২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘হাইপোথার্মিয়া’র লক্ষণ

দেহের প্রয়োজনীয় তাপ উৎপন্ন করার চেয়ে দ্রুত হারাতে থাকলে ‘হাইপোথার্মিয়া’তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 07:19 PM

Updated : 23 Jan 2024, 07:19 PM

দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড শীত পড়ছে। এই পরিস্থিতে দেহ দ্রুত তাপ হারাতে থাকলে যে কেউ ‘হাইপোথার্মিয়া’তে আক্রান্ত হতে পারে।

সাধারণভাবে বলা হয় প্রচণ্ড জমাট বরফময় ঠাণ্ডা আবহাওয়া থেকে এই সমস্যার শিকার হতে হয়।

তবে সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে অভিজ্ঞরা মত দেন, ৪০ ডিগ্রি ফারেনহাইট বা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরেও ‘হাইপোথার্মিয়া’তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যদি সেই ব্যক্তি ঠাণ্ডার মধ্যে বৃষ্টির কবলে পড়ে, ঘামে অথবা কোনো কারণে ঠাণ্ডা পানিতে ভেজে।

নর্থ ক্যারোলিনাতে অবস্থিত ‘অট্রিয়াম হেল্থ লেভিন চিলড্রেন্স হসপিটাল’য়ের জরুরি ওষুধ পরিসেবা-বিষয়ক চিকিৎসক ডা. এমিলি ম্যাকনিল বলেন, “কী পরিমাণ তাপমাত্রায় আছেন সেটার ওপর নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি ঠাণ্ডায় আক্রান্ত হবেন। তবে সেটা হতে পারে খুবই দ্রুত।”

‘হাইপোথার্মিয়া’র লক্ষণ মৃদু থেকে মারাত্মক হতে পারে। তাই এর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

‘হাইপোথার্মিয়া’ হলে যা হয়

শরীর যখন উৎপন্ন করার চাইতেও দ্রুত তাপ হারাতে থাকে তখন ‘হাইপোথার্মিয়া’ দেখা দেয়। এই পরিস্থিতে সমস্ত শক্তি দিয়ে দেহ উষ্ণ থাকার চেষ্টা করে।

সাধারণভাবে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হল ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি)’র তথ্যানুসারে, দেহের সার্বিক তাপমাত্রা ৯৬ ডিগ্রি ফারেনহাইটের নিচে গেলেই হাইপোথার্মিয়ার লক্ষণ দেখা দেয়।

শিকাগোর ‘নর্থওয়েস্টার্ন মেমোরিয়াল হসপিটাল’য়ের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এভলিন হুয়াং এই বিষয়ে বলেন, “এই পরিস্থিতির ফলে দেহের স্নায়ুতন্ত্র, হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ করতে পারে না।”

তিনি আরও বলেন, “মৃদু হাইপোথার্মিয়া’র সাথে প্রায় সকলেই পরিচিত। এর লক্ষণ হল- ঠাণ্ডায় কাঁপা, অল্প ক্লান্ত লাগা বা বিভ্রান্তিতে ভোগা।”

যখনই কারও দেহের তাপমাত্রা ৮৯ থেকে ৮২ ডিগ্রির মধ্যে চলে আসে তখন শুরু হয় হাইপোথার্মিয়ার মধ্যম পর্যায়।

হুয়াং বলেন, “এই অবস্থার লক্ষণ হল- প্রচণ্ড ঘুম-ঘুম-ভাব হবে। হৃদপিণ্ডের গতি ধীর হতে থাকবে। এমনকি কাঁপাকাঁপিও বন্ধ হয়ে যেতে পারে।”

মারাত্মক হাইপোথার্মিয়া হয় যখন দেহের সার্বিক তাপমাত্রা ৮২ ডিগ্রির নিচে চলে যায়- বলেন হুয়াং।

এই পর্যায়ের আরও লক্ষণগুলো হল- ত্বকে নীলচেভাব দেখা দেওয়া, চোখের মনি বিস্তৃত হওয়া, নাড়ীস্পন্দন ও নিঃশ্বাস ধীর হওয়া, রক্তচাপ কমা ও জ্ঞান হারানো।

Image

 

হাসপাতালে যেতে হবে কখন

মাঝারি মাত্রার হাইপোথার্মিয়া’র জন্য হাসপাতালে যাওয়ার দরকার হয় না। উষ্ণ জায়গায় থাকা, ভেজা কাপড় খুলে ফেলা এবং গরম কাপড় বা কম্বল দিয়ে দেহ ঢাকতে পারলেই পরিস্থিতির উন্নতি হবে, পরামর্শ দেন হুয়াং।

তিনি আরও বলেন, “যদি ঠাণ্ডা আবহাওয়াতে বাইরে থেকে কাঁপুনি ধরে যায় তখন দ্রুত ঘরের ভেতর গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তাই তখন আর হাসপাতালে যাওয়ার দরকার পড়ে না।”

তবে, যদি দ্বিধা বা বিভ্রান্তি দেখা দেয় অথবা হাঁটতে সমস্যা হয় কিংবা আপনি নিজের মধ্যে নেই- এরকম অনুভূতি হয় তবে দ্রুত হাসপাতালে যেতে হবে অথবা জরুরি সেবা নিতে হবে।

