Published : 19 Jul 2026, 12:16 AM
উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল সভাপতি এবং অনলাইন সংবাদপত্র ঊষার আলোর সম্পাদক বিমল সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ১১টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান বলেন, সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজল ৬১ ভোট, সহসভাপতি শামীম আশরাফ শেলী ৬৫ ভোট এবং গাজী মনিরুজ্জামান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিমান সাহা ৭১ ভোট এবং দপ্তর সম্পাদক পদে মো. হেলাল মোল্লা ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে এম এম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস এবং নির্বাহী সদস্য পদে এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক সোহেল মাহমুদ ও দেবব্রত রায় জানান, খুলনা সাংবাদিক ইউনিয়নের ১১৮ জন সদস্যের মধ্যে ৭৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পর্যবেক্ষক প্রতিনিধি ও নির্বাহী হাকিম আরাফাত হোসেন, তথ্য অধিদপ্তরের সহকারী পরিচালক রমজান হোসেন এবং খুলনা মহানগর পুলিশের প্রতিনিধি পরিদর্শক ইমাম মল্লিক উপস্থিত ছিলেন।
এ ছাড়া খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।