২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাড়ের সংযোগে ব্যথা, মোটেই নয় অবহেলা

হাঁটুতে ব্যথা, কোমরে টান, আঙুল নাড়াতে কষ্ট— এগুলোকে ‘বয়সের দোষ’ ভেবে অবহেলা করা যাবে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 04:02 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

হাঁটুতে ব্যথা, কোমরে টান, আঙুল নাড়াতে কষ্ট, ঘাড় শক্ত হয়ে যাওয়া— এসব প্রায়ই হালকাভাবে নেওয়া হয়।

অনেকেই ভাবেন, বয়স বাড়লে এমন হবেই, কাজের চাপ বেশি বলেই ব্যথা। ‘জয়েন্ট’ বা হাড়ের জোড়ে ব্যথা অনেক সময় গুরুতর ‘রুম্যাটিক’ রোগের লক্ষণ।

সময়মতো ধরা না পড়লে হাড়ের জোড় স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, চলাফেরায় অক্ষমতা দেখা দেয়, এমনকি কিডনি বা বৃক্ক এবং ফুসফুসও আক্রান্ত হতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “জয়েন্টের ব্যথা কোনো রোগ নয়— এটি একটি লক্ষণ। এর পেছনে অস্টিওআর্থ্রাইটিস, রুম্যাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, গাউট-সহ শতাধিক রোগ লুকিয়ে থাকতে পারে। দীর্ঘদিন ব্যথা সহ্য করলে রোগ আরও জটিল হয়ে যায়।”

রুম্যাটোলজি বলতে যা বোঝায়

এটা চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে জয়েন্ট বা হাড়ের জোড়, হাড়, পেশি ও রোগপ্রতিরোধ ব্যবস্থার সঙ্গে জড়িত জটিল রোগের চিকিৎসা করা হয়।

এর আওতায় শতাধিক রোগ রয়ে, যেমন- রুম্যাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, গাউট, ভ্যাসকিউলাইটিস।

এসব রোগ শুধু হাড়ের সংযোগে নয়— বৃক্ক, ফুসফুস, চোখ, ত্বক, হৃদযন্ত্রকেও আক্রান্ত করে।

বাংলাদেশে এই রোগের হার কম নয়। মধ্যবয়সী ও বয়স্কদের পাশাপাশি শিশু-তরুণরাও আক্রান্ত হয়।

প্রধান রোগ ও লক্ষণ

অস্টিওআর্থ্রাইটিস: হাড়ের তরুণাস্থি ক্ষয়ে যাওয়ার কারণে ব্যথা। সাধারণত বয়সজনিত, তবে ওজন বেশি থাকলে বা আঘাতের কারণেও হয়।

রুম্যাটয়েড আর্থ্রাইটিস: ‘অটোইমিউন’ রোগ। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজের ‘জয়েন্ট’ আক্রমণ করে। সকালে দীর্ঘক্ষণ জয়েন্ট শক্ত থাকে, একাধিক জয়েন্টে ফোলা-ব্যথা হতে পারে।

লুপাস: জটিল অটোইমিউন রোগ। জয়েন্টের পাশাপাশি কিডনি, ত্বক, হৃদযন্ত্র আক্রান্ত হয়। ত্বকে র‌্যাশ দেখা দেয়, জ্বর আসতে পারে, ওজন কমে যায়।

গাউট: ইউরিক অ্যাসিড জমে হঠাৎ তীব্র ব্যথা।

অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস: মেরুদণ্ড ও কোমরের সংযোগ বা জয়েন্ট শক্ত হয়ে যায়।

কখন ডাক্তারের কাছে যাবেন?

সকালে উঠে দীর্ঘক্ষণ জয়েন্ট শক্ত থাকা, একাধিক জয়েন্টে ব্যথা-ফোলা, দীর্ঘদিন ব্যথা, অকারণে জ্বর, ওজন কমে যাওয়া, ত্বকে র‌্যাশ— এসব লক্ষণ দেখলে দেরি না করে ‘রুম্যাটোলজিস্ট’-এর কাছে যান।

সাধারণ ব্যথানাশক খেয়ে অপেক্ষা করলে রোগ জটিল হয়। দীর্ঘদিন ব্যথা সহ্য করা শক্তির পরিচয় নয়— এটি সচেতনতার অভাব।

দৈনন্দিন জীবনযাপনের প্রভাব

অতিরিক্ত ওজন, দীর্ঘক্ষণ বসে কাজ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস— এসব হাড়ের জোড়ে চাপ বাড়ায়। নিয়মিত হালকা ব্যায়াম, সুষম খাবার, ওজন নিয়ন্ত্রণ রোগ দূরে রাখতে সাহায্য করে।

নারীদের মধ্যে রুম্যাটয়েড আর্থ্রাইটিস ও লুপাস বেশি দেখা যায়— হরমোন, জিনগত ও রোগপ্রতিরোধের পার্থক্যের কারণে। মানসিক চাপও এই রোগ বাড়ায়।

চিকিৎসা ও প্রতিকার

নিয়মিত ব্যথানাশক খাওয়া ঝুঁকিপূর্ণ। কিডনি বা বৃক্ক, লিভার বা যকৃত ও পাকস্থলীর ক্ষতি হতে পারে।

চিকিৎসকের পরামর্শে ওষুধ, ফিজিওথেরাপি, ব্যায়াম দরকার। গরম বা ঠাণ্ডা সেঁক কার্যকর।

“অনেক রোগ পুরোপুরি ভালো না হলেও নিয়মিত চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা যায়। ভেষজ বা লোকজ চিকিৎসা বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া ক্ষতিকর”- বলেন ডা. নয়ন।

দেশে চিকিৎসা

সরকারি হাসপাতালে রুম্যাটোলজি চিকিৎসা সহজলভ্য। শুরুতে চিকিৎসা নিলে খরচ ও জটিলতা কম।

আরও পড়ুন

মাথায় নয়, মনের গভীরে লুকিয়ে আছে ব্যথার সমাধান

ব্যথা করা যাবে না হেলা

পানিশূন্যতা থেকে হতে পারে বুকে ব্যথা

শরীর ব্যথা নিয়ে ঘুম থেকে ওঠার যত কারণ