হাসপাতালে যেতে না পারলে উষ্ণ পরিবেশে আশ্রয় নিতে হবে, গায়ে ভেজা কাপড় থাকলে খুলে ফেলে শুকনা গরম কাপড় পরতে হবে।

সিডিসি জানাচ্ছে, প্রথমে দেহের মধ্যাংশ উষ্ণ করতে হবে- বুক, গলা, মাথা গরম ভাপ দেওয়া যেতে পারে। শরীরে সাথে শরীরে সংস্পর্শেও কাজ হয়। এছাড়া গরম পানীয় দেহের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে।

বেশিক্ষণ হাইপোথার্মিয়াতে ভোগার ফল

এক্ষেত্রে হুয়াং ও ম্যাকনিল দুজনেই জানান, সবচেয়ে মারাত্মক হল বেশিক্ষণ হাইপোথার্মিয়াতে ভোগার ফল মানে মৃত্যু।

ম্যাকনিল বলেন, “নিজেকে পুনরায় উষ্ণ না করতে পারলে অবশ্যই হাইপোথার্মিয়া থেকে আপনার মৃত্যু হবে। হৃদপিণ্ডের গতি খুবই কমে যাবে বা বন্ধ হয়ে যেতে পারে প্রচণ্ড ঠাণ্ডার কারণে।”

“এই কারণে যাদের হৃদরোগ আছে তাদের ঘরের ভেতর থাকতে পরামর্শ দেওয়া হয়”- বলেন ইয়ং।

তিনি আরও বলেন, “যাদের হৃদপিণ্ডের অবস্থা ভালো নয় তাদের জন্য অতি গরম বা অতি শীত- দুই অবস্থাই খারাপ। কারণ দ্রুত আরগ্য পাওয়ার জন্য যথেষ্ট শক্তি তাদের থাকে না।”

ম্যাকনিলের ভাষায়, “মারাত্মক হাইপোথার্মিয়ার কারণে যকৃত ও বৃক্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।”

“হাইপোথার্মিয়াতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বৃক্ক। কারণ শরীর উষ্ণ রাখতে ও দেহের কেন্দ্রে রক্ত সঞ্চালন বাড়াতে রক্তনালী এবং ধমনী সংকুচিত হয়। আর এই সংকুচিত রক্ত প্রবাহ বৃক্কে যাওয়া মানে এদের ক্ষতি হওয়া।”

যাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ

শিশু ও বৃদ্ধদের জন্য হাইপোথার্মিয়া বেশি ঝুঁকিপূর্ণ। কারণ দেহের সার্বিক তাপমাত্রা সমন্বয় করতে তাদের বেশি সময় দিতে হয়।

এই বিশেষজ্ঞরা আরও জানান, বৃদ্ধদের মধ্যে যাদের ডিমেনশা বা স্মৃতিভ্রংশ এবং আলৎঝাইমার’স রোগ আছে তারা হাইপোথার্মিয়া’র ঝুঁকিতে বেশি পড়তে পারেন্। কারণ তারা বুঝতে পারেন না যে, তারা অসুস্থ বোধ করছেন বা চিকিৎসার প্রয়োজন।

ম্যাকনেইল বলেন, “ঠিক একইভাবে শিশুরাও যেহেতু ঠিকমতো বুঝিয়ে বলতে পারে না, সে কারণে হাইপোথার্মিয়া’তে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে তারাও থাকে।”

প্রতিরোধ ব্যবস্থা নেওয়া

ঘরের ভেতরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অনেকক্ষণ ধরে থাকলে হাইপোথার্মিয়া হতে পারে। তাই ঘর উষ্ণ রাখার চেষ্টা করতে হবে- পরামর্শ দেন এই বিশেষজ্ঞরা।

তবে ঘর গরম করতে গিয়ে কয়লা-ভিত্তিক যন্ত্র, জেনারেটর বা গ্যাসের চুলা ব্যবহার করা উচিত না। সিডিসি জানাচ্ছে- এসব যন্ত্র থেকে বিষাক্ত কার্বন মোনোক্সাইড তৈরি হয়। এই গন্ধ ও বর্ণহীন গ্যাসের কারণে মৃত্যুও হয়।

বেশি ঠাণ্ডায় বাইরে গেলে কয়েক স্তরের গরম কাপড় পরা, নাক, মুখ, কান ভালো মতো ঢাকা, হাতে গ্লাভস পরা উচিত। এগুলো ‘ফ্রস্টবাইট’ বা ঠাণ্ডার কারণে হওয়া ত্বকের প্রদাহ থেকেও রক্ষা করে।

‘ফ্রস্টবাইট’য়ের লক্ষণ হল- যেখানে ঠাণ্ডার কামড় লাগে সেখানকার ত্বক সাদা বা হলুদাভ হয়ে যায় আর অসাড় বোধ হয়। এই সমস্যারও চিকিৎসা হল- নিজেকে দ্রুত উষ্ণ করার ব্যবস্থা করা। গরম নয় বরং উষ্ণ গরম পানির ভাব দেওয়া।

আরও পড়ুন

পুরনো খবর:

শীতে ঘর গরম রাখার উপায়
যেসব কারণে শীত শীত লাগে
যে কারণে শীতে আলসেমি করতে ইচ্ছে জাগে
শীতের বিষণ্নতা এড়াতে চাইলে