২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোলেস্টেরল নিয়ন্ত্রণের অভ্যাস

ছোটখাট অভ্যাস পরিবর্তনের মধ্যেই আছে সুস্থ থাকার পন্থা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 02:31 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

রক্তে উচ্চ কোলেস্টেরলকে প্রায়শই ‘গোপন শত্রু’ বলা হয়। এটি ধীরে ধীরে হৃদরোগ ও স্ট্রোকের মতো গুরুতর সমস্যা সৃষ্টি করে, কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন জানান, রক্তে দুই ধরনের কোলেস্টেরল থাকে— খারাপ (এলডিএল) এবং ভালো (এইচডিএল)।

খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লে ধমনিতে ‘প্লাক’ জমে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। সৌভাগ্যবশত- জীবনধারা ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে ওষুধ ছাড়াই এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রথমত- দ্রবণীয় আঁশযুক্ত খাবার বাড়াতে হবে। ওটস, ডাল, চিয়া বীজ, তিসি বীজের মতো খাবারে দ্রবণীয় আঁশ থাকে, যা পেটে জেলির মতো পদার্থ তৈরি করে কোলেস্টেরলকে আটকে রক্তে মিশতে বাধা দেয় এবং বর্জ্য হিসেবে বের করে দেয়।

দ্বিতীয়ত- খাদ্যতালিকায় উদ্ভিজ্জ খাবারের পরিমাণ বাড়াতে হবে। ফলমূল, শাকসবজি, বাদাম ও বীজে- ‘স্টেরল’ এবং ‘স্ট্যানল’ নামক উদ্ভিজ্জ চর্বি থাকে, যা রক্তে কোলেস্টেরল শোষণ কমায়।

তৃতীয়ত- ক্ষতিকর চর্বি এড়িয়ে স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করা। প্রক্রিয়াজাত ও ভাজাপোড়া খাবারে ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা খারাপ কোলেস্টেরল বাড়ায়।

চতুর্থত- প্রতিদিন সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট দ্রুত হাঁটা বা অন্য শারীরিক কার্যকলাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় এবং কোলেস্টেরলকে যকৃতে পাঠিয়ে নিষ্কাশনে সহায়তা করে।

পঞ্চমত- পরিশোধিত শর্করা ও চিনি কমানো। চিনিযুক্ত পানীয়, ক্যান্ডি, পেস্ট্রি- ট্রাইগ্লিসারাইড বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি সৃষ্টি করে।

এই পরিবর্তনগুলো দীর্ঘমেয়াদি অভ্যাসে পরিণত করলে কোলেস্টেরল প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হবে, বলে মত দেন ডা. নয়ন।

তবে উচ্চ মাত্রার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য।

আরও পড়ুন

‘ভালো কোলেস্টেরল’ সব সময় ভালো নাও হতে পারে

যেভাবে বোঝা যায় কোলেস্টেরলের মাত্রা বেশি

যেসব লক্ষণ থাকলে কোলেস্টেরল পরীক্ষা করানো জরুরি