গলা-ব্যথায় যেসব খাবার খেতে নেই
এমনকি বেশি গরম খাবারও গলা-ব্যথা বাড়িয়ে দিতে পারে।
ঠাণ্ডা, ফ্লু, অ্যালার্জি বা মৌসুমি সংক্রমণে গলা-ব্যথা হওয়া খুবই সাধারণ একটি উপসর্গ। আবার অনেক সময় দীর্ঘ সময় কথা বলা, গান গাওয়া কিংবা শুষ্ক বাতাসেও গলা শুষ্ক ও জ্বালাপোড়া হতে পারে।
তবে গলা-ব্যথার সময়ে কী খাচ্ছেন, সেটাও সুস্থ হওয়ার সময় ও আরাম— দুই বিষয়কেই প্রভাবিত করে।
গলা-ব্যথার সময় এমন খাবার বেছে নিতে হবে যা প্রদাহ কমায়। আর যেগুলো গলার নরম ‘টিস্যু’ বা কোষকলাকে আরও ক্ষতিগ্রস্ত বা শ্লেষ্মা (মিউকাস) বাড়ায়, সেগুলো একেবারেই এড়িয়ে চলতে হবে।
টক ও অম্লীয় খাবার
গলা ব্যথা থাকলে প্রথমেই বাদ দিতে হবে টক-ধর্মী খাবার। যেমন- লেবুর রস, কমলার রস, টমেটো বা টমেটো সস।
যুক্তরাষ্ট্রের ‘সিম্পলি ওয়েলনেস’-এর প্রতিষ্ঠাতা পুষ্টিবিদ সামান্থা পিটারসন রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই খাবারগুলোর অম্লীয় উপাদান গলার প্রদাহ আরও বাড়ায়, ফলে জ্বালা ও ব্যথা বেড়ে যায়।”
এর পরিবর্তে বেছে নেওয়া যায় নরম ও মিষ্টি ফল, যেমন- কলা, পেঁপে বা আম। এগুলো গলায় কোনো জ্বালা সৃষ্টি করে না এবং সহজে হজম হয়।
অতিরিক্ত মসলাযুক্ত খাবার
অনেকে গলা ব্যথার সময় ঝাল বা মসলাযুক্ত খাবার খেয়ে থাকেন, মনে করেন এতে গলা খুলে যাবে। তবে এটি উল্টো ক্ষতি করে।
মার্কিন পুষ্টিবিদ ম্যাডি পাসকারিয়েলো একই প্রতিবেদনে বলেন, “ঝাল খাবারে গলা আরও জ্বালাপোড়া করে, বিশেষ করে যদি গলা-ব্যথার সঙ্গে কাশি থাকে।”
তবে মসলার স্বাদ একেবারে ছাড়তে না পারেন, তাহলে স্যুপ বা ঝোলজাতীয় খাবারে স্বাভাবিকের চেয়ে অনেক কম মরিচ বা মসলা ব্যবহার করা যায়। গলা পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত ঝাল-মসলা কমানোই শ্রেয়।
শুকনো ও খসখসে খাবার
ক্র্যাকার, বিস্কুট টোস্ট, চিপস এসব শুকনো ও খসখসে খাবার গলা ব্যথার সময় একেবারেই খাওয়া উচিত নয়।
পিটারসন বলেন, “এই ধরনের খাবার গলার ভেতরের ব্যথাযুক্ত অংশে ঘষা লাগে, যা ক্ষতকে আরও বাড়িয়ে তোলে।”
এর পরিবর্তে বেছে নিতে হবে নরম ও আর্দ্র খাবার। যেমন- আলুর ভর্তা, ওটস, হালকা গরম স্যুপ বা ফলের স্মুদি।
এগুলো গলার প্রদাহ কমায়, সহজে গিলে খাওয়া যায় এবং শরীরকে প্রয়োজনীয় আর্দ্রতা দেয়।
অতিরিক্ত গরম খাবার ও পানীয়
অনেকে গলা-ব্যথার সময় খুব গরম চা বা ঝোল খেতে পছন্দ করেন। কারণ এতে সাময়িক আরাম পাওয়া যায়।
তবে বিশেষজ্ঞদের মতে- অতিরিক্ত গরম খাবার বা পানীয় গলার নরম কোষ পুড়িয়ে দিতে পারে, যা প্রদাহকে আরও বাড়িয়ে দেয়। হালকা গরম চা বা স্যুপ সবচেয়ে উপযোগী।
অ্যালকোহলজাতীয় পানীয়
অনেকে মনে করেন অ্যালকোহল গলা জীবাণুমুক্ত করে, তবে তা সম্পূর্ণ ভুল ধারণা।
পাসকারিয়েলো স্পষ্ট করে বলেন, “অ্যালকোহল গলা আরও শুষ্ক করে তোলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরকে পানিশূন্য করে।”
তাই গলা ব্যথার সময় অ্যালকোহল সম্পূর্ণভাবে এড়িয়ে চলা উচিত। পরিবর্তে গরম স্যুপ, হালকা গরম চা পর্যাপ্ত পানি পান করতে হবে।
দুধ ও দুগ্ধজাত খাবার
পিটারসনের মতে- ঠাণ্ডা দুধ বা আইসক্রিম খেলে প্রথমে একটু আরাম লাগলেও, অনেকের ক্ষেত্রে এগুলো গলার শ্লেষ্মা ঘন করে তোলে, যা কাশি ও অস্বস্তি বাড়ায়। গরম দুধ বা ক্রিম সসও একইভাবে ক্ষতিকর হতে পারে।
এর পরিবর্তে তিনি পরামর্শ দেন- বাদাম দুধ, নারকেল দুধ বা দই দিয়ে তৈরি স্মুদি খেতে।
“স্বাভাবিক তাপমাত্রা প্রদাহ কমায় এবং উদ্ভিজ্জ দুধ শ্লেষ্মা তৈরি করে না,” বলেন পিটারসন।
ক্যাফিনযুক্ত পানীয়
চা, কফি বা কোলা ধর্মী পানীয়তে থাকা ক্যাফিন শরীরকে পানিশূন্য করে তোলে, ফলে গলা আরও শুকিয়ে যায়।
এছাড়া ক্যাফিন ঘুমের ব্যাঘাত ঘটায়। অথচ ভালো ঘুমই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পিটারসন পরামর্শ দেন, “ক্যাফিনের বদলে হারবাল চা পান করতে হবে। যেমন- ক্যামোমাইল, লিকোরিস রুট, মার্শম্যালো রুট বা স্লিপারি এলম বাক চা।”
চাইলে এরসাথে এক চা-চামচ কাঁচা মধু যোগ করা যেতে পারে, যা গলার প্রদাহ কমায় ও ব্যাক্টেরিয়া প্রতিরোধে সাহায্য করে।
আরও পড়ুন
