এই সময়ে গলাব্যথা? জেনে নিন ঘরোয়া সমাধান
মধু, পুদিনা, আদা, রসুন- প্রাকৃতিক উপাদান ব্যবহারে কমানো যায় গলাব্যথা।
ঋতু পরিবর্তনের সময় গলা ব্যথা, গলা চুলকানো বা গলা জ্বালাপোড়া— এসব সমস্যা এখন অনেকেরই নিত্যদিনের সঙ্গী।
আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শরীর অনেক সময় লড়াই করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে যায়। ফলে সামান্য ঠাণ্ড লাগলেই গলায় জ্বালা বা ব্যথা শুরু হয়।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “গলা ব্যথা সাধারণত ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সংক্রমণের কারণে হয়। এটি স্বাভাবিকভাবে তিন থেকে সাত দিনের মধ্যে সেরে যায়।”
“প্রাথমিকভাবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে আরাম পাওয়া যায়। তবে অসুস্থতা সারতে সময় লাগলে বা জ্বর, গিলতে অসুবিধা, গলায় ফোলা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে”- বলেন এই চিকিৎসক।
মধু: প্রকৃতির সেরা প্রদাহ-বিরোধী
মধু প্রাকৃতিক প্রদাহ-বিরোধী। এটি গলার জ্বালা কমাতে ভালো কাজ করে। মধুতে ব্যাক্টেরিয়া রোধী গুণ আছে। এটি গলার পেছনে জমা ব্যাক্টেরিয়া কমাতে সাহায্য করে।
এক চামচ খাঁটি মধু সরাসরি খেতে পারেন। অথবা গরম পানি বা চায়ের সঙ্গে মিশিয়ে খান। এক বছরের বেশি বয়সি শিশু ও বড়দের জন্য মধু নিরাপদ।
তবে এক বছরের কম বয়সি শিশুর জন্য মধু দেওয়া যাবে না। মধু গলার প্রদাহ কমায় এবং গিলতে আরাম দেয়।
চা: উষ্ণতা ও প্রদাহ কমানোর দ্বৈত উপকার
গরম চায়ের উষ্ণতা গলার জ্বালা কমাতে সাহায্য করে। ক্যামোমাইল চা বা আদা চায়ে প্রদাহ-বিরোধী গুণ আছে।
গরম চায়ের সঙ্গে মধু মিশিয়ে পান করলে দ্বিগুণ উপকার হয়। পছন্দমতো যে কোনো চা বেছে নেওয়া যায়।
তবে অতিরিক্ত গরম চা গলায় জ্বালা বাড়াতে পারে, তাই সাবধান। চা গলার পেশি শিথিল করে এবং গিলতে আরাম দেয়।
পুদিনা পাতা: সতেজতা ও প্রদাহ কমানোর দারুণ সমন্বয়
পুদিনা পাতা সুস্বাদু ও সতেজ। এতে প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য আছে। পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে পান করা উপকারী। বা পুদিনা পাতা চিবিয়ে খেলেও গলার জ্বালা কমে।
তবে পুদিনা রক্তচাপ বাড়াতে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত পুদিনা খেলে পেটে অস্বস্তি হতে পারে।
আদা ও রসুন: প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক
আদা চিবিয়ে খেলে গলার জ্বালা কমে। আদা চায়ে মধু মিশিয়ে পান করলেও উপকার হয়। রসুনের কোঁয়া চিবিয়ে খেলে অ্যান্টিবায়োটিক গুণ সংক্রমণ কমাতে সাহায্য করে। তবে এই মসলার গন্ধ অনেকের কাছে অস্বস্তিকর।
রসুন গলার প্রদাহ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
অন্যান্য সহজ উপায়
গরম লবণ পানি দিয়ে ‘গার্গল’ করলে গলার জ্বালা কমে। দিনে তিন-চারবার করা উপকারী। গলাব্যথা হলে অবহেলা করা যাবে না। প্রচুর পানি পান করতে হবে।
গলা শুকিয়ে গেলে ব্যথা বাড়ে। ধূমপান বা ধোঁয়া এড়িয়ে চলতে হবে। গলা ব্যথা তিন-চার দিনের বেশি থাকলে বা জ্বর, গিলতে অসুবিধা, গলায় ফোলা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আরও পড়ুন
