Published : 24 Feb 2025, 07:38 PM
মনে হচ্ছে কি ঠাণ্ডা জ্বরে আক্রান্ত হবেন? তবে খেতে পারেন রসুন।
সেই প্রাচীনকাল থেকেই ঠাণ্ডা-সর্দি-কাশির সমস্যায় ব্যবহার হয়ে আসছে এই মসলা। এজন্য কার্যকর ভূমিকা রাখে রসুনে থাকা উপাদান ‘অ্যালিসিন’।
এই তথ্য জানিয়ে নিউ ইয়র্ক’য়ের পুষ্টিবিদ বনি টাউব-ডিক্স ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “অ্যালিসিন’য়ে রয়েছে শক্তিশালী মাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।”
বিভিন্ন গবেষণাতেও মিলেছে প্রমাণ।
‘প্রিভেন্টিভ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স’য়ের প্রকাশিত গবেষণার উদ্ধৃতি দিয়ে এই পুষ্টিবিদ জানান, অংশগ্রহণকারীদের দৈনিক ‘গার্লিক সাপ্লিমেন্ট’ (১২ সপ্তাহ ধরে দৈনিক ১৮০ মিলিগ্রাম অ্যালিসিন) গ্রহণ করানোর পর দেখা গেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় ঠাণ্ডার সমস্যা কম হয়েছে।
এছাড়া ‘ট্রেন্ডস ইন ফুড অ্যান্ড সায়েন্স টেকনোলজি’তে প্রকাশিত গবেষণায় জানানো হয়, রসুনে থাকা ‘অর্গানোসালফার’ অর্থাৎ খনিজ সালফার সমৃদ্ধ উপাদান রয়েছে যা একটি ভাইরাস-রোধী হিসেবে কাজ করে।
ব্রকলি ও পেঁয়াজেও এই উপাদান পাওয়া যায়।
কাঁচা রসুনের চারটি সম্ভাব্য উপকারিতা
শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, দেহের সুস্থতায় নানানভাবে ভূমিকা রাখে রসুন। আর এই মসলা প্রায় সব রান্না ঘরেই পাওয়া যায়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: রসুন রোগ প্রতিরোধ ক্ষমতার কোষ, যেমন- ‘ম্যাক্রোফেজেস’ এবং ‘টি অ্যান্ড বি সেলস’য়ের উদ্দিপনা তৈরি করে রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।
এই তথ্য জানিয়ে মার্কিন চিকিৎসক উইলিয়াম লি. আরও বলেন, “গবেষণায় দেখা গেছে রসুনের রস রোগ প্রতিরোধ ক্ষমতার কোষের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে।”
ঠাণ্ডার সমস্যা প্রতিহত করতে: সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা ছাড়াও ‘অ্যালিসিন’য়ের ভাইরাসরোধী উপাদান সাধারণ ঠাণ্ডা জ্বর হওয়া থেকে দূরে রাখতে সাহায্য করে।
হৃদস্বাস্থ্যের জন্য উপকারী: রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ছাড়াও এই মসলায় রয়েছে হৃদস্বাস্থ্যের জন্য উপকারী উপাদান।
ডা. লি বলেন, “এজন্য নিয়মিত রসুন খাওয়া উপকারী।”
এরমধ্যে রয়েছে-
কিছু ক্যান্সার থেকে রক্ষা করে: যদি এই নিয়ে গবেষণা কম হয়েছে। তারপরও দেখা গেছে রসুনের রয়েছে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করার মতো গুণ। এর কারণ হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব।
হজমতন্ত্র সংক্রান্ত বিভিন্ন ক্যান্সার যেমন- পাকস্থলী, মলাশয় এবং এসোফাজিওল ক্যান্সার।
যে পরিমাণ খাওয়া প্রয়োজন
“সাধারণ ঠাণ্ডা-জ্বরের সমস্যায় প্রতিদিন এক থেকে দুটি রুসন খাওয়ার চেষ্টা করতে হবে” পরামর্শ দেন ডা. লি।
এরচেয়ে বেশি খেলে অ্যাসিড রিফ্লাক্স, পেট খারাপ হতে পারে। এছাড়া ‘গার্লিক ব্রেথ’ বা নিঃশ্বাসে রসুনের গন্ধ হওয়ার সমস্যাও দেখা দিতে পারে।
ছবির মডেল: শিহাব শাহরিয়ার। মেইকআপ: আহান রহমান। ফটোগ্রাফার: কেএ রহমান। স্টুডিও: ইমাজিনইট।
আরও পড়ুন