২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এইমাত্র পরিচয় হল, আর নামটাই মনে নেই- কেন এটা হয়?

সঙ্গে সঙ্গেই নাম ভুলে যাওয়া বা মনে করতে না পারা মানে এই নয় যে, স্মৃতিশক্তি দুর্বল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 04:46 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

দৃশ্যটা চেনা। কোনো অনুষ্ঠানে বা অফিসের বাইরে হঠাৎ দেখা হল একজনের সঙ্গে। হাত মেলানো হল, হাসি বিনিময় হল, নাম বলা-শোনা হল। তারপর মাত্র কয়েক মিনিটের আলাপের পর যখন কাউকে পরিচয় করিয়ে দিতে গেলেন — মাথায় আর কিছু নেই। নামটা যেন কোথায় উড়ে গেছে।

মনে মনে নিজেকে বকুনি দেন— ‘আমার স্মৃতিশক্তি এত খারাপ কেন?’

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই বকুনিটা আসলে অন্যায়। কারণ সমস্যাটা স্মৃতিশক্তির নয়।

আসল খেলাটা মনোযোগের, স্মৃতির নয়

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলছেন, “নতুন কারও সঙ্গে পরিচয়ের সময় আমাদের মন আসলে অনেক কাজ একসঙ্গে করে। মানুষটাকে দেখছি, মূল্যায়ন করছি, নিজেকে উপস্থাপন করছি, কী বলব ভাবছি — এই সব ভাবনার ভিড়ে নামটা শোনার সময় মনোযোগটুকু ঠিকমতো সেখানে থাকে না।”

স্নায়ুবিজ্ঞানের ভাষায়, স্মৃতি তৈরির প্রথম ধাপকে বলা হয় 'এনকোডিং' — অর্থাৎ কোনো অভিজ্ঞতাকে এমনভাবে রূপান্তর করা, যেন মস্তিষ্ক সেটা ধরে রাখতে পারে।

যদি এই ধাপেই ঘাটতি হয়, তাহলে পরে সেই তথ্য মনে করার প্রশ্নই ওঠে না।

সহজ কথায়, নামটা মস্তিষ্কে ঢোকেইনি।

তাই মনে না থাকাটা স্মৃতির ব্যর্থতা নয়, বরং গ্রহণের মুহূর্তেই ঘটা একটি ছোট ফাঁক।

 মুখ মনে থাকে, নাম থাকে না — মস্তিষ্ক কেন এই বৈষম্য করে?

এখানে একটা মজার বিষয় আছে। একই মানুষের মুখ, কণ্ঠস্বর, এমনকি কথার ধরনটাও অনেকদিন মনে থাকে। কিন্তু নামটা উবে যায়। কেন?

ডা. দিনা বলেন, “কারণ মস্তিষ্ক সব তথ্যকে সমানভাবে গুরুত্ব দেয় না। যে তথ্যের সঙ্গে কোনো অর্থ, ছবি বা আবেগ জড়িত — সেটা সহজেই আঁকড়ে ধরে। একটা মুখ দৃশ্যমান, তাই মনে থাকে। একটা কণ্ঠস্বরে আবেগ থাকে, তাই মনে থাকে। একটা কথোপকথন প্রেক্ষাপট তৈরি করে, তাই মনে থাকে।”

কিন্তু একটা নাম? সেটা প্রায়ই একা দাঁড়িয়ে থাকে — কোনো ছবি নেই, কোনো আবেগ নেই, কোনো গল্প নেই।

‘রাফি’ বা ‘নাবিলা’ শুনলে মস্তিষ্কের কাছে এটা শুধু একটা শব্দ, যার সঙ্গে কোনো অর্থ জড়িত নেই। তাই মস্তিষ্ক এটাকে কম গুরুত্বপূর্ণ ভেবে সরিয়ে দেয়।

“এজন্যই আপনি হয়তো মনে রাখতে পারেন কোথায় দেখা হয়েছিল, কী কথা হয়েছিল — কিন্তু নামটি নয়”- মন্তব্য করেন এই মনোবিদ।

