‘ভালো কোলেস্টেরল’ সব সময় ভালো নাও হতে পারে
আসল বিষয় হল খারাপ কোলেস্টেরলের মাত্রা কম রাখা।
সাধারণভাবে প্রতিষ্ঠিত হল- ‘লো-ডেনসিটি লিপোপ্রোটিন (এলডিএল)’, বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম রাখতে পারলে হৃদসংক্রান্ত রোগ হওয়ার সম্ভাবনা কমে।
এর কারণ, অতিরিক্ত মাত্রায় এলডিএল ধমনির দেয়ালে জমে ‘প্লাক’ তৈরি করে, যা হৃদযন্ত্র বা মস্তিষ্কে রক্তসঞ্চালনে বাধা সৃষ্টির মাধ্যমে ‘হার্ট অ্যাটাক’ বা ‘স্ট্রোক’ এর ঝুঁকি বাড়ায়।
অন্যদিকে ‘হাই-ডেনসিটি লিপোপ্রোটিন (এইচডিএল)- সাধারণত ভালো কোলেস্টেরল হিসেবে চিহ্নিত করা হয়। যা হৃদস্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
তবে এই কোলেস্টেরল কোনো কোনো ক্ষেত্রে ক্ষতির কারণও হতে পারে।
গবেষণায় দেখা গেছে- হৃদসংক্রান্ত রোগের ঝুঁকি কমাতে এইচডিএল যেখানে কাজ করে, সেখানে এর মাত্রা পরিমাণের চেয়ে কম থাকলে উল্টো ক্ষতি করতে পারে।
এই তথ্য জানিয়ে ‘হার্ভার্ড-অ্যাফিলিয়েটেড ব্রিঘাম অ্যান্ড উইমেন’স হসপিটাল’য়ের ‘প্রিভেন্টিভ কার্ডিওলজি’ বিভাগের পরিচালক ডা. জর্জ প্লাজকি বলেন, “এখনও আমরা ‘এইচডিএল’ সম্পর্কে পুরোপুরি জানি না। তবে পরিষ্কার প্রমাণ পাওয়া গেছে যে, ‘এলডিএল’ এর মাত্রা কম রাখাটাই আসল বিষয়।”
যে কারণে ‘এইচডিএল’ সবসময় ভালো নয়
হার্ভার্ড হেল্থ পাবলিশিং’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- কিছু এইচডিএল’য়ের কণা রক্তপ্রবাহ ও ধমনীর দেয়াল থেকে অতিরিক্ত কোলেস্টেরল সংগ্রহ করে পাঠিয়ে দেয় লিভার বা যকৃতে। সেখানে কোলেস্টেরল’কে অক্ষতিকর কণায় ভেঙে ফেলে। যে কারণে ‘এইচডিএল’কে বলা হয় ‘ভালো’।
তবে এই গল্প এত সরল নয়। কারণ এইচডিএল কোনো একক কণা নয়, বরং নানান ধরনের কণার সংমিশ্রণ। কোনটা দেখতে গোলাকার, কোনটা সুঁচালো। এই ভিন্নতার মানে হল, সব এইচডিএল একইভাবে কাজ করে না।
কিছু কণা কোলেস্টেরল ধরতে খুব ভালো কাজ করে। আবার কিছু কণা উল্টো যকৃতে না দিয়ে কোলেস্টেরল পাঠিয়ে দেয় রক্ত-প্রবাহে।
এইচডিএল’য়ের বৃদ্ধিতে উপকারিতা বাড়ে না। বরং এই কোলেস্টেরলের মাত্রার ক্ষেত্রে বংশগতী মুখ্য ভূমিকা পালন করে।
বংশগত কারণে যেসব পুরুষের রক্তে এই কোলেস্টেরলের মাত্রা প্রতি ডিসিলিটার রক্তে ৪০ মিলিগ্রামের চেয়ে কম থাকে, তাদের হৃদসংক্রান্ত রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। অনেক বিশেষজ্ঞই মনে করেন- এইচডিএল’য়ের মাত্রা ৪০ থেকে ৮০ মিলিগ্রাম থাকাটা হচ্ছে সুবিধাজনক।
বেশি এইচডিএল মানেই কি ভালো?
