১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতিভ্রংশ থেকে মস্তিষ্ককে রক্ষা করার ৭টি সহজ অভ্যাস

মস্তিষ্কের ক্ষতি একবার হলে তা মেরামত করা কঠিন, তাই প্রতিরোধই সর্বোত্তম উপায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2025, 02:44 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

‘ডিমেনশা’ বা স্মৃতিভ্রংশ হল মস্তিষ্কের একাধিক রোগের সমষ্টি- যা স্মৃতিশক্তি, চিন্তাভাবনা, ভাষা এবং দৈনন্দিন কাজের ক্ষমতাকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করে।

এটি স্বাভাবিক বার্ধক্যের অংশ নয়, বরং ‘আলৎঝাইমার’স ডিজিজ’ বা ‘ভাস্কুলার ডিমেনশা’র মতো কারণে উদ্ভূত হয় এবং সময়ের সাথে লক্ষণগুলো আরও খারাপ হয়- যা মেজাজ, আচরণ এবং ব্যক্তিত্বে পরিবর্তন ঘটাতে পারে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট’য়ের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা এ বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বলেন, “মস্তিষ্কের যত্ন নেওয়া অপরিহার্য, কারণ এটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ব্যক্তিত্ব, স্মৃতি, চিন্তা এবং গতিবিধি নিয়ন্ত্রণ করে।”

মস্তিষ্কের ক্ষতি একবার হলে তা মেরামত করা কঠিন, তাই প্রতিরোধই সর্বোত্তম উপায়।

আর প্রতিরোধের জন্য সাতটি সহজ দৈনন্দিন অভ্যাস রপ্ত করা উপকারী, এগুলো গবেষণায় সমর্থিত এবং ‘ডিমেনশা’ বা স্মৃতিভ্রংশ ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

মাথার সুরক্ষা নিশ্চিত করুন

মাথায় বারবার আঘাত স্মৃতিভ্রংশ এবং দীর্ঘস্থায়ী ‘এনসেফালোপ্যাথি’র বা মস্তিষ্কের কার্যকারিতা কমার ঝুঁকি বাড়ায়।

সাইকেল, মোটরসাইকেল বা ঘোড়ায় চড়ার সময় হেলমেট পরুন। গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন এবং পড়ে যাওয়া এড়াতে সিঁড়ি ও করিডোর পরিষ্কার রাখুন।

পর্যাপ্ত আলো নিশ্চিত করুন এবং পিছলে যাওয়া রোধে সতর্কতা অবলম্বন করুন। এই সাধারণ পদক্ষেপ মস্তিষ্কের আঘাত থেকে রক্ষা করে।

শ্রবণশক্তির যত্ন নিন

শ্রবণহ্রাস স্মৃতিভ্রংশর ঝুঁকি বাড়ায়, কারণ শ্রবণের জন্য দায়ী মস্তিষ্কের অংশ স্মৃতির অংশের কাছাকাছি অবস্থিত।

জোরে শব্দের সংস্পর্শে ইয়ারপ্লাগ ব্যবহার করুন। ৫০ বছরের ঊর্ধ্বে বা উচ্চ শব্দের সংস্পর্শে থাকলে প্রতি তিন বছরে শ্রবণ পরীক্ষা করান।

দৃষ্টিশক্তির পরীক্ষা করান

মাঝারি থেকে গুরুতর দৃষ্টিপ্রতিবন্ধকতা স্মৃতিভ্রংশর ঝুঁকি বাড়ায়। প্রতি কয়েক বছরে চোখ পরীক্ষা করান এবং প্রয়োজনে চশমা বা সংশোধনমূলক চিকিৎসা গ্রহণ করুন।

নিয়মিত ব্যায়াম এবং কম বসে থাকা

দৈনিক হাঁটা বা সামান্য ব্যায়াম রক্তপ্রবাহ এবং অক্সিজেন সরবরাহ বাড়িয়ে মস্তিষ্ককে উপকার করে।

প্রতি ২০ মিনিটে দাঁড়ান বা হাঁটুন। আরামদায়ক চেয়ারের পরিবর্তে এমন আসন ব্যবহার করুন যা পেশি নড়াচড়ায় উৎসাহিত করে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

উচ্চ মাত্রার খারাপ কোলেস্টেরল রক্তপ্রবাহ সীমিত করে স্ট্রোক এবং জ্ঞানীয় অবক্ষয়ের ঝুঁকি বাড়ায়।

শাকসবজি, ফল, শস্য এবং শিমজাতীয় খাবার বেশি খান। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, ব্যায়াম করুন এবং প্রতি কয়েক বছরে কোলেস্টেরল পরীক্ষা করান।

মুখমণ্ডলের স্বাস্থ্যবিধি মেনে চলুন

মাড়ির রোগ এবং সংক্রমণ স্মৃতিভ্রংশর সাথে যুক্ত। প্রতিদিন ডেন্টাল ফ্লস এবং ব্রাশ করুন। বছরে অন্তত একবার দন্তচিকিৎসকের কাছে যান। এতে সংক্রমণ মস্তিষ্কে ছড়ানো রোধ হয়।

ঘাড়ের যত্ন নিন

ঘাড় মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। আঘাত রক্তপ্রবাহ ব্যাহত করে স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। গভীর ম্যাসাজ এড়ান, সিটবেল্ট পরুন এবং ঘাড়ে আঘাতের সন্দেহ হলে তাৎক্ষণিক চিকিৎসক দেখান।

ডা. ফারজানা রহমান দিনা বলেন, “এই অভ্যাসগুলো গ্রহণ করা কখনও দেরি নয়। গবেষণায় প্রমাণিত যে, এগুলো স্মৃতিভ্রংশর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। সচেতনতা এবং নিয়মিত যত্নের মাধ্যমে মস্তিষ্ককে সুস্থ রাখুন।”

আরও পড়ুন

বয়সের আগে মস্তিষ্ক বয়স্ক হওয়ার লক্ষণ

যেসব খাবার চল্লিশের পর স্মৃতিশক্তি ধারালো করে

বয়সের আগে মস্তিষ্ক বয়স্ক হওয়ার লক্ষণ