, তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া ভালো। সেখানে তাদের বিছানা, কম্বল বা চাদর রাখা যেতে পারে।

পাখি হলে আলো, বাতাস ও খোলা স্থানে রাখা উচিত। এতে তারা বুঝতে পারে জায়গাটি তাদের বিশ্রামের জন্য নির্ধারিত।

বিশেষ করে গ্রামের বাড়িতে অনেক সময় বেশি মানুষ বা শব্দ থাকে। তাই প্রাণীটি যেন খুব বেশি ভিড়ের মধ্যে না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

ঘুমের ব্যবস্থা করা

ভ্রমণের সময় প্রাণীরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে। তাই তাদের জন্য আরামদায়ক ঘুমের ব্যবস্থা করা জরুরি।

শহরে তারা যে বিছানায় ঘুমায়, সেটি যদি সঙ্গে নেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয়। এতে নতুন পরিবেশেও তারা দ্রুত মানিয়ে নিতে পারে।

রাতে যেন খুব বেশি শব্দ বা আলো না থাকলে প্রাণীটি শান্তভাবে ঘুমাতে পারবে।

সুস্থ রাখার জন্য সতর্কতা

গ্রামের পরিবেশ শহরের তুলনায় অনেক আলাদা। সেখানে খোলা জায়গা, অন্য প্রাণী বা পোকামাকড়ের সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি থাকে। তাই পোষা প্রাণীকে বাইরে ছেড়ে দেওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন।

অপরিচিত প্রাণীর সঙ্গে মেলামেশাও সীমিত রাখা ভালো। আবার মাঠ বা ঝোপঝাড়ে গেলে তাদের শরীরে কোনো পোকা বা ক্ষত হয়েছে কি-না, তা নিয়মিত দেখে নেওয়া উচিত।

ভ্রমণের আগে প্রয়োজন হলে পশুচিকিৎসকের সঙ্গে কথা বলে নেওয়াও ভালো। এতে প্রাণীটির স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ পাওয়া যায়।

পরিচয়পত্র বা তথ্য রাখা

ঈদ যাত্রায় অনেক সময় নতুন জায়গায় প্রাণী হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই তাদের গলায় পরিচয়পত্রসহ একটি বেল্ট লাগানো ভালো।

সেখানে মালিকের নাম ও যোগাযোগের নম্বর লেখা থাকলে কোনো সমস্যা হলে দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া

গ্রামের পরিবেশ অনেক সময় শহরের তুলনায় বেশি খোলা ও প্রাণবন্ত হয়। তাই হঠাৎ করে সব জায়গায় নিয়ে যাওয়ার বদলে ধীরে ধীরে নতুন পরিবেশের সঙ্গে প্রাণীটিকে পরিচিত করা ভালো।

প্রথমে ঘরের ভেতর বা আশপাশে একটু হাঁটানো যেতে পারে। পরে ধীরে ধীরে বাইরে নেওয়া যেতে পারে। এতে তারা ভয় পাবে না এবং স্বাভাবিকভাবে মানিয়ে নিতে পারবে।

আরও পড়ুন

পোষা বিড়াল বা কুকুর হারিয়ে গেলে যা করবেন

বিড়ালকে ‘পটি ট্রেনিং’ করানোর সহজ উপায়

পোষা প্রাণীকে বিদেশে নিয়ে যেতে চাইলে