যেখানে ‘এলডিএল’য়ের মাত্রা কম থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ অন্যান্য হৃদসংক্রান্ত রোগের ঝুঁকি কমে, সেখান এইচডিএল’য়ের মাত্রা বেশি রাখা মানেই যে উপকারী প্রভাব ফেলবে, সেটাও ঠিক নয়।
গবেষণার জন্য ‘এইচডিএল’য়ের মাত্রা বাড়ানোর ওষুধ দেওয়া হয়েছিল অংশগ্রহণকারীদের। তবে ফলাফল ছিল হতাশাজনক।
কারও কারও ক্ষেত্রে এইচডিএল’য়ের মাত্রা ৬০ শতাংশ বৃদ্ধির পরও হৃদরোগের ঝুঁকি বা ধমনী আটকে যাওয়ার বিষয়টি কমেনি।
২০২২ সালে ‘জামা কার্ডিওলজি’তে প্রকাশি গবেষণায় দেখা গেছে- যাদের এইচডিএলের মাত্রা খুব বেশি (৮০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার বেশি) ছিল, তাদের হৃদরোগে মারা যাওয়ার সম্ভাবনা এইচডিএল (৩০ মিলিগ্রাম/ডেসিলিটার বা তার কম) রোগীদের মতো একই ছিল।
এলডিএল’য়ের দিকে মনোযোগ দেওয়া
যদি হৃদসংক্রান্ত রোগ থাকে বা এই ধরনের রোগের ঝুঁকি তৈরি হয় তবে এলডিএল’য়ের মাত্রা কম রাখার দিকে মনোযোগী হতে হবে। আর তা হল রক্তের প্রতি ডিসিলিটারে ৭০ মিলিগ্রামের কম। যদিও অনেক অভিজ্ঞ চিকিৎসক ৫৫ মিলিগ্রামের নিচে রাখার পরামর্শ দেন।
এক্ষেত্রে জীবনযাত্রার পরিবর্তন গড় ঝুঁকির মাত্রা কমাতে পারে। এর মধ্যে রয়েছে খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং ওজন নিয়ন্ত্রণ।
এইচডিএল ব্যবস্থাপনায় যেভাবে নজর দেওয়া উচিত
বংশগতির মাধ্যমে এইচডিএল’য়ের মাত্রা প্রাথমিকভাবে নিয়ন্ত্রিত হয়। তাই এই কোলেস্টেরলের মাত্রা কম থাকলে কী হৃদসংক্রান্ত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়?
উত্তরে ডা. প্লাজকি বলেন, “নিয়মিত ব্যায়াম করলে আর স্বাস্থ্যকর সবজি-ধর্মী খাদ্যাভ্যাস গড়লে এইচডিএল’য়ের মাত্রা প্রায়ই বাড়ে। আর স্বাস্থ্যকর জীবনযাপন করলে ‘এলডিএল’য়ের মাত্রাও কমে। ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার ঝুঁকিও হ্রাস পায়।”
“তাই বলা যায় না যে, এইচডিএল’য়ের মাত্রা অল্প বৃদ্ধি এই পরিস্থিতির উন্নতি ঘটায়”- মন্তব্য করেন তিনি।
তাই এইচডিএল’য়ের দিকে নজর না দিয়ে বরং এলডিএল কমানোর দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।
তার কথায়, “এইচডিএল’য়ের মাত্রা যাই থাকুক না কেনো, হৃদসংক্রান্ত রোগের ঝুঁকি কমাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এলডিএল’য়ের মাত্রা কমানোর দিকে।”
আরও পড়ুন
