২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফারেনজাইটিস’ কী? এটি হলে কী হয়?

শুষ্ক কাশি, গলাব্যথা কিংবা অস্বস্তি- এগুলো হতে পারে ‘ফারেনজাইটিস’য়ের লক্ষণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 03:38 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

গলা ব্যথা, গিলতে অসুবিধা, শুকনো ভাব বা গলায় অস্বস্তি— এমন সমস্যা প্রায় সবারই কখনও না কখনও হয়।

অনেক সময় এটি সাধারণ সর্দি-কাশির সঙ্গে চলে যায়, তবে মাঝে মধ্যে এর পেছনে থাকে ‘ফারেনজাইটিস’।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “ফারেনজাইটিস হল- গলার পেছনের অংশ ‘ফ্যারিনক্স’য়ের প্রদাহ। এটি সাধারণত ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে হয়।”

সঠিক যত্নে বেশিরভাগ ক্ষেত্রে চার থেকে সাত দিনের মধ্যে সেরে যায়। তবে অবহেলা করলে জটিলতা বাড়তে পারে।

ফারেনজাইটিস হওয়ার কারণ

‘ফ্যারিনক্স’ হল- গলার পেছনের ফাঁপা নালী, যা নাক ও মুখকে খাদ্যনালী এবং শ্বাসনালীর সঙ্গে যুক্ত করে। এর দৈর্ঘ্য প্রায় ১২ থেকে ১৩ সেন্টিমিটার।

ফারেনজাইটিস হলে এই অংশে প্রদাহ হয়। প্রধান কারণগুলো-

ভাইরাস সংক্রমণ: সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য ভাইরাস থেকে সবচেয়ে বেশি হয়।

ব্যাক্টেরিয়ার সংক্রমণ: ‘স্ট্যাপ্টোককাস’ ব্যাক্টেরিয়া থেকে হয়, যা ‘স্ট্যাপ থ্রোট’ নামে পরিচিত।

অন্যান্য কারণ: অতিরিক্ত ঠাণ্ডা খাবার, ঠাণ্ডা পরিবেশ, ধূমপান, ইনহেলারের অপব্যবহার, শুকনা বাতাস বা রোগজীবাণু প্রবেশ।

লক্ষণগুলো হতে পারে

ফ্যারিনজাইটিসের সবচেয়ে সাধারণ লক্ষণ হল- গলাব্যথা। গিলতে কষ্ট হয়, গলা শুকনো লাগে, কখনও কাশি হয়।

টনসিল ফুলে যেতে পারে, গলা লাল হয়, মৃদু জ্বর আসতে পারে।

গলার ‘লিম্ফনোড’ বা গ্রন্থি ফুলে যাওয়াও দেখা যায়।

ডা. আফসানা হক নয়ন বলেন “গলাব্যথা হলেই অস্থির হয়ে পড়বেন না। লবণ পানির গার্গল, পর্যাপ্ত বিশ্রাম ও পানি গ্রহণ— এই সহজ উপায়গুলো অনুসরণ করুন। স্বাস্থ্যবিধি মেনে চললে ফ্যারিনজাইটিসের ঝুঁকি অনেক কমবে।”

শীত-গ্রীষ্ম যেকোনো ঋতুতেই সতর্ক থাকা উচিত।

এই চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা ও প্রতিরোধের উপায়গুলো হল-

ঘরোয়া যত্ন: লবণ পানি দিয়ে গার্গল করা। গরম পানিতে মধু, লেবুর রস ও তুলসি পাতার রস মিশিয়ে অল্প অল্প পান করা। পর্যাপ্ত পানি পান ও বিশ্রাম নেওয়া।

ওষুধ: ভাইরাসজনিত হলে উপসর্গভিত্তিক ওষুধ (প্যারাসিটামল) দেওয়া হয়। ব্যাক্টেরিয়াজনিত হলে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে হতে পারে।

প্রতিরোধ: ধূমপান ত্যাগ করতে হবে। ঠাণ্ডা খাবার কম খাওয়া ও মুখের স্বাস্থ্যবিধি মেনে চলুন জরুরি। ইনহেলার ব্যবহারের পর মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন

ঠাণ্ডা-কাশি থেকে রেহাই পেতে যে মসলা কার্যকর

এই সময়ে গলাব্যথা? জেনে নিন ঘরোয়া সমাধান

৬ ধরনের খাবার গলা ব্যথায় এড়ানো উচিত