১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যে লক্ষণে বোঝা যায় ঘরে বাতাস চলাচল কম

ঘরের ভেতর ঠিকমতো বাতাস চলাচল না করলে অসুস্থ থাকার পরিমাণ বাড়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

বাড়ি আরামের জায়গা। তবে সেই বাড়িতেই যদি সবসময় ভ্যাপসা গুমোট গন্ধ থাকে, কিংবা ঘরের এক কোণে ঠাণ্ডা তো অন্য কোণে গরম— তাহলে বুঝতে হবে ঘরের ভেতরে বাতাস চলাচল বা বায়ুপ্রবাহে সমস্যা আছে।

শুধু অস্বস্তিই নয়, দীর্ঘমেয়াদে এই সমস্যা স্বাস্থ্যহানি থেকে শুরু করে গৃহস্থালী যন্ত্রপাতি নষ্ট হওয়ার মতো বিপদের কারণ হতে পারে।

ঘরের ভেতর বাতাস চলাচল ঠিক রাখা শুধু আরামের জন্য নয়, স্বাস্থ্যের জন্যও জরুরি।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ) রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রধান অধ্যাপক রিনাত ফৌজিয়ার ভাষায়, “বায়ু চলাচলকে আমরা সচরাচর গুরুত্ব দিই না। তবে খারাপ ভেন্টিলেইশন আস্তে আস্তে ঘরের কাঠামো নষ্ট করে, যন্ত্রপাতি নষ্ট করে এবং স্বাস্থ্যের ক্ষতি ডেকে আনে।”

অতিরিক্ত আর্দ্রতা

যদি জানালায় বারবার পানি জমতে দেখা যায়, বিশেষ করে শীতে কুয়াশার মতো ঘাম জমে থাকে, তবে বুঝতে হবে ঘরে বাতাস চলাচল হচ্ছে না। বাড়ির ভেতরে আর্দ্রতা বেশি হলে তা ছত্রাক (ফাঙ্গাস) জন্মানোর পরিবেশ তৈরি করে। বিশেষত রান্নাঘর ও বাথরুমে এই সমস্যা বেশি দেখা যায়।

সমাধান

গোসল শেষে অবশ্যই বাথরুমের ‘এক্সহস্ট’ ফ্যান চালাতে হবে যতক্ষণ না ভেতরের আর্দ্রতা শুকিয়ে যায়। বা বাথরুমের দরজা ও জানালা খুলে রাখতে হবে

রান্নার সময় ফ্রাই বা পানি ফোটালে রান্নাঘরের ভেন্ট চালু রাখা জরুরি।

ঘরের আর্দ্রতা ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে রাখার চেষ্টা করতে হবে।

দুর্গন্ধ দীর্ঘসময় থাকা

খাবারের গন্ধ, পোষা প্রাণীর গন্ধ বা ভ্যাপসা স্যাঁতসেঁতে গন্ধ যদি অনেকক্ষণ টিকে থাকে, তবে এটিও খারাপ বায়ুপ্রবাহের ইঙ্গিত।

অনেক নতুন বাড়ি এতটাই বদ্ধভাবে তৈরি হয় যে বাইরের সঙ্গে বাতাস আদান-প্রদান হয় না। ফলে ঘর যেন নিশ্বাস নিতে পারে না।

সমাধান

যদি বাইরের বাতাস টানার জন্য আলাদা ভেন্টিলেইশন ব্যবস্থা থাকে, তা নিয়মিত ব্যবহার করতে হবে।

আবহাওয়া অনুকূলে থাকলে জানালা খুলে রাখা বা পুরো ঘরের ভেন্ট ফ্যান চালানো যেতে পারে।

ঘরে গরম–ঠাণ্ডা দাগ

এক ঘরে প্রবেশ করলে খুব ঠাণ্ডা, আবার পাশের ঘরে গিয়ে গরম লাগছে— এটিও ভেন্টিলেইশনের সমস্যা।

এটি শুধু ইনসুলেশনের কারণে হয় না। অনেক সময় অলস বাতাসও এর জন্য দায়ী।

অধ্যাপক রিনাত ফৌজিয়া বলেন, "অনেক সময় বাথরুম বা রান্নাঘরের ফ্যান বাইরে না গিয়ে ঘরের ভেতরেই গরম বাতাস জমিয়ে রাখে। এতে ছত্রাক, কাঠ পচা ও ইনসুলেশন নষ্ট হয়ে যায়।

সমাধান

ঘরের কোথায় বাতাস আটকে আছে তা বের করতে চাপ পরীক্ষা (প্রেশার টেস্ট) করা উচিত।

সব ভেন্ট ফ্যান যেন বাইরের দিকে বাতাস বের করে তা নিশ্চিত করতে হবে।

ঘরে বসে অ্যালার্জি বেড়ে যাওয়া

ঘরে ঢুকেই হাঁচি বা শ্বাসকষ্ট বাড়লে বুঝতে হবে বাতাস ঠিকমতো চলাচল করছে না। যদি বাইরে থাকার সময়ের চেয়ে ঘরের ভেতরে অ্যালার্জি বাড়ে, তবে বুঝবেন আপনার বাতাসই আঘাত করছে।

সমাধান

নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করা দরকার।

শুধু বড় ফিল্টারই নয়, রান্নাঘরের হুড ফিল্টার কিংবা ড্রাইয়ার–ডাক্টের ছোট ছোট জাল ফিল্টারও পরিষ্কার রাখতে হবে।

ঘরে ভ্যাপসা বা দমবন্ধ লাগা

ঘর যদি সবসময় গুমোট লাগে, তবে বুঝতে হবে বাতাস স্থির হয়ে আছে। এয়ার কন্ডিশনিং বা হিটার শুধু ঠাণ্ডা–গরমই করে না, এটি বাতাসও সরায়। সেটিই ভেন্টিলেইশন। তবে যখন মেশিন বন্ধ থাকে, তখন বাতাস স্থির হয়ে গিয়ে ঘরকে আরও ভারী করে তোলে।

সমাধান

শীতের সময়েও ঘরের ফ্যান নিয়মিত কিছুক্ষণ চালানো উচিত।

সম্ভব হলে অল্প গতিতে ফ্যান সবসময় চালু রাখা ভালো, এতে বাতাসও নড়ে এবং ঘরের ধুলা–দূষণও কমে।

যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া

অপ্রত্যাশিতভাবে হিটার, ওভেন বা ড্রায়ারের মতো যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটিও ভেন্টিলেইশনের সমস্যার কারণ হতে পারে। ড্রায়ার যদি বাতাস ছাড়ার জায়গা না পায়, তাহলে তার ভেতরে তাপ জমে যায় এবং কন্ট্রোল বোর্ড নষ্ট হয়ে যায়। একই ঘটনা রান্নাঘরের ওভেনেও হয়।

সমাধান

যন্ত্রপাতি চালু রাখার পাশাপাশি নিশ্চিত করতে হবে, সেগুলোর পাশে বাতাস চলাচলের যথেষ্ট জায়গা আছে।

নিয়মিত সার্ভিসিং করলেও যদি বাতাস চলাচল না থাকে, তাহলে বারবার যন্ত্র নষ্ট হবে।

ঘরে বাতাস চলাচল বাড়ানোর উপায়

আরও পড়ুন

নিজে করি প্রকল্পে বদলে যাবে ঘরের চেহারা

ছোট ঘরে বড় ভুল

ঘর পরিচ্ছন্ন রাখতে

যেসব কারণে ঘর দেখতে অগোছালো লাগে