Published : 19 Jul 2026, 12:07 AM
মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষকদের নিয়ে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় স্কুল বিজ্ঞান শিক্ষক সম্মেলন’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ডিআইইউ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী শিখন পদ্ধতির প্রসার এবং বিজ্ঞান শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে লক্ষ্যে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ডিআইপিটিআই) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
আয়োজনের সহযোগিতায় ছিল ডিআইইউ এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)।
সম্মেলনে ৬৪ জেলার ১৭৫ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষক অংশগ্রহণ করেন। সেখানে অনুসন্ধানভিত্তিক শিক্ষা, সমালোচনামূলক চিন্তন, উদ্ভাবনী শিখন পদ্ধতি, শ্রেণিকক্ষে প্রযুক্তির কার্যকর ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিক্ষার্থীকেন্দ্রীক বিজ্ঞান শিক্ষা নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন. “বিজ্ঞান শিক্ষা এমন হতে হবে, যা শিক্ষার্থীদের কৌতূহলী, অনুসন্ধিৎসু এবং সমস্যা সমাধানে দক্ষ হিসেবে গড়ে তুলবে।”
তিনি শিক্ষকদের প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের গণ্ডি পেরিয়ে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও মানসিকতা গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সবুর খান।
আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ড্যাফোডিল ফ্যামিলি গ্রুপের সিইও মোহাম্মদ নুরুজ্জামান, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং ডিআইইউ ও অক্সফাম বাংলাদেশের আন্তর্জাতিক উপদেষ্টা আজিজুর রহমান। সম্মেলনে আহ্বায়কের দায়িত্ব পালন করেন ডিআইপিটিআইর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।