২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বুকের মাঝে কষ্ট চেপে রাখার কুফল

মুখের ভাব লুকিয়ে রাখা গেলেও, শরীর তার সব হিসাব নিখুঁতভাবে কড়ায়-গণ্ডায় মনে রাখে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

পারিবারিক বা কর্মক্ষেত্রে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলে সাময়িকভাবে নিজের রাগ, দুঃখ কিংবা কান্না চেপে রাখা অনেকের কাছেই ‘সাহসী’ ভুমিকা বলে মনে হয়। সাময়িক পরিবেশ শান্ত রাখতে বা নিজেকে শক্ত দেখাতে মানুষ অবচেতনেই নিজের তীব্র অনুভূতিগুলোকে মনের গভীরে জোর করে ঠেলে দেয়।

তবে মনস্তত্ত্ব ও চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ক্ষতিকর আবেগগুলো এভাবে জোর করে লুকিয়ে রাখলে, সেসব বাতাসে উবে যায় না; বরং ভেতরে ভেতরে পুঞ্জীভূত হয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় অনুভূতির এই ক্ষতিকর অবদমনকে ‘ইমোশনাল সাপ্রেশন’ বা ‘আবেগ দমন’ বলা হয়।

‘রিয়েলসিম্পল ডটকম’-এ প্রকাশিত এক প্রতিবেদনে চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে নিজের কষ্ট লুকিয়ে রাখলে, তীব্র ব্যায়ামের চাইতেও বেশি শক্তি শরীর থেকে এক লহমায় শুষে নেয়।

স্বয়ংক্রিয় ‘ফাইট-অর-ফ্লাইট’ মোড ও অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন

টেক্সাসের লাইসেন্সপ্রাপ্ত থেরাপিস্ট কিনলে স্প্রিংস, গবেষণার তথ্যানুসারে জানান, মানুষ যখন নিজের কান্না বা ক্ষোভ বাইরে প্রকাশ না করে ভেতর ঠেলে দেয়, তখন বাইরে থেকে তাকে অনেক শান্ত মনে হতে পারে। তবে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, সেই সংবেদনশীল মুহূর্তে মানুষের শরীরের ভেতরে ‘সিমপ্যাথেটিক অ্যাক্টিভেশন’ বা স্নায়বিক উত্তেজনা তীব্রভাবে বাড়ে ‘স্পাইক’ করে। ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়ে হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে।

ইতিবাচক অনুভূতির স্থায়ী অবক্ষয় বা ‘ফ্ল্যাটনেস’

কানাডার লরেন থমাস মেডিকেল সেন্টারের মানসিক স্বাস্থ্য-বিষয়ক গবেষক ও মনস্তত্ত্ববিদ অ্যামি মসেট বলেন, “মানুষের মস্তিস্কে কোনো নির্দিষ্ট বা আলাদা সুইচ নেই যা দিয়ে শুধু নেতিবাচক আবেগগুলোকে (যেমন: রাগ বা কষ্ট) বন্ধ করে রাখা যায়।”

“যখন কেউ বছরের পর বছর ধরে নিজের মনের গভীরের দুঃখ বা রাগ চেপে রাখার জন্য মনের ‘ভলিউম ডাউন’ করে দেন, তখন অলক্ষ্যেই তার আনন্দের অনুভূতিগুলোও বোবা বা শান্ত হয়ে যায়। একে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ফ্ল্যাটনেস’ বা অসাড়তা বলা হয়, যেখানে মানুষ নিজের জীবনকেই কেবল কাচের ওপাশ থেকে এক বিষণ্ণ দর্শক হিসেবে দেখে। তবে কোনো কিছু মনেপ্রাণে উপভোগ করতে পারে না”, ব্যাখ্যা করেন তিনি।

মধ্যরাতের তীব্র দুশ্চিন্তা ও অবচেতন অনিদ্রা

চেপে রাখা আবেগ কখনও স্থায়ীভাবে উধাও হয় না; বরং সেটা এক সময় অবচেতন মন থেকে বিকশিত হয়ে রাতের ঘুমের ওপর মারাত্মক আঘাত হানে।