এটা শুধু ভুলে যাওয়ার সমস্যা নয়, মনোযোগের অবস্থার আয়না

নাম ভুলে যাওয়াটাকে অনেকে তুচ্ছ বিষয় বলে এড়িয়ে যান। তবে এর একটা গভীর দিকও আছে।

আমাদের দৈনন্দিন জীবনে এখন মনোযোগ ভাঙার উপকরণের অভাব নেই। ফোনের নোটিফিকেইশন, মাথায় কাজের চিন্তা, আশপাশের শব্দ — এই সব মিলিয়ে আমরা অনেক সময় শরীরে কোথাও থাকলেও, মনে সেখানে থাকি না। নতুন কারও সঙ্গে পরিচয়ের মুহূর্তটাও তখন পুরোপুরি গ্রহণ করা হয় না।

ডা. দিনা ব্যাখ্যা করেন, “এর প্রভাব শুধু স্মৃতিতে নয়, সম্পর্কেও পড়ে। কারও নাম মনে রাখা মানে তাকে গুরুত্ব দেওয়া। নাম ভুলে গেলে সেই মানুষটা হয়ত টের পায়, আপনি আসলে ঠিকমতো মনোযোগ দেননি। সংযোগটা তাতে একটু ফিকে হয়ে যায় — অজান্তেই।”

 চার সেকেন্ডের অভ্যাস, যা সব বদলে দিতে পারে

সুসংবাদ হল, এই সমস্যার সমাধান খুব জটিল নয়। মস্তিষ্ক অবিশ্বাস্য রকম নমনীয়। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে।

ডা. দিনা পরামর্শ দেন- পরিচয়ের মুহূর্তে একটু ধীর হোন। নামটা শোনার পর একবার মুখে উচ্চারণ করুন— ‘আপনার নাম রাফি, তাই না?’

এই এক কাজেই দুটো জিনিস হয়। নামটা নিশ্চিত হয় এবং উচ্চারণ করার মাধ্যমে মস্তিষ্কে একটু গভীরভাবে ঢোকে।

এরপর চেষ্টা করুন নামটাকে কোনো পরিচিত জিনিস বা ছবির সঙ্গে মেলাতে। ‘রাফি’ নাম শুনলে হয়তো মনে পড়ল পুরানো কোনো বন্ধুর কথা। সেই সংযোগটুকুই যথেষ্ট।

“মনে মনে একবার নামটা কল্পনা করুন — মানুষটার মুখের সঙ্গে নামটা যেন একটা ছবি হয়ে তৈরি হল। এই ছোট্ট চেষ্টাটাই ‘এনকোডিং’কে অনেক শক্তিশালী করে দেয়” বলেন এই অধ্যাপক।

এগুলো মুখস্থ করার কৌশল নয়। এগুলো আসলে মনোযোগকে ঠিক জায়গায় নিয়ে আসার উপায়।

 বুদ্ধিমত্তার পরীক্ষা নয়, মনোযোগের প্রতিফলন

নাম মনে না রাখতে পারলে নিজেকে দোষ দেবেন না বেশি। এটা বুদ্ধিমত্তার কম-বেশির বিষয় নয়। পৃথিবীর অনেক মেধাবী মানুষেরও নাম মনে থাকার সমস্যা আছে।

তবে একটু সচেতন হলেই পরিস্থিতি বদলানো যায়। পরিচয়ের মুহূর্তে শুধু একটু থামুন, একটু মন দিন। ফোনের কথা ভুলুন, নিজেকে কেমন দেখাচ্ছে সেই ভাবনা সরিয়ে রাখুন — শুধু ওই মানুষটার নামটা নিন।

আমাদের মন যেখানে থাকে, স্মৃতিও সেখানেই গড়ে ওঠে। নামটা মনে রাখা মানে শুধু একটা তথ্য মনে রাখা নয়, মানুষটাকে সত্যিকারের গুরুত্ব দেওয়া।

আরও পড়ুন

কিছু বিষয় ভুলে যাওয়া হতে পারে স্মৃতিভ্রংশের লক্ষণ

প্রাক্তনকে ভুলে যেতে কত দিন লাগে?

স্মৃতিভ্রংশ থেকে মস্তিষ্ককে রক্ষা করার ৭টি সহজ অভ্যাস