Published : 19 Jul 2026, 12:03 AM
রাউন্ড রবিন লিগে বাংলাদেশ সেরা হয়েছিল কাজাখস্তানকে হারিয়ে। ফাইনালে ফের তাদের মুখোমুখি হয়ে আগের ম্যাচের পুনরাবৃত্তি করলেন শারিকা-আইরিনরা। উইমেন’স জুনিয়র এএইচএফ কাপ হকিতে প্রথমবার সেরা হওয়ার উচ্ছ্বাসে ভাসল বাংলাদেশ।
ওমানের মাসকটে শনিবার ফাইনালে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে কাজাখস্তানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল তারা।
এশিয়ান হকির যুব পর্যায়ে এটাই সেরা সাফল্য বাংলাদেশের মেয়েদের। ২০১৯ সালে নারী হকি দলের যাত্রা শুরুর পর, জুনিয়র এএইচএফ কাপের গত আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারের শেষ দিকে আইরিনের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ব্যবধান দ্বিগুণ করেন এমা নাদিরা। তাতে গতবার রানার্সআপ হওয়ার সাফল্য ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা উঁকি দেয় জোরালভাবে।
তৃতীয় কোয়ার্টারে দুই দলই ছিল সমানে সমান।
আগের দেখায় চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান কমানো একমাত্র গোলটি পেয়েছিল কাজাখস্তান। ফাইনালের চতুর্থ কোয়ার্টারেও পেনাল্টি কর্নার থেকে কাজাখস্তান বল জালে জড়ায়, কিন্তু রিভিউয়ে তা বাতিল হয়ে যায়।
হংকংকে ৬-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর, নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছিল উজবেকিস্তানের বিপক্ষে। তৃতীয় ম্যাচে মেয়েরা পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিল ৮-০ ব্যবধানে।