অ্যামি মসেটের মতে, “দিনের বেলা চেপে রাখা ক্ষোভ মধ্যরাতে হঠাৎ কোনো কারণ ছাড়াই তীব্র দুশ্চিন্তা বা খিটখিটে মেজাজ হিসেবে মস্তিস্কে উপচে পড়ে। ফলে রাত ২টা বা ৩টায় মগজের অনবরত চিন্তা বা ‘ওভারথিংকিং’ কিছুতেই থামানো যায় না, যা দীর্ঘমেয়াদী ইনসোমনিয়া বা অনিদ্রার সৃষ্টি করে।”

স্থায়ী কাঁধের ব্যথা, মাথা ব্যথা ও পেটের রোগ

চিকিৎসা অনুশীলনে দেখা গেছে, যে সমস্ত আবেগ মুখে বলা বা প্রকাশ করা হয় না, মানুষের শরীর সেগুলোকে স্থায়ীভাবে নিজের ভেতর বহন করতে শুরু করে। ফলে কোনো বাহ্যিক কারণ বা আঘাত ছাড়াই মানুষের চোয়াল বা কাঁধ অনবরত শক্ত হয়ে থাকে, তীব্র মাথা ব্যথা দেখা দেয় এবং ‘গাট-ব্রেন এক্সিস’ মানে অন্ত্রের সঙ্গে মস্তিষ্কের সংযোগের সংকটের কারণে পাকস্থলী ও পেটের দীর্ঘমেয়াদি গোলযোগ তৈরি হয়, যা সাধারণ কোনো ওষুধে বা বিশ্রামে ভালো হতে চায় না।

আবেগ নিয়ন্ত্রণে আনার নিয়ম

আবেগ চেপে না রেখে সুস্থ উপায়ে নিয়ন্ত্রণ করার জন্য বিশেষজ্ঞরা ৩টি সহজ পদ্ধতির কথা জানান।

সুনির্দিষ্ট সাধারণভাবে নাম দেওয়া: যখনই মনের ভেতর কোনো অশান্তি আসবে, তখন শুধু ‘আমি খুব খারাপ আছি’ না বলে, নিজের অনুভূতিকে একদম স্পষ্ট ভাষায় সংজ্ঞায়িত করা ভালো। যেমন- ‘আমি এখন চরম অপমানিত এবং হতাশ বোধ করছি’। এই সুনির্দিষ্ট লেবেল মস্তিস্ককে শান্ত করতে প্রথম সাহায্য করে।

অনুভূতির প্রকাশ তবে প্রতিক্রিয়া স্থগিত: রাগ বা দুঃখ অনুভব করা মানেই সঙ্গে সঙ্গে অন্য কারও ওপর চিৎকার করা নয়। অফিসে বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো ক্ষোভ তৈরি হলে মনে মনে বলতে হবে— ‘আমি এখন প্রচণ্ড রেগে আছি, তবে এই স্থান আমার প্রতিক্রিয়া দেখানোর সঠিক সময় নয়, আমি পরে বিষয়টি নিয়ে ভাবব’- এতে মগজের নিয়ন্ত্রণ বজায় থাকে।

শারীরিক কসরতের মাধ্যমে নিঃসরণ: যখন অতিরিক্ত আবেগে ভেসে যাবে, তখন মনের মেঘ কাটাতে ঘরের বাইরে গিয়ে দ্রুত হাঁটা, একটি কড়া ওয়ার্কআউট করা কিংবা হাত-পা স্ট্রেচিং করা উপকারী। কারণ নড়াচড়া মস্তিস্কের জমে থাকা টক্সিন বা দূষণ বের করে দিতে সাহায্য করে।

আরও পড়ুন

মন ভালো তো শরীর ভালো: মানসিক সুস্থতা যে কারণে জরুরি

নিয়ন্ত্রণহীন অপ্রয়োজনীয় কেনাকাটা এক ধরনের মানসিক সমস্যা

সবুজেই মিলতে পারে মনের শান